চিঠিতে সারকোজির উদ্বেগ, যুক্তরাষ্ট্র বলেছে সম্পর্কে প্রভাব পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, অধ্যাপক ইউনূসের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তাঁর দেশ। যুক্তরাষ্ট্র বলেছে, ইউনূসের বিষয়ে গ্রহণযোগ্য কোনো সমাধান না হলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে।ফরাসি প্রেসিডেন্ট সারকোজি অধ্যাপক ইউনূসকে একটি চিঠি দিয়েছেন। গত মঙ্গলবার চিঠিটি প্রকাশিত হয়েছে ফ্রান্সের পত্রপত্রিকায়। চিঠিতে সারকোজি বলেছেন, ইউনূসের সামাজিক ব্যবসার মডেল বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সহায়ক হয়েছে এবং ফ্রান্সেও প্রশংসা পেয়েছে। এতে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।সারকোজি বলেন, ‘বিশ্বে দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে উদ্ভাবনী উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আন্তর্জাতিক পর্যায়ে এটি এখন প্রেরণার উৎস।’অধ্যাপক ইউনূসকে উদ্দেশ করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমি জানি বর্তমানে কী কঠিন সময় আপনি পার করছেন। আমার বিশ্বাস, এ ক্ষেত্রে আপনার দেশ একটি সঠিক সমাধানে পৌঁছাতে পারবে। ফরাসি সরকারও বিষয়টির ওপর নজর রাখবে এবং এ বিষয়ে কয়েক দিনের মধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে আমরা অবশ্যই আলোচনা করব।’এ ছাড়া, অর্থনৈতিক জোট জি-২০ সম্প্রসারণ করে জি-২৫ করতে ইউনূস যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানান সারকোজি। চিঠিতে তিনি বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বায়নের সামাজিকীকরণের জন্য ড. ইউনূসের প্রস্তাব গ্রহণযোগ্য।জি-২০ সংস্কার করার প্রস্তাব দিয়ে দুই সপ্তাহ আগে প্রেসিডেন্ট সারকোজিকে একটি চিঠি লেখেন ড. ইউনূস। এতে তিনি পাঁচটি নিম্ন আয়ের উন্নয়নশীল রাষ্ট্রকে জি-২০-তে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। চিঠিতে ইউনূস জানান, দ্রব্যমূল্যের ওঠানামা, বিশ্ব মুদ্রাব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে দেশগুলোর জি-২০-তে অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউনূসের মতে, উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের ভবিষ্যৎ নিয়ন্ত্রণের ক্ষমতা তৈরি করতে হবে। জি-২০ সম্প্রসারণের উদ্যোগ নিলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও জি-২৫-এর সম্মিলিত প্রয়াসে অবদান রাখতে পারবে।এদিকে দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক গত মঙ্গলবার বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাঁর দেশ সুসম্পর্কই রাখতে চায়। তবে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিষয়ে বাংলাদেশ সরকার যদি একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে এর প্রভাব পড়বে দুই দেশের সম্পর্কের ওপর। মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটির কাছে তিনি এ কথা বলেন।গত মাসে বাংলাদেশ সফর করেন ব্লেক। তিনি জানান, অধ্যাপক ইউনূসের মর্যাদা এবং গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা রক্ষায় সফরের সময় তিনি বাংলাদেশ সরকারকে চাপ দিয়েছেন। ইউএনবি ও বিবিসি।