চিড়িয়াখানায় অনিয়ম ও দুর্নীতি তদন্তে সংসদীয় উপকমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চিড়িয়াখানায় অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।কমিটির সভাপতি এ বি এম আশরাফউদ্দিন নিজানের সভাপতিত্বে সভায় ঢাকা চিড়িয়াখানায় সার্বিক অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে ইলিয়াসউদ্দিন মোল্লাহকে আহ্বায়ক এবং মকবুল হোসেন ও মঞ্জুর কাদের কোরায়শিকে সদস্য করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।সভায় বাংলাদেশে মৎস্যসম্পদ উন্নয়নে সঠিক সময়ে সঠিক প্রকল্প প্রণয়ন এবং খাল, বিল, হাওর, নালা, পুকুর প্রভৃতি জলাশয়ে মাছ চাষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, জিল্লুল হাকিম, মকবুল হোসেন, জাফর ইকবাল সিদ্দিকী, মঞ্জুর কাদের কোরায়শি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং নুর আফরোজ আলী বৈঠকে অংশ নেন।সভায় সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং অবাস্তবায়িত সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা পেশ করা হয়। এর আগে জমা দেওয়া বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তদন্ত প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।