চিতার মাংস খাওয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি চিতাবাঘের মাংস খেয়ে ফেলায় নেপালে গত রোববার ১৫ গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বন কর্মকর্তা হরি পৌদেল গতকাল বুধবার এ কথা জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নেপালের পশ্চিমাঞ্চলের মহাভারত পাহাড়ের কাছের একটি গ্রামের বাসিন্দা। তাঁরা জানান, গ্রামের একটি মন্দিরের কাছে মৃত অবস্থায় চিতাবাঘটি পান তাঁরা। গেঁটেবাত ভালো হওয়ার আশায় এর মাংস খেয়েছেন তাঁরা। হরি পৌদেল জানান, এ প্রজাতির চিতা এখন বিলুপ্ত হওয়ার পথে। তিনি জানান, গ্রামবাসী বাঘটিকে হত্যা করেছে—এমন প্রমাণ পেলে তাঁদের প্রত্যেকের সর্বোচ্চ ১০ হাজার রুপি করে জরিমানাসহ দুই বছরের জেল হতে পারে। এএফপি