চিত্র প্রদর্শনী: শুধুই মিশুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি আঁকছেন শিল্পী এস এম সুলতান। আলাদা আলাদা আলোকচিত্রে দেখা যাচ্ছে ছবিটি আঁকার শুরু থেকে শেষ মুহূর্ত। এ ছাড়া আলোকচিত্রে বিভিন্ন মুহূর্তে দেখা যাচ্ছে শিল্পীকে। ঘাটে বাঁধা কয়েকটি নৌকা, মেঠোপথ ধরে চলমান গরুর গাড়ি, শিশুদের খুনসুটি, এক মিনিটে ছবি তোলার ক্যামেরা, মাছ ধরার দৃশ্যসহ আরও নানা আলোকচিত্র ধরা দিয়েছে মিশুক মুনীরের ক্যামেরায়। তাঁর তোলা বেশ কিছু আলোকচিত্র নিয়ে শুরু হয়েছে ‘শুধুই মিশুক’ নামের চিত্র প্রদর্শনী।গতকাল রোববার বিকেলে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে দশ দিনের এই আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, খুব কাছের মানুষের প্রতিভা বিকশিত হলে তা ধরতে বিলম্ব হয়। তেমনি মিশুক মুনীরের প্রতিভা কোন দিকে বিকশিত হচ্ছে, তা ধরতে কিছুটা সময় লেগে যায়। মিশুক মুনীরের প্রথম কাজ আদম সুরত চলচ্চিত্রটি দেখে মুগ্ধ হয়েছিলাম। তিনি আরও বলেন, ‘অকালে চলে না গেলে মিশুক তাঁর প্রতিভার মাধ্যমে দেশের সাংবাদিকতা ও শিল্পজগৎকে আরও সমৃদ্ধ করতে পারত। মিশুক তাঁর কাজের মধ্যেই বেঁচে থাকবে।’অনুষ্ঠানে কিছু বলতে এসে আবেগাপ্লুত হলেন মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী। ১৩ আগস্ট মিশুক মুনীরের সঙ্গে যাঁরা নিহত হয়েছেন তাঁদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘মিশুককে এভাবে স্মরণ করতে হবে তা কখনোই ভাবিনি।’ সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।প্রদর্শনীর পৃষ্ঠপোষক ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম শাহ আলম সারওয়ার বলেন, ‘যে সময় মিশুক নিজের কাজ দিয়ে দেশকে আরও সমৃদ্ধ করতে পারতেন, সে সময়ই আমরা তাঁকে হারিয়েছি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশুক মুনীরের মা লিলি চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রপা মজুমদার। মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অধ্যাপক আবদুল মমিন চৌধুরী।অপরাজেয় বাংলা ভাস্কর্যের নির্মাণ পর্ব, শিল্পী বন্ধু ও স্বজনদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত, পুরান ঢাকার অলিগলি, জনপদে টুকরা টুকরা জীবনের গল্প উঠে এসেছে প্রদর্শনীর আলোকচিত্রে। বিভিন্ন সময় কাজের ঝোঁকে কাজ করেছেন মিশুক। সেগুলোকে সংরক্ষণ করার প্রতি গুরুত্ব ছিল কম। প্রদর্শনীর বেশ কিছুদিন আগে তোলা এ ছবিগুলো পুনরুদ্ধার করেছেন মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী ও বন্ধু আলী মোরশেদ নোটন। মোট চারটি আলাদা গ্যালারির প্রদর্শনীর দুটিতে মিশুক মুনীরের ধারণকৃত আলোকচিত্র, একটিতে তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে তোলা আলোকচিত্র ও তাঁর ব্যবহূত ডায়েরি, মুঠোফোনসহ আরও অনেক কিছু রয়েছে। আর একটিতে দেখানো হচ্ছে মিশুক মুনীরের ধারণ করা চলচ্চিত্রের টুকরো টুকরো অংশ দিয়ে গ্রথিত ৩০ মিনিটের একটি পরিবেশনা। ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।