চিকিৎসায় অনিশ্চয়তা এইডস রোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উদ্যোগহীনতার কারণে প্রায় ৬০০ এইডস রোগী ও এক হাজারের বেশি এইচআইভি-সংক্রমিত মানুষের চিকিৎসা ও অন্যান্য সেবা অনিশ্চিত হয়ে পড়েছে। দাতাদের অর্থে পরিচালিত সেবা কর্মসূচির মেয়াদ শেষ হতে চললেও চিকিৎসা অব্যাহত রাখতে সরকারের দৃশ্যমান উদ্যোগ নেই।দাতাদের সহায়তা কর্মসূচি ২০১২ সালের এপ্রিলে শেষ হয়ে যাবে। নতুন কোনো ব্যবস্থা না হলে ওই সময়ের পর এসব এইডস রোগী ও এইচআইভি-সংক্রমিত ব্যক্তিরা ওষুধ বা অন্য সেবা পাবে না।বিশেষজ্ঞ ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, ওষুধ দেওয়া বন্ধ হলে এইডস রোগীদের মৃত্যুর ঝুঁকি বাড়বে। অন্য সেবাগুলো বন্ধ হলে বাড়বে এইচআইভি সংক্রমণের হার।দাতা সংস্থা গ্লোবাল ফান্ড ওষুধ-সংকটের কথা জানিয়ে গত ফেব্রুয়ারি মাসে সরকারকে চিঠি দিয়েছিল। এতে পর্যাপ্ত বাজেট বরাদ্দের ব্যবস্থা করে চিকিৎসা অব্যাহত রাখা নিশ্চিত করার সুপারিশ করা হয়। কিন্তু সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে সেবাদানকারীদের অভিযোগ।গ্লোবাল ফান্ডের সহায়তায় এইচআইভি/এইডস-আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য ‘কেয়ার অ্যান্ড ট্রিটমেন্ট সার্ভিস’ কর্মসূচি চালু হয় ২০০৮ সালে। আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ, কনফিডেনশিয়াল অ্যাপ্রোচ টু এইডস প্রিভেনশন (ক্যাপ), সাহাব ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)—এ পাঁচটি প্রতিষ্ঠান কর্মসূচি বাস্তবায়ন করছে।আশার আলো সোসাইটির পরিচালক হাবিবা আকতার প্রথম আলোকে বলেন, ‘ওষুধ বন্ধ হয়ে যাওয়ার অর্থ হলো, এসব মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া।’এ কর্মসূচির আওতায় ৫২২ রোগী (৩১২ পুরুষ, ২১০ নারী) অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ (এআরভি) পায়। ২০১২ সালের জুন পর্যন্ত ৬০০ রোগী এই জীবনদায়ী ওষুধ পাবে। কর্মসূচির আওতায় অনেক এইচআইভি-আক্রান্ত ব্যক্তিকে প্রশিক্ষণদান ও বৈষম্য ঠেকাতে সামাজিক সচেতনতা সৃষ্টির কাজও চলছে।ভাইরাস-বিশেষজ্ঞ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. নজরুল ইসলাম বলেন, ওষুধ সরবরাহ বন্ধ হলে এইডস-আক্রান্ত ব্যক্তিদের শরীরে রোগের সংক্রমণ বেড়ে যাবে। ওষুধ সেবনে বিরতি ঘটলে ভাইরাস ওষুধ প্রতিরোধী হয়ে পড়ে। চিকিৎসার খরচও অনেক বেড়ে যায়।সংস্থাগুলো জানাচ্ছে, কিনে ওষুধ দিতে হলে মাসে খরচ হয় সর্বনিম্ন তিন হাজার ৭০০ থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা। কর্মসূচির আওতায় এই ওষুধ বিদেশ থেকে কেনা হয়। দেশের দুটি কোম্পানি কিছু ওষুধ তৈরি করছে। তবে তা এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি।বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার ওষুধ সরবরাহ বা এ-সংক্রান্ত প্রশিক্ষণ, সচেতনতা কর্মসূচি অব্যাহত রাখার উপায় নিয়ে স্পষ্ট করে কিছু বলছে না।এ ব্যাপারে যোগাযোগ করা হলে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, সরকারের কাছে পর্যাপ্ত ওষুধ আছে, যা দিয়ে আগামী জুন পর্যন্ত চলবে।এ ছাড়া জাতীয় এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচির লাইন ডিরেক্টর আবদুল ওয়াদুদ বলেন, সংক্রামক ব্যাধি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ একাধিক মেডিকেল কলেজে এ বিষয়ে চিকিৎসাকেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোগীরা এখানে এসে চিকিৎসা নেবে। সারা দেশে ছড়িয়ে থাকা রোগীরা এসব কেন্দ্রে কীভাবে আসবে—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নীতিগত সিদ্ধান্তের বিষয়। সরকার হয়তো এনজিওগুলোর মাধ্যমেই কাজটি করবে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি আরও বলেন, ২০১২ সালের জুন পর্যন্ত ওষুধের মজুদ আছে। আরও ওষুধ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন এনজিওর কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এইচআইভি/এইডস নিয়ে গবেষণা ও সচেতনতার কাজে অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু রোগীদের চিকিৎসার কোনো নিশ্চয়তা নেই। সরকারি একটি সূত্র জানিয়েছে, এ খাতে অর্থায়ন অব্যাহত রাখার জন্য সরকারের পক্ষ থেকে গ্লোবাল ফান্ডকে অনুরোধ জানানো হবে। তবে কবে নাগাদ পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা নিয়ে সরকার কাজ শুরু করবে, তা কেউ বলতে পারছেন না।