চিকিৎসায় নোবেল পেলেন ব্রিটিশ ও জাপানি গবেষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেম সেল নিয়ে গবেষণায় বিপ্লবের স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্য ও জাপানের দুই গবেষক। এঁরা হলেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গার্ডন ইনস্টিটিউটের জন গার্ডন (৭৯) এবং জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিনইয়া ইয়ামানাকা (৫০)।গার্ডন ও ইয়ামানাকার গবেষণা বলছে, প্রাণীদেহের পরিণত যেকোনো কোষকে স্টেম সেলে রূপান্তর করা যায়। তার মানে, দুর্ঘটনা বা রোগে ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপনের জন্য একদিন হয়তো এভাবে তৈরি স্টেম সেল ব্যবহার করা যাবে।স্টেম সেল থেকে দেহের রক্ত, ত্বক, পেশি, হাড়সহ সবকিছুরই সৃষ্টি। স্টেম সেলই পরিণত হয়ে শরীরের এসব উপাদান গঠন করে। কিন্তু উল্টোটা হওয়া সম্ভব ছিল না—এমনটাই ভাবতেন বিজ্ঞানীরা। অর্থাৎ পরিণত কোষকে পুনরায় স্টেম সেলে রূপান্তর সম্ভব নয়। বিজ্ঞানীদের এই ধারণাই ভুল প্রমাণ করেছেন গার্ডন ও ইয়ামানাকা।এই দুই বিজ্ঞানীর গবেষণাকে চিকিৎসাশাস্ত্রে বিপ্লবের সঙ্গে তুলনা করেছে জুরিবোর্ড। চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার দায়িত্ব সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের। ইনস্টিটিউটের জুরিবোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘গার্ডন ও ইয়ামানাকার গবেষণা কোষের রূপান্তর ও বিশেষায়ণ সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিই পাল্টে দিয়েছে। তাঁদের এই আবিষ্কার যুগান্তকারী।’এ গবেষণার ফলাফল কী? গার্ডন ইনস্টিটিউটের ওয়েবসাইটে বলা হচ্ছে, ‘এ কাজের চূড়ান্ত লক্ষ্য সব ধরনের কোষ প্রতিস্থাপন সম্ভব করা। যেমন—আমরা চাই, ত্বক বা রক্তের কোষ দিয়ে হূদ্যন্ত্র বা মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপন সম্ভব করতে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা যাতে প্রতিস্থাপিত কোষ বাতিল করে না দেয়, সে জন্য প্রতিস্থাপনের ক্ষেত্রে একই ব্যক্তির কোষ ব্যবহার করতে হবে।’কোষের বিশেষায়ণ প্রক্রিয়া পাল্টে দেওয়ার বিষয়ে গার্ডনের আবিষ্কারটি ৫০ বছর আগে ১৯৬২ সালেই। তিনি ব্যাঙের ক্ষুদ্রান্তের পরিণত কোষের নিউক্লিয়াস নিয়ে অপরিণত ডিম্বাণুতে প্রতিস্থাপন করেন। এর পর ওই পরিবর্তিত ডিম্বাণু থেকে একটি স্বাভাবিক ব্যাঙাচির জন্ম হয়। তার মানে, নতুন একটি ব্যাঙের সব ধরনের কোষ সৃষ্টির জন্য যেসব তথ্য দরকার, পরিণত কোষে এর সবই থেকে যায়। এ জন্য নোবেল কমিটি গার্ডনের কাজকে বলেছে ‘একটি কালজয়ী গবেষণা’।গার্ডনের ওই কাজের চার দশকের বেশি সময় পর ২০০৬ সালে জাপানি গবেষক ইয়ামানাকা ইঁদুরের পরিণত কোষে অল্প কয়েকটি জিন সন্নেবেশ করে দেখান, কীভাবে সেগুলো স্টেম সেলে রূপান্তর করা যায়।নোবেল কমিটির সদস্য ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের মলিকিউলার ডেভেলপমেন্ট বায়োলজির অধ্যাপক টমাস পার্লম্যান বলেন, ‘ওই দুই বিজ্ঞানীকে ধন্যবাদ, তাঁদের কাজের মাধ্যমে আমরা এখন জানতে পারলাম যে কোষের রূপান্তর শুধু একমুখী কোনো ব্যাপার নয়।’নোবেল পুরস্কারের অর্থ হিসেবে গার্ডন ও ইয়ামানাকা মিলে পাচ্ছেন ৮০ লাখ সুইডিস ক্রোনার (১২ লাখ মার্কিন ডলার)। ২০০১ সাল থেকে পুরস্কারের অর্থ হিসেবে এক কোটি ক্রোনার দেওয়া হলেও আর্থিক সংকটের কারণে এবার তা কমানো হয়েছে। রয়টার্স, এএফপি।