চিকিৎসার বদলে মানসিক রোগাক্রান্ত শিশুর পায়ে শেকল
রাঙামাটির কাপ্তাইয়ের কে আর সি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র নয় বছর বয়সী রাজেশ মল্লিকের (৯) পায়ে সারাক্ষণ তালা লাগানো শেকল বেঁধে রাখা হয়। পায়ে শেকল বাঁধা থাকায় রাজেশ দাঁড়াতেও পারে না। চন্দ্রঘোনা কর্ণফুলি পেপার মিলের প্রধান সড়কের পাশে রাজেশকে সারাদিন বসে থাকতে দেখা যায়। পায়ের ব্যথায় রাজেশ সারাক্ষণ কাঁদে।রাজেশের বাবা হরিচরণ মল্লিক এবং মা অঞ্জুরাণী মল্লিক প্রথম আলোকে বলেন, তাঁরা ইচ্ছা করেই রাজেশের পায়ে শিকল বেঁধে রেখেছেন। কেননা, তাঁদের দাবি, ছাড়া পেলেই রাজেশ কয়লার ডিপোতে অবিস্থিত কে আর সি-র পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে চায়। গত ২৪ এপ্রিলও সে ওই ভবনের ছাদে উঠে আত্মহত্যা করতে চেষ্টা করেছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে এনে পায়ে শেকল বেঁধে রাস্তার পাশে এভাবে ফেলে রাখা হয়।হরিচরণ এবং অঞ্জুরাণী বলেন, ছেলের পায়ে শেকল বেঁধে রাখতে তাঁদের সীমাহীন কষ্ট হয়। তারপরও ছেলের জীবন বাঁচাতে এর বিকল্প কিছু করার নাই বলে তাঁদের ধারণা। পারিবারিক সুত্রে জানা গেছে রাজেশ আগে এরকম ছিল না। অন্য সবার মতোই সুস্থ সবল ছিল, হাসতো, খেলতো, ছোট ছোট পায়ে হরিমন্দির এলাকার সর্বত্র ঘুরে বেড়াতো। চার/পাঁচ বছর আগে হঠাত্ সে অসুস্থ হয়ে পড়ে। এলোমেলো চলাফেরা শুরু করে। সামান্য কারণেই রেগে যায়। আর কোনো উঁচু স্থানে উঠে নিচে ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করে। হরিচরণ বলেন, ‘এ ধরনের অসংলগ্ন আচরণ করার জন্য প্রথম প্রথম আমরা তাকে অনেক মেরেছি। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছি। তারপরও দেখি তার কোনো পরিবর্তন নেই।’ কে আর সি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হক আজাদ জানান রাজেশ তাঁর স্কুলের ছাত্র। বেশির ভাগ সময় সে ভালো থাকে। তবে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে এবং অসংলগ্ন আচরণ করতে থাকে। অসুস্থ হওয়ার আগে সে স্কুলের প্রথম সাময়িক পরীক্ষায়ও অংশ নেয়। তাঁর অভিমত হচ্ছে, সুস্থ হলে এবং যথাযথ পরিচর্যা পেলে রাজেশ লেখাপড়ায় ভালো করতে পারবে। হরিচরণ ও অঞ্জুরাণী জানান, স্থানীয় অনেক চিকিৎসক রাজেশকে দেখেছেন। চিকিৎসকরা তার মানসিক রোগ হয়েছে বলে জানান। রাঙামাটির সিভিল সার্জন স্নেহ কান্তি চাকমা রাজেশকে একাধিকবার দেখেছেন বলে জানান। তিনি বলেন, শিশুটি মানসিক রোগাক্রান্ত এবং যথাযথ চিকিৎসা পেলে সে সুস্থ হয়ে উঠবে। রাজেশের চিকিৎসা সম্পর্কে হরিচরণ বলেন, তাঁরা খুবই গরিব। সংসারে আয়-রোজগার নেই বললেই চলে। এই অভাবের মাঝেও রাজেশের চিকিৎসার চেষ্টা করা হয়েছে। কিন্তু অনেক টাকা খরচ করেও তাকে সুস্থ করা যায়নি। ছেলের চিকিৎসার জন্য এখন এক টাকা খরচ করার সামর্থ্যও তাঁদের নেই। তাঁরা নিরুপায় হয়ে রাজেশকে কোনো প্রতিবন্ধীদের এতিম খানায় রেখে আসতে চাচ্ছেন।এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীম জানান, উপজেলা পরিষদের এমন কোনো তহবিল নেই যেখান থেকে অর্থ যোগান দিয়ে রাজেশের চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন চিকিৎসকরা যেহেতু মানসিক রোগ হয়েছে বলে মতামত দিয়েছে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে পাবনা মানসিক হাসপাতালে তার চিকিৎসা হতে পারে। তিনি বলেন, আমরা উপজেলার পক্ষ থেকে তাকে পাবনা পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু তার চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।রাজেশের স্কুলের প্রধান শিক্ষক কামরুল হক আজাদ বলেন, কোনো সহূদয় ব্যক্তি যদি রাজেশের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে একটি সম্ভাবনাময় শিশু সুস্থ হয়ে আর সবার মতো সমাজে বসবাস করতে পারবে। পায়ে শিকল পরার কষ্ট থেকে রক্ষা পাবে। সেই সাথে একটি অসহায় পরিবারও ফিরে পাবে তাদের আদরের সন্তানকে।