সম্প্রতি পুলিশি হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের চিকিৎসা-সম্পর্কিত সব ধরনের তথ্য ও কাগজপত্র আগামী ১৯ আগস্ট আদালতে দাখিল করতে ঢাকা মেডিকেল কলেজের পরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত তিন দফা নির্দেশনা দেন। একই সঙ্গে আদালত পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ফৌজদারি কার্যবিধি অনুসারে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়িয়েছেন। সরকার পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩ আগস্ট প্রতিবেদনটি দাখিল করতে মহানগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে। জানা যায়, রাজধানীতে গত ৩০ জুন মিজানুর রহমান, ২৮ জুন বাবুল গাজী ও ১ জুলাই মজিবুর রহমান পুলিশি হেফাজতে মারা যান। এ ঘটনায় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী এলিনা খান এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সম্পাদক আসাদুজ্জামানের করা রিটের পরিপ্রেক্ষিতে কয়েক দফা নির্দেশনা দেন।এ নির্দেশনা অনুসারে গতকাল গুলশান ও দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ছয় সদস্য আদালতে হাজির হন। প্রায় আড়াই ঘণ্টার মতো আদালতকক্ষে তাঁরা দাঁড়িয়ে থাকেন। এ সময় আদালত মন্তব্য করেন, জনগণের করের টাকায় পুলিশ চলে। পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া। কিন্তু তারা জনগণের প্রতি দায়িত্ব পালন করে না। নিরাপত্তা হেফাজতে মৃত্যু সহ্য করা হবে না। মানবাধিকার বিষয়ে পুলিশের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা হেফাজতে মৃত্যু যেন ইতিহাসের বিষয়ে পরিণত হয়। এ ধরনের মৃত্যু আর যেন না ঘটে। একই সঙ্গে আদালত পুলিশি হেফাজতে বাবুল গাজীর মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী ১৯ আগস্ট আদালতে হাজির হয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) হলফনামা দাখিল করতে নির্দেশ দেন। বাবুল গাজী সম্পর্কে ওই দিন আদালতে হাজির হয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষককে প্রতিবেদন দিতে বলা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও এলিনা খান এবং অ্যামিকাস কিউরি ইউসুফ হোসেন হুমায়ুন উপস্থিত ছিলেন। আদালত পুলিশি হেফাজতে বাবুল গাজী নিহত হওয়ার ঘটনায় সুরতহাল প্রতিবেদন নিয়ে মন্তব্য করেন। ডা. প্রদীপ বিশ্বাস সুরতহাল প্রতিবেদনে দুর্ঘটনাজনিত কারণে বাবুল গাজী নিহত হয়েছেন বলে উল্লেখ করেন। প্রতিবেদনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করেন আদালত। আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, রমনা থানার ওসিকে ১৯ আগস্ট হাইকোর্টে তলব করা হয়েছে। গতকাল হাজির হওয়া ছয় পুলিশ সদস্যকেও ওই দিন হাজির হতে হবে।