চিটাগং কিংসের রিট খারিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে খেলানোর বৈধতা চ্যালেঞ্জ করে চিটাগং কিংসের করা রিট আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিকেল চারটা পাঁচ মিনিটে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষের আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, রিট আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দেওয়ায় সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠেয় বিপিএলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই।এর আগে বিকেল তিনটা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এই বেঞ্চে শুনানি শুরু হয়।বিকেল সাড়ে তিনটার দিকে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি ফেরত দিয়েছিলেন।বিপিএলের ফাইনাল খেলার কয়েক ঘণ্টা আগে দুপুরে চিটাগং কিংসের পক্ষে ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী সামীর কাদির চৌধুরী এই রিট দায়ের করেন। রিট আবেদনে যুব ও ক্রীড়াসচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিলসহ নয়জনকে বিবাদী করা হয়।বিসিবির টেকনিক্যাল কমিটি সোমবার গভীর রাতে এক সভার মাধ্যমে চিটাগং কিংসের বদলে বরিশাল বার্নার্সকে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করে। চিটাগং কিংস গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকনিক্যাল কমিটির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মামলা দায়েরের কথা জানায়। এর ফলে বিপিএলের অন্যতম প্রতিদ্বন্দ্বী দল চিটাগং কিংসের স্বত্বাধিকারী সামীর কাদির চৌধুরী আজ হাইকোর্টে এই রিটটি দায়ের করলেন।