চিটফান্ড কেলেঙ্কারি: তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা
পশ্চিমবঙ্গের অন্যতম বেসরকারি অর্থলগ্নিকারী সংস্থা সারদা গোষ্ঠীর কর্ণধার সুদীপ্ত সেন গ্রেপ্তার হওয়ার পর এখন পশ্চিমবঙ্গজুড়ে অন্য চিটফান্ডগুলোর বিরুদ্ধেও আন্দোলন শুরু করেছেন আমানতকারীরা। আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, তাঁরা হয়তো গচ্ছিত অর্থ ফেরত না-ও পেতে পারেন। পালিয়ে যেতে পারেন সুদীপ্ত সেনের মতো অন্য চিটফান্ডের মালিকেরা। ইতিমধ্যে কয়েকজন চিটফান্ড মালিক তাঁদের অফিস বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। তাই আমানতকারীরা সুদ ছাড়া প্রকৃত অর্থ ফেরত পাওয়ার দাবিতে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন শুরু করেছেন। গত ১৪ মার্চ লোকসভায় ভারতের চিটফান্ডগুলোর বিভিন্ন অপকর্মের একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৭৩টি চিটফান্ডের নাম। এখন ওইসব চিটফান্ডে যাঁরা টাকা জমা রেখেছেন, সেই সব আমানতকারী গচ্ছিত টাকা বিনা সুদেই ফেরত পাওয়ার জন্য আন্দোলন শুরু করেছেন।এদিকে সারদার সঙ্গে যুক্ত তৃণমূল সাংসদ ও সাংবাদিক কুনাল ঘোষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সারদা গোষ্ঠী পরিচালিত চ্যানেল-১০-এর সাংবাদিকেরা এ মামলা দায়ের করেন। মামলায় কুনালসহ আরও চারজনকে আসামি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার কোম্পানিবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শচীন পাইলট চিটফান্ডের দৌরাত্ম্য বন্ধের জন্য কেন্দ্রীয়ভাবে একটি টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন। অপরদিকে আজ শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠকে চিটফান্ডের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া চিটফান্ডের ব্যবসার মাধ্যমে প্রতারণা বন্ধে আইন প্রণয়নের জন্য ২৯ ও ৩০ এপ্রিল রাজ্য বিধানসভার একটি জরুরি অধিবেশন ডাকা হয়েছে। পশ্চিমবঙ্গজুড়ে সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে জেরা অব্যাহত রেখেছে পুলিশ। এদিকে, সারদার অপকর্মের নিরপেক্ষ তদন্তের জন্য বাম দল, জাতীয় কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সিবিআই তদন্তের দাবি তুলেছে।