চিত্রনায়িকা দোয়েল আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আড়াই বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন চিত্রনায়িকা দোয়েল। আজ বৃহস্পতিবার সকাল নয়টা ২০ মিনিটে রাজধানীর ডিফাম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।দোয়েলের স্বামী সুব্রত জানান, দোয়েল ২০০৯ সালের শেষ দিক মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। তখনই তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। সর্বশেষ গত এক মাসে চিকিত্সার জন্য তিনটি হাসপাতাল পরিবর্তন করতে হয়েছে। সুব্রত জানান, দোয়েলের মরদেহ আজ দুপুর ১২টায় ইন্দিরা রোডে পূর্ব রাজাবাজারের বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে বেলা একটায় নিয়ে যাওয়া হবে বিএফডিসিতে। পরে সেখান থেকে মিরপুরের বুদ্ধিজীবী গোরস্থানে তাঁকে দাফন করা হবে।১৯৮২ সালে চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন দোয়েল। এতে তাঁর সহশিল্পী ছিলেন রাজ্জাক। দোয়েল অভিনীত সর্বশেষ চলচ্চিত্র কাজী হায়াতের ‘কাবুলিওয়ালা’। এতে তাঁর স্বামী সুব্রত এবং মেয়ে দীঘিও অভিনয় করেন। দোয়েল অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা প্রায় ১০০।দোয়েলের পুরো নাম ইফতে আরা ডালিয়া। ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন।