চিত্রকের বাড়ি বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাসের শেষ নাগাদ ঢাকার রাজপথে বাক্স-পেটরাসহ নানা আকারের লটবহর ঠেলা, ভ্যান বা ট্রাকে চাপিয়ে বাড়ি বদলের প্রক্রিয়া কোনো কৌতূহলোদ্দীপক দৃশ্য নয়। ‘এতটুকু বাসা করেছিনু আশা’ এই মহানগরে কজনেরই বা পূরণ হয়! মনে আশার বীজ বপন করে ঠিকানা বদলে বদলেই জীবনতরী বাওয়ার পালা সাঙ্গ হয় বেশির ভাগ মানুষের।ব্যক্তিজীবনেই কেবল যে ঠিকানা বদলের প্রক্রিয়ায় জড়িয়ে পড়তে হয় তা নয়, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও অনেকটা তাই। তফাতটা হচ্ছে, এ ক্ষেত্রে মালসামানের ভিন্নতার কারণে তা কিছু নজর কাড়তেও পারে, বিশেষ করে, তা যদি হয় একটি শিল্প গ্যালারির।এসব কথা উঠছে গ্যালারি চিত্রকের ঠাঁইনাড়া হওয়ার সুবাদে। ধানমন্ডির ৪ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে ২০০০ সালে যাত্রা শুরু হয়েছিল চিত্রকের। সেই ঠিকানা পাল্টে গেল গতকাল শুক্রবার। নতুন ঠিকানা অবশ্য একই পাড়ায়। চিত্রক উঠে এসেছে ৬ নম্বর সড়কের ৪ নম্বর বাড়িতে।ডানে-বাঁয়ে, সামনে-পেছনে আধুনিক স্থাপত্যরীতির সব বহুতল ভবনের মাঝখানে একতলা পুরোনো দিনের বাড়িটি যেন এত দিন অপেক্ষা করছিল আর্ট গ্যালারি হয়ে ওঠার জন্যই। সামনে একচিলতে উঠান। প্রাচীরের সামনে দিয়ে কয়েকটি নারকেলগাছ। এর তলায় সাজানো বাগান। পেছনে ছয় কক্ষের বাড়িটি এখন ভরে উঠেছে দেশের প্রথিতযশা প্রবীণ ও নবীন শিল্পীদের শিল্পসম্ভারে। প্রাঙ্গণটিও সাজানো হয়েছে উৎসবের সজ্জায়।ছুটির দিনের মন্থর বিকেলে শিল্পী ও কলারসিকদের সমাগমে প্রাণবন্ত হয়ে উঠেছিল চিত্রকের নতুন প্রাঙ্গণ। নতুন গৃহপ্রবেশ সব সময়ই আনন্দের, তবে এর সঙ্গে ফেলে আসা ঠিকানার বহু অম্লমধুর স্মৃতিও আবেগতাড়িত করে তোলে। নতুন গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে সেসব স্মৃতিও উঠে এল আলোচনায়। চিত্রকের নতুন গৃহপ্রবেশ ঘটল শিল্পাচার্য জয়নুল আবেদিন থেকে শুরু করে বর্তমানের সম্ভাবনাময় ৬৫ জন তরুণ শিল্পীর কাজের যৌথ প্রদর্শনী দিয়ে। শিল্পী কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী। আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহমেদ, শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম ও শহীদ কবির। গ্যালারির বিগত কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক শিল্পী মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন অন্য দুই পরিচালক শিল্পী জহিরুদ্দীন ও আহমদ নাজির। প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও আমিনুল ইসলামের স্মৃতির প্রতি।শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা তেমন প্রাধান্য পায় না। কিন্তু এখানে যেহেতু প্রদর্শনীর সঙ্গে গৃহপ্রবেশের ঘটনাও সংশ্লিষ্ট, তাই আলোচনায় এসেছিল নানা প্রসঙ্গ। আলোচকেরা বললেন, ‘আমাদের শিল্পকলা এখন এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে স্থান করে নিচ্ছে। এ পর্যায়ে চিত্রকলার অবস্থান সম্পর্কে একটি সার্বিক মূল্যায়ন প্রয়োজন। এ ছাড়া দেশে শিল্পানুরাগী ও সংগ্রাহকের সংখ্যা বাড়ছে। এখন যে পরিবেশ, তাতে ঢাকায় অন্তত ১০টি গ্যালারি চলতে পারে। সে তুলনায় ভালো গ্যালারির সংখ্যা কম। গ্যালারিগুলোকে শিল্পকর্মের প্রদর্শনীর পাশাপাশি দেশে শিল্পানুরাগী সৃষ্টি এবং বিদেশে দেশের শিল্পকলার পরিচিতি তুলে ধরতেও উদ্যোগী হওয়া প্রয়োজন।’চিত্রকের উদ্যোক্তারা জানালেন, গত ১১ বছরে তাঁরা একক ও যৌথ মিলিয়ে শতাধিক প্রদর্শনী করেছেন। তবে শিল্পী ও শিল্পরসিকদের কাছে চিত্রকের বিশেষ আকর্ষণ ছিল এর আড্ডা। গ্যালারি প্রাঙ্গণে নিয়মিতই নবীন-প্রবীণ শিল্পী ও শিল্পানুরাগীরা এসে বিকেল থেকে সন্ধ্যারাত পর্যন্ত খোলামেলা আড্ডায় মেতে উঠতেন। শিল্প, সাহিত্য, সংগীত—নানা প্রসঙ্গেই জমে উঠত কথোপকথন। ঢাকায় এখন এ ধরনের আড্ডার স্থানের স্বল্পতার কথা উল্লেখ করে আমন্ত্রিত অতিথিরা সবাই এক রকম দাবিই তুললেন, ঠিকানা বদলালেও চিত্রকের চরিত্র যেন না বদলায়। আড্ডার পরিবেশটি যেন থাকে আগের মতোই। পাশাপাশি শিল্পীদের কাছে বাড়ি ভাড়া দেওয়ার জন্য গৃহস্বামীকে ধন্যবাদ দিতেও কার্পণ্য করেননি তাঁরা।নতুন গ্যালারির এই উদ্বোধনী প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল ইসলাম, এস এম সুলতান, সফিউদ্দিন আহমেদ, রশিদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক, রফিকুন নবী, কাজী আবদুল বাসেত, নিতুন কুন্ডু, মাহাবুবুল আমিন, সৈয়দ জাহাঙ্গীর, মুর্তজা বশীর, মুস্তাফা মনোয়ার, সমরজিৎ রায়চৌধুরী, আবদুল মুক্তাদির, আবু তাহের, মনিরুল ইসলাম, তাহেরা খানম, কালিদাস কর্মকার, হামিদুজ্জামান খান, শাহাবুদ্দিন আহমেদ, শহীদ কবির ছাড়াও তরুণ শিল্পীদের কাজ রয়েছে। প্রদর্শনী চলবে ২০ আগস্ট পর্যন্ত। এর মধ্যে চিত্রকের নতুন বাড়িতে এলে দর্শকেরা শিল্পকৃতির আনন্দ আস্বাদনের সঙ্গে এক ঝলকে দেশের চিত্রকলার গতিপ্রকৃতির একটি ধারণাও পাবেন।