চিতলমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিরোধপূর্ণ জমিতে চাষ করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের বাদামতলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ব্যক্তিরা হলেন উত্তম ঢালী (৪০), গৌতম ঢালী (৩০), নরত্তোম (২২), সৌমেন (২৪), সমরেশ (২২), আশু গাইন (২৬), রাজেন (৪৫), দিনেশ (৪৫), নরেন (৫০), গৃহবধূ বিনা রানী (৪৭), নিতাই (৩৫), অনিতা (৩৫), কৃষ্ণ (২৮), কর্ণ (৩৫), দীপক (২২), বাসুদেব (৪০), সবুজ (২২), মিলন (২৪), ভবতোষ (২২) ও মিনতি (৫০)।চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, চিতলমারীর বাদামতলা গ্রামের বিনয় গাইন ও সুভাস ঢালীর মধ্যে ৪৮ কাঠা কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জের ধরে আজ সকালে সুভাস তাঁর লোকজন নিয়ে ওই জমি চাষ করতে যান। সংবাদ পেয়ে বিনয় লোকজন নিয়ে সুভাসের লোকদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।