চিকিৎসাসেবা বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে ভর্তি আছেন নোয়াখালী থেকে আসা এক বৃদ্ধ। নাম হানিফ। ইউরিনের সমস্যাসহ কিডনিতে পাথর তাঁর। হাসপাতালে ভর্তি হয়েছেন দেড় মাসেরও ওপরে। চিকিৎসক জানান, হানিফের অস্ত্রোপচার প্রয়োজন। তবে কি অস্ত্রোপচারের জন্য অপেক্ষা? হ্যাঁ, এই দীর্ঘদিনের অপেক্ষা মূলত অস্ত্রোপচারের জন্যই। হানিফের মতো আরও বেশ কয়েকজন রোগী পাওয়া যায়, যাঁরা দীর্ঘদিন ধরে শুধু অস্ত্রোপচার করানোর জন্য নানা রোগ নিয়ে কাতরাচ্ছেন। বৃদ্ধ হানিফ বলতে বলতে ডুকরে কেঁদে ফেলেন। বললেন, ‘বাবা, চিকিৎসার জন্য এসে হাসপাতালে কতটা দিন যে কষ্ট পাচ্ছি, আপনাকে কীভাবে বোঝাব! এখন আর বাঁচতে ইচ্ছে করে না।’ দিনমজুর মানুষ। পুরো সংসার চালাতে হয়। অসুস্থতায় কাতরালেও তাঁকে দেখার মতো পাশে কেউ নেই। স্বজনেরা চলে গেছেন। এত দিন বা থাকবেই কীভাবে। তবে স্বজনদের কেউ না থাকলেও একই বেডে রোগী হিসেবে পেয়েছেন আরেক তরুণ ছেলেকে। এই বেডে দুজন রোগী। এসব প্রশ্নের উত্তর খুঁজতে কথা বলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহিদুল হক মল্লিকের সঙ্গে। নানা জটিল রোগ নিয়ে বিভিন্ন বিভাগে রোগীরা কষ্ট পাচ্ছে। আপনার এখানে তো চিকিৎসকের তেমন অভাব নেই। অন্যান্য প্রয়োজনীয় সুবিধা ও যন্ত্রপাতিও রয়েছে। তবে এমনটি কেন? সোজা উত্তর, ‘আমরা নিজেরাই এর জন্য দায়ী।’ উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘নানা রকম তদবির আর কিছু ভিতরগত কারণে এমনটা হচ্ছে। যেমন, আপনি যদি সুপারিশ করেন, তবে কি আপনার সুপারিশ ফেলতে পারব?’ তাহলে কি এ ধরনের অব্যবস্থাপনার কারণে বড় সমস্যার রোগীকে দিনের পর দিন বিনা চিকিৎসায় ভুগতে হবে?বিনা মূল্যে ওষুধ: বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোর সেবা নিয়ে সাধারণ জনগণের অভিযোগ আর অসন্তুষ্টির শেষ নেই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন মাসুদ আলম নামের একজন বলেন, প্রতিদিন সকালে তাঁকে তিনটি ভিন্ন ধরনের বড়ি ও ক্যাপসুল খেতে হয় এবং ইনজেকশন নিতে হয়। কিন্তু হাসপাতাল থেকে মাত্র দুটি ওষুধ দেওয়া হয়। কোনো দিন আবার তা-ও পান না। তিনি বলেন, ‘প্রতিদিন আমাকে প্রায় ৮০ টাকার ওষুধ কিনতে হয়। আমাদের মতো গরিব মানুষের জন্য প্রতিদিন ৮০ টাকার ওষুধ কেনা প্রায় অসম্ভব। কিন্তু না কিনে উপায়ই বা কী?’ হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন যে পরিমাণ ওষুধের দরকার হয়, তার প্রায় তিন ভাগের এক ভাগও পাওয়া যায় না। এ সম্পর্কে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, ‘প্রতিটি সরকারি হাসপাতালে রোগীদের ওষুধ না পাওয়ার অভিযোগ বাস্তব। এতে সরকারি বাজেটের সীমাবদ্ধতা যেমন আছে, আছে নানা দুর্নীতিও। অনেক কর্মকর্তা-কর্মচারী যোগসাজশে ওষুধ বাইরে বিক্রি করে দেন।’ সরকারি হাসপাতালগুলোর নাগরিক সনদ অনুযায়ী বোর্ডে মজুদ ওষুধের তালিকা থাকার কথা থাকলেও বাস্তবে এর দেখা পায় না রোগীরা। ঢাকাসহ কয়েকটি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে এ ধরনের তালিকার দেখা মেলেনি। কর্তব্যরত অনেকে আবার বিষয়টি জানেনও না। রশীদ-ই-মাহবুব বলেন, ‘এ ধরনের তালিকা অবশ্যই থাকা উচিত। এতে করে রোগীরা জানতে পারবে তার ওষুধটি হাসপাতালে আছে কি না। থাকলে সে তার অধিকার আদায় করতে পারবে। এর ফলে ওষুধ বাইরে বিক্রি হওয়ার সুযোগ কমে যাবে।’বহির্বিভাগের দৃশ্য: ৬৫ বছর বয়সের মঞ্জু মিয়া শরীয়তপুর থেকে চিকিৎসা নিতে এসেছিলেন ঢাকা মেডিকেলের বহির্বিভাগে। তাঁর মতো আরও বেশ কয়েকজনকে বহির্বিভাগের বারান্দায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তখন সময় দুপুর দুইটা ছুঁইছুঁই। বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ। বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসকের দেখা মেলে না। নিয়ম অনুযায়ী আড়াইটা পর্যন্ত বহির্বিভাগ খোলা থাকার কথা। কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটা থেকে দেড়টার মধ্যে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। আর চিকিৎসকেরা দুইটার মধ্যে কাজ শেষ করে চলে যান। হাসপাতালগুলোর বহির্বিভাগ এমন হয়ে গেছে যে চিকিৎসক রোগী দেখবেন না। রোগীরা আসে চিকিৎসক দেখতে।রশীদ-ই-মাহবুব জানান, সরকারি হাসপাতালে রোগীর অনেক চাপ। প্রতিটি হাসপাতালে বেডের চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। কিন্তু সরকারি বরাদ্দ তো বেডের বিপরীতে হয়। ফলে অনেক ক্ষেত্রেই সবকিছুর গুণগত মান ঠিক রাখা সম্ভব হয় না। এ জন্য সরকারের উদ্যোগী হওয়া জরুরি।পরীক্ষা-নিরীক্ষা: সীমিত আয়ের মানুষ সরকারি হাসপাতালগুলোর বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতির (ল্যাব) কথা আজকাল ভুলেই যাচ্ছে। হাসপাতালের ল্যাবগুলোতে স্বল্প খরচে পরীক্ষা করানোর সুযোগ থাকলেও বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা বেসরকারি ক্লিনিকগুলোতে পরীক্ষা করানোর পরামর্শ দেন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, বাইরে বিভিন্ন জায়গায় পরীক্ষার জন্য রেফার করলে সেখান থেকে কমিশন পান চিকিৎসকেরা। তাই তাঁরা বাইরে পরীক্ষা করাতে রোগীদের বেশি উৎসাহিত করেন। এর পেছনে অবশ্য নানা অজুহাত দেখান চিকিৎসকেরা।তথ্য জানার অধিকার: স্বাস্থ্যসেবাবিষয়ক যেকোনো তথ্য অবাধে পাওয়া সব মানুষের অধিকার। চিকিৎসার ব্যয়সংক্রান্ত তথ্য, রোগের লক্ষণসমূহ, প্রতিকার, রোগসংক্রান্ত যাবতীয় তথ্য রোগীর বা তাঁর আত্মীয়স্বজনের জানার অধিকার আছে। কিন্তু কয়টা হাসপাতালে মানা হচ্ছে? স্বাস্থ্যবিষয়ক তথ্য জানতে চেয়ে অনেক রোগীকেই চিকিৎসকদের নানা দুর্ব্যবহারের সম্মুখীন হতে হয়। কিন্তু রোগীর তথ্য পাওয়া যেমন অধিকার, তেমনি তথ্য জানানোটা চিকিৎসকের দায়িত্ব। অনেক ক্ষেত্রেই চিকিৎসকেরা ভুলে যান, সম্মানজনক উপায়ে স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেকের অধিকার।আইনি সহায়তাও কম: চিকিৎসাসেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে যে শুধু নানা রকম ভোগান্তি বা অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয় তা-ই নয়, এর বিপরীতে আইনি সহায়তা দুর্বল বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিপক্ষে সাধারণ রোগীদের তেমন কোনো সহায়তা নেই। শুধু নির্দিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করার বিধান আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে। প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, ২০০৪ থেকে ২০১০ সালের এপ্রিল মাসের শেষ পর্যন্ত ভুক্তভোগীদের অভিযোগ এসেছে ১৯৬টি। তবে এসব অভিযোগের দু-একটি বাদে বাকিগুলোর ফলাফল কোনো রোগীর পক্ষে আসেনি। বিএম অ্যান্ড ডিসি অভিযোগ নিবন্ধন খাতায় দেখা যায়, শুধু ২০০৯ সালে ১৭টি অভিযোগ লিপিবদ্ধ হয়েছে। তবে যথাযথ প্রক্রিয়ায় না আসায় আরও প্রায় ৩০টির কমবেশি মামলা তালিকাভুক্ত হয়নি। প্রতিষ্ঠানের রেজিস্ট্রার মো. জাহেদুল হক জানান, ‘এখানে অভিযোগ এলে আমরা সংশ্লিষ্ট চিকিৎসককে এ ব্যাপারে চিঠি লিখি। তাঁর কাছ থেকে উত্তর এলে আবার অভিযোগকারীকে চিঠি দেওয়া হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে চিঠি চালাচালি শেষে অভিযোগ হয়তো বা তুলে নেওয়া হয় বা কমিটি খারিজ করে দেয়।’ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা যায়, এ ধরনের অভিযোগ প্রমাণ করা রোগীদের পক্ষে অসম্ভব।স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে জনবান্ধব করা এবং বিদ্যমান ব্যবস্থাকে জনগণের সর্বোচ্চ প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২০০২ সালে জনগণের স্বাস্থ্য অধিকার সনদ প্রকাশ করে। সেখানে সেবা গ্রহণকারীর কী কী অধিকার আছে, সেগুলো সন্নিবেশিত করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এটা সামান্যই বাস্তবায়িত হয়েছে। এক হিসাবে দেখা যায়, দেশের ৬০ শতাংশ লোক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। যারা চিকিৎসাসেবা নিতে যায়, তারা আবার নানা ভোগান্তি আর অব্যবস্থাপনার শিকার। এসব পরিস্থিতি কাটিয়ে উঠতে আরও নজরদারি দরকার বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।