পাইরেটেড বই বিপণনকারী প্রকাশকদের সতর্ক করে চিঠি দেওয়া হচ্ছে। গতকাল সোমবার অমর একুশে বইমেলার একাদশ দিনে বাংলা একাডেমীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে শেষ পর্যন্ত সতর্কতার চিঠি কতখানি ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েছে প্রকাশকদের মধ্যে।আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি বললেন, নীতিমালা ভঙ্গকারীদের সতর্ক করে দিলেই হবে না, নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা। তাঁর মতে, মেলা কমিটিই পরোক্ষে নীতিমালা লঙ্ঘনকারীদের মদদ দিয়ে থাকে। তিনি স্পষ্টভাবে নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত পরবাসী নামে একটি সংস্থার নাম উল্লেখ করে বলেন, এই প্রতিষ্ঠান কেন প্রতিবার স্টল পাচ্ছে? খোঁজ নিয়ে জানা গেল, অভিযুক্ত পরবাসী বিশেষ আনুকূল্যধন্য একটি স্টল। স্টল বরাদ্দের ক্ষেত্রে দু-একটি ব্যতিক্রম ছাড়া সব প্রকাশককে লটারিতে অংশগ্রহণ করতে হলেও কর্তৃপক্ষের বিশেষ আনুকূল্যে পরবাসী প্রতিবছর মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় স্টল পেয়ে যাচ্ছে।স্টল বরাদ্দ পাওয়ার জন্য পরবাসীকে লটারিতে অংশ নিতে হয়নি কেন, তা জানতে চাওয়া হলে বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার বলেন, এটা আসলে প্রবাসী লেখকদের একটি প্ল্যাটফর্ম। বাংলা একাডেমী কর্তৃপক্ষ এমন দু-একটি ক্ষেত্রে বিশেষ বিবেচনা করতেই পারে। তিনি বলেন, মুক্তধারাকে এমন বিশেষ বিবেচনাতেই স্টল দেওয়ার সময় লটারির বাইরে রাখা হয়ে থাকে।শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবীন আহসান বললেন, ‘বইমেলার প্রতিষ্ঠাতা চিত্তরঞ্জন সাহার মুক্তধারা আর ভুঁইফোড় পরবাসীকে মিলিয়ে ফেললে হবে না। প্রবাসী লেখকদের কোনো সংগঠনকে স্টল দেওয়ার তো কোনো কারণ নেই। তাহলে দেশে বসবাসকারী লেখকদের বহু সংগঠন স্টল পাওয়ার দাবি করবে।’ তিনি বলেন, ‘প্রবাসী লেখকদের বই তো আর বিদেশ থেকে প্রকাশিত হয় না। আমাদের মতো প্রকাশকেরাই প্রবাসীদের বই প্রকাশ করেন এবং নিজ নিজ স্টলে সেগুলো বিপণন করে থাকেন।’ তাঁর মতে, যাঁদের সতর্ক করা হচ্ছে, তাঁদের বাইরেও অনেক প্রকাশক রয়ে গেছেন, যাঁরা প্রতিনিয়ত নীতিমালা লঙ্ঘন করছেন।নীতিমালা লঙ্ঘনের দায়ে পরবাসী, আবিষ্কার, আল আমিন, রেডিক্যাল, আলেয়া, নবযুগ, আদিগন্ত, নওরোজ কিতাবিস্তান, বাঁধন, বর্তমান সময়, আজকাল, অক্ষর প্রকাশনী, জোনাকি, শিশুপ্রকাশ, সিদ্দিকীয়া, তৃপ্তি, জ্যোৎস্না, মেলা, গাজি প্রকাশনী ও শুভ্র প্রকাশকে সতর্ক করা হচ্ছে। এই প্রকাশকদের স্টলে ভারতীয় লেখকদের পাইরেটেড বই এবং মেলায় নিষিদ্ধ ঘোষিত ডোরিমনসহ বিভিন্ন নেট বই পাওয়া গেছে।নতুন বই: গতকাল মেলায় এসেছে ১২৪টি নতুন বই। নতুন আসা বইয়ের মধ্যে রয়েছে প্রথমা প্রকাশনের সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস শিম কীভাবে রান্না করতে হয়। ফ্রান্সে এক এশীয় আগন্তুকের বিচিত্র বিড়ম্বনা এই উপন্যাসের উপজীব্য। বাংলাদেশের অন্যতম প্রধান কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ চেয়েছিলেন এশিয়াবাসীর আবেগ ও বঞ্চনার কথা পশ্চিমা পাঠকদের কাছে স্যাটায়ারের মাধ্যমে উপস্থাপন করতে। শিম কীভাবে রান্না করতে হয়-এর মাধ্যমে বাঙালি পাঠক পাবেন এক অন্য রকম ওয়ালীউল্লাহকে। ইংরেজিতে লেখা ওয়ালীউল্লাহর এই উপন্যাস অনুবাদ করেছেন শিবব্রত বর্মন। বইটির ভূমিকা লিখেছেন সৈয়দ আবুল মকসুদ।শিবব্রতের অনুবাদে ওয়ালীউল্লাহকে নিয়ে তাঁর স্ত্রী আন মারী ওয়ালীউল্লাহর লেখা আমার স্বামী ওয়ালী নামে অন্য একটি বইও এবার মেলায় এনেছে প্রথমা প্রকাশন। এই বইয়ের ভূমিকা লিখেছেন আনিসুজ্জামান। সাজ্জাদ শরিফ সম্পাদিত ওয়ালীউল্লাহর অগ্রন্থিত রচনা নিয়ে একটি বই এনেছে প্রথমা প্রকাশন।এবারের মেলায় হুমায়ূন আহমেদকে নিয়ে এসেছে অনেক বই। এর মধ্যে অন্যপ্রকাশ থেকে আনিসুজ্জামান সম্পাদিত হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ, পূরবী বসুর নিউ ইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও অন্যান্য, শাকুর মজিদের নুহাশপল্লীর এইসব দিনরাত্রি, মোহাম্মদ হান্্নানের হুমায়ূন আহমেদের ধর্মচেতনা ও মৃত্যুচিন্তা, সাহানা কায়েসের হুমায়ূন আহমেদের চিঠি ও অন্যান্যসহ আরও কয়েকটি বই এসেছে।বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা নিয়ে ত্রিপুরার কৃতী আলোকচিত্রী রবীন সেনগুপ্তের বই বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরা: কিছু স্মৃতি কিছু কথা সাহিত্য প্রকাশ মেলায় এনেছে। শাহাদুজ্জামান গ্রন্থিত ও সম্পাদিত আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি আগামী প্রকাশনী, শওকত হোসেন মাসুমের বাংলাদেশের অর্থনীতির পেছনের অনর্থনীতি নিয়ে লেখা বই কেলেঙ্কারির অর্থনীতি শুদ্ধস্বর, জয়নাল হোসেনের সম্রাট আওরঙ্গজেবের ভিতর-বাহির অ্যাডর্ন, রফিক আজাদের কবিতার বই সশস্ত্র সুন্দর বিভাস, অনু হোসেনের প্রবন্ধের বই বোধ ও বাতি , ইশতিয়াক হাসান অনূদিত শিকার কাহিনি জঙ্গলে বিভীষিকা ঐতিহ্য, তুষার কণা খোন্দকারের উপন্যাস ভানুমতির খেল, গল্পের বই ঘাম ও সুশীতল বাতাসের গল্প পাঠসূত্র, অপরেশ বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞান জিজ্ঞাসা অক্ষর প্রকাশনী, দন্ত্যস রওশনের শিশুকিশোর উপন্যাস নোটুরা চারজন জাগৃতি, মুক্তিযুদ্ধের ওপর শিশু-কিশোর উপন্যাস নোটুর সেভেনটি ওয়ান বিদ্যাপ্রকাশ মেলায় এনেছে। মেলামঞ্চে: মেলার মূল মঞ্চে ‘সাংবাদিকতার বাতিঘর তোফাজ্জল হোসেন মানিক মিয়া’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আবেদ খান। হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন মুহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ সেলিম। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বিকেল চারটায় মূল মঞ্চে রয়েছে ‘আলী আহমদ: পাণ্ডুলিপি সংগ্রাহক, গবেষক ও সম্পাদক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।