চিকিৎসার নামে ভারতে নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১
চিকিৎসা করানোর নামে ভারতে নিয়ে প্রতারণার অভিযোগে তারেক আজম ওরফে বাবুল চৌধুরী (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতে চিকিৎসা করিয়ে দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।তারেক আজমকে ২ সেপ্টেম্বর গ্রেপ্তার করে রাজধানীর ধানমন্ডি থানার পুলিশ। এরপর মিরপুর থানায় এক ভুক্তভোগীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার তারেক আজম মানুষকে ভারতে নিয়ে চিকিৎসা করিয়ে দিতেন। বলা যায়, তিনি চিকিৎসা গাইড হিসেবে কাজ করতেন। বিনিময়ে নির্দিষ্ট অঙ্কের অর্থ নিতেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, তারেক আজমের বিরুদ্ধে চিকিৎসার নামে মানুষকে ভারতে নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে।মিরপুর থানায় করা মামলায় ভুক্তভোগী শামীম রেজা অভিযোগ করেন, হূদরোগের চিকিৎসার জন্য ২০০৭ সালে তিনি তারেক আজমের সঙ্গে যোগাযোগ করেন। আজম তাঁর কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে কলকাতার অ্যাপোলো হাসপাতালে একটি থেরাপি দেওয়ার জন্য চুক্তি করেন। সে অনুযায়ী ২০০৭ সালের ২১ আগস্ট শামীমকে নিয়ে তিনি কলকাতার উদ্দেশে রওনা হন। বেনাপোল সীমান্ত পার হয়ে ভারতের বনগাঁয় প্রবেশের পর তারেক আজম তাঁর ডলার-টাকা নিয়ে পালিয়ে যান। এরপর সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ তাঁকে আটক করে কারাগারে পাঠায়। সেখানে দুই বছর চার মাস কারাবাসের পর গত জুন মাসে তিনি বাংলাদেশে আসেন। তাঁর কোনো চিকিৎসা হয়নি।তবে অভিযুক্ত তারেক আজম দাবি করেন, এসব অভিযোগ সত্য নয়। শামীম রেজা মিথ্যা বলে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।