চিতলার খাড়িয়ার ওপর সেতুটি ঝুঁকিপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলডা খারাপ হওয়ায় হামাকেরে ম্যাল্যা সমেস্যায় পড়তে হয়। এনা বিষ্টি হলেই মরণ ফাঁদে পরিণত হয় পুলডা। গাড়ির স্টিয়ারিং এনা এদিক-ওদিক হলেই সব শ্যাষ। সোজা খ্যারার মধ্যে যাওয়া লাগে। তাই বিষ্টি হলে ভয়ে অনেক দূর ঘুর‌্যা টেরাক লিয়া যাওয়া লাগে। এই শুনি পুলডা ভালো হবি। কিন্তু আজ যায় ক্যাল যায় ভালো তো আর হচ্ছে ন্যা।’ কথাগুলো বলেন ট্রাকচালক মোজাফফর হোসেন (৪৫)। তিনি ভাড়া নিয়ে বিহারহাট-বুড়িগঞ্জ সড়ক দিয়ে নামুজা, জামুরহাটসহ বিভিন্ন জায়গায় ভাড়া খাটেন। বছরের অন্য সময় ট্রাক চালাতে পারলেও বর্ষা শুরু হলে এ সড়কে আর আসেন না। তখন তাঁকে ১০ থেকে ১২ কিলোমিটার ঘুরে ওই সব এলাকায় যেতে হয়।শুধু ট্রাকচালক মোজাফফর হোসেন নন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ওই এলাকার মানুষ এখন বিহারহাট-বুড়িগঞ্জ সড়কের চিতলার খাড়িয়ার ওপরের সেতুর পরিণাম নিয়ে আতঙ্কে আছেন। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই সড়কে ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে ব্যবসা-বাণিজ্যের ওপর পড়েছে বিরূপ প্রভাব।এলাকাবাসী জানান, সেতুর ওপর বড় গর্তের মতো অবস্থা হয়েছে। দিন দিনই এ গর্ত বড় হচ্ছে। রিকশা-ভ্যানের চাকা প্রায়ই ওই গর্তের মধ্যে পড়ে যায়। এতে যানবাহনের ক্ষতি তো হয়ই, লোকজনও আহত হয়। এ ছাড়া সেতুটির দুই পাশের মাটি দিন দিনই সরে যাচ্ছে। ফলে ওই পথ দিয়ে চলাচল করার সময় যানবাহন মাঝেমধ্যেই পাশের খাড়িয়ার মধ্যে পড়ে যায়। আর বর্ষার সময় অবস্থা আরও ভয়ংকর হয়ে পড়ে। তখন পিচ্ছিল ওই পথ দিয়ে যানবাহন চলাচল অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।সেতুর পাশের সোনাপুরা গ্রামের বাসিন্দা আবুল কাশেম (৪০) জানান, মাঝেমধ্যেই যানবাহন খাড়িয়ার মধ্যে পড়ে যায়। এক মাস আগে আলুবোঝাই একটি ট্রাক এমনভাবে খাড়িয়ার মধ্যে পড়ে যায় যে অনেক কষ্ট করে পরে সেই ট্রাকটিকে ওপরে তুলতে হয়েছে, আর ট্রাকে থাকা আলুগুলো পানির মধ্যে পচে যায়।ভ্যানচালক আবু বক্কর (৩৫) জানান, ১৫ দিন আগে সন্ধ্যার পর ওই সড়ক দিয়ে আসার সময় সেতুর গর্তে পড়ে তাঁর ভ্যানের চাকা বেঁকে যায়। অনেক রিকশা-ভ্যানের চালককেই এ যন্ত্রণা প্রতিনিয়ত সইতে হচ্ছে।ছাতুয়া গ্রামের নওফেল আলম (৩৫) জানান, ওই সড়ক দিয়ে তিনি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বিহারহাটে যাচ্ছিলেন। সেতুটির ওপর ওঠার আগেই দুর্ঘটনা ঘটে। একটুর জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।ঠিকাদার আবদুল কুদ্দুছ জানান, ওই সেতুটির কারণে উপজেলার অনেক জায়গায় ট্রাকচালকেরা যেতে চান না। যদিওবা অন্য পথে যেতে রাজি হন কিন্তু ভাড়া চেয়ে বসছেন অনেক বেশি। এ ব্যাপারে বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডল জানান, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শোনা যাচ্ছে কিছুদিনের মধ্যে ওখানে নতুন সেতু নির্মাণের জন্য কাজ শুরু হবে। কিন্তু কবে সে কাজ শুরু হবে, তা তাঁর জানা নেই।উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, মানুষের দুর্ভোগ হচ্ছে সেতুটি না করার কারণে। মানুষের এ দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।