গাঁয়ের এক বধূ ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে পরম আগ্রহ নিয়ে দেখছে বাইরের দিকে। নতুন বউ যাচ্ছে গরুর গাড়িতে চড়ে। রুপালি চুলের শিল্পী কামরুল হাসানের মস্ত বড় এক ছবির পেছনে তাঁর আঁকা এসব চিত্রকর্ম।গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে শুরু হয়েছে বরেণ্য শিল্পী পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম ও ব্যবহার্য বিভিন্ন অনুষঙ্গ নিয়ে বিশেষ প্রদর্শনী। শিল্পীর বাছাই করা তিন শতাধিক চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। শিল্পীর আঁকা শেষ রেখাচিত্র ও তাঁর হাতে লেখা নানা পাণ্ডুলিপির পাতাও প্রদর্শিত হচ্ছে এখানে।প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া শতাব্দীর কামরুল উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, শিল্পী হাশেম খান ও কামরুল হাসানের কন্যা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমনা হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। চিত্রকর্ম ছাড়াও একাত্তরের ঘাতক ও স্বৈরাচারীদের বিরুদ্ধে শিল্পী কামরুল হাসানের প্রতিবাদের আলোকচিত্রসহ বিভিন্ন সময়ের আলোকচিত্র দেখানো হচ্ছে এই প্রদর্শনীতে। পাশাপাশি শিল্পীর খেরো খাতার পাতা থেকে বিভিন্ন লেখাও দেখা যাবে এখানে। প্রদর্শনী চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।