চিত্রকে মিগেলের বাংলা
স্পেনের শিল্পী মিগেল অলিভারের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ভুল না আমায়’ শুরু হলো গতকাল শনিবার ধানমন্ডির ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির গ্যালারি চিত্রকে। সন্ধ্যায় সাংসদ আসাদুজ্জামান নূর ১০ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন। আলোচনা করেন মিগেলের শিল্পগুরু শিল্পী শহীদ কবির, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ ও কবি রবিউল হুসাইন। সভাপতিত্ব করেন অধ্যাপক সামসুল ওয়ারেস। প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩০টি। মিগেল অলিভার ২০০৯ সালে প্রথম বাংলাদেশে আসেন। ছিলেন বেশ কয়েক মাস। বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের গারো পাহাড় এলাকায় ঘুরে ঘুরে এ দেশের নদী ও নদীতীরবর্তী সাধারণ মানুষের জীবনযাত্রা, আদিবাসীদের সংস্কৃতির সঙ্গে পরিচিত হন। বাংলার প্রকৃতি ও মানুষের সহজ-সরল জীবনযাত্রা তাঁকে মুগ্ধ করে। এসব নিয়েই ছবি এঁকেছেন তিনি। বাংলার টানে ফিরে এসেছেন আবার চলতি বছরের প্রথম দিকে। প্রথমবারের মতোই ঘুরেছেন গ্রামাঞ্চলে। নদী, প্রকৃতি ও সাধারণ মানুষ নিয়ে ছবি এঁকেছেন। সেই ছবি নিয়েই প্রদর্শনী ‘ভুল না আমায়’।উদ্বোধনী অনুষ্ঠানে মিগেল বলেন, তিনি বাংলাদেশের মানুষের বন্ধু হতে চান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদেশি হলেও গভীর মমতা নিয়ে মিগেল আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা পর্যবেক্ষণ করেছেন, তাদের ভালোবেসেছেন এবং বাংলার নিসর্গে মুগ্ধ হয়েছেন। তাঁর শিল্পকর্মে সেই মুগ্ধতার প্রকাশ ঘটেছে। প্রদর্শনী চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।