চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন তিন দেশের তিনজন বিজ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার তিনজন বিজ্ঞানী যৌথভাবে এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। মানবদেহের রোগ প্রতিরোধব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে আরও স্পষ্ট করে বোঝার ক্ষেত্রে সফল গবেষণার জন্য তাঁরা এ পুরস্কার পেলেন।গতকাল সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে নোবেল কমিটি নোবেল বিজয়ী হিসেবে এ তিনজনের নাম ঘোষণা করে।তাঁদের এ গবেষণা ক্যানসার ও অন্যান্য জটিল রোগ নিরাময়ের নতুন সম্ভাবনা খুলে দিল। তা ছাড়া এ গবেষণা চিকিৎসাবিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে নোবেল কমিটি। চিকিৎসায় নোবেল বিজয়ীরা হলেন: যুক্তরাষ্ট্রের ব্রুস বাটলার, কানাডার রাল্ফ স্টেইনম্যান ও লুক্সেমবার্গের বংশোদ্ভূত ফরাসি নাগরিক জুলস হফম্যান। নোবেল পুরস্কার পাওয়ার খবরে ব্রুস বাটলার ও জুলস হফম্যান উল্লসিত হলেও তাঁদের সঙ্গে যোগ দিতে পারছেন না রাল্ফ স্টেইনম্যান (৬৮)। নোবেল পুরস্কার ঘোষণার মাত্র তিন দিন আগে গত ৩০ সেপ্টেম্বর মারা গেছেন কানাডার এই জীববিজ্ঞানী। তিনি চার বছর ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন। নোবেল কমিটির নিয়ম অনুযায়ী কাউকে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয় না। কিন্তু নোবেল কমিটি যখন চিকিৎসাশাস্ত্রে এই তিন বিজ্ঞানীকে বিজয়ী হিসেবে ঘোষণা করে, তখন তারা জানত না যে স্টেইনম্যান মারা গেছেন। নাম ঘোষণার পর কমিটি তাঁর মৃত্যুর খবর জানতে পারে। এরপর কমিটির সদস্যরা বৈঠক করে স্টেইনম্যানকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখেন। জুরি বোর্ড বিজয়ীদের নাম ঘোষণা করে এক বিবৃতিতে বলেছে, মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতার সম্পূর্ণ ব্যাখ্যা চিকিৎসাবিজ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ। এ তিনজন বিজ্ঞানী সেই জটিল বিষয়টি নিয়ে গবেষণা করেছেন। তাঁদের গবেষণা সংক্রমণ, ক্যানসার ও হাঁপানিসহ বেশ কিছু রোগের চিকিৎসা প্রতিরোধব্যবস্থা গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। কানাডার বিজ্ঞানী স্টেইনম্যান রকফেলার বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মার্ক টেসিয়ার লাভিন এক বিবৃতিতে বলেছেন, ‘নোবেল ফাউন্ডেশন স্টেইনম্যানকে স্বীকৃতি দেওয়ায় রকফেলার বিশ্ববিদ্যালয় খুশি। তবে এ সংবাদটি আমাদের কাছে আনন্দের পাশাপাশি দুঃখেরও। কারণ , তিনি আর আমাদের মাঝে নেই । ’১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের মোট অর্থ এক কোটি সুইডিশ ক্রোনার (১৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হবে।আজ পদার্থবিদ্যা এবং কাল বুধবার রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এ ছাড়া ৭ ও ১০ অক্টোবর ঘোষণা করা হবে যথাক্রমে শান্তি ও অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম। এএফপি।