চিত্রা নদীর দুই পাড়ে ভবন ও পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী চিত্রা নদীতে চলছে দখলের হিড়িক। নদীর দুই পাড়ের জায়গা দখল করে সেখানে গড়ে তোলা হচ্ছে বড় বড় পাকা ভবনসহ নানা স্থাপনা। ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব ভবন, নার্সারিসহ নানা অজুহাতে এই দখল অব্যাহত রয়েছে। নদীর মাঝে শত শত পুকুর কেটে পানির গতি রোধ করা হয়েছে। তার পরও এগুলো দেখার কেউ নেই। দখলদারেরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতেও সাহস পায় না।সরেজমিনে নদী এলাকা ঘুরে এবং নদীর পাড়ের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে চিত্রা নদী ঝিনাইদহে প্রবেশ করে কালীগঞ্জের ওপর দিয়ে যশোর হয়ে নড়াইলে পৌঁছেছে। ঝিনাইদহ অংশে এর আয়তন রয়েছে ৪৫ কিলোমিটার। এই ৪৫ কিলোমিটারের বেশির ভাগ জায়গায় এখন নদীর পাড়ে পুকুর তৈরি করা হয়েছে। নদীর দুই পাড়ে মানুষ বসবাস করতে শুরু করেছে। পাড় বেঁধে সেখানে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। বিভিন্ন ক্লাব, সমিতি, ধর্মীয় প্রতিষ্ঠান এই দখলের প্রতিযোগিতায় রয়েছে। নদীর জায়গায় পুকুর কেটে মাছ চাষ, নদী ভরাট করে নার্সারি প্রতিষ্ঠা এবং মার্কেটও গড়ে তোলা হয়েছে।নদীর একটি অংশ কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশ। এখানে গড়ে উঠেছে বড় বড় ভবন। নদীর ব্রিজের পশ্চিম পাশে নির্মাণ শুরু হয়েছিল একটি বিশাল পাকা ভবন। পরে ভবনের নির্মাণকাজ বন্ধ থাকলেও এটি ভাঙার কোনো উদ্যোগ নেই।খোঁজ নিয়ে জানা গেছে, এ ভবন নির্মাণ শুরু করেন যশোর নওয়াপাড়া এলাকার সাইফুল ইসলাম। তিনি এখানে একটি ক্লিনিক করতে চেয়েছিলেন। তারই নিকট-আত্মীয় শহরের ব্যবসায়ী রকিব উদ্দিন জানান, জায়গাটি দেখতে নদীর মাঝে মনে হলেও এটা আসলে মালিকানা সম্পত্তি। ক্রয়সূত্রে তাঁর ওই আত্মীয় এ জমির মালিক হয়েছেন। আড়পাড়া এলাকার গোলাম সরোয়ারের কাছ থেকে সাইফুল ইসলাম এ জমি কিনেছেন।এ ব্যাপারে গোলাম সরোয়ার বলেন, ‘আমার বাবা দলিল উদ্দিন বিশ্বাসের নামীয় সম্পত্তি। তৎকালীন নলডাঙ্গার রাজাদের কাছ থেকে দাখিলা মূলে পেয়ে বাবা এ জমির মালিক হন। বাবার মৃত্যুর পর আমরা এ জমির মালিক হয়েছি। পরে বিভিন্ন ব্যক্তির কাছে আমরা জমিটি প্লট তৈরি করে বিক্রি করেছি।’তবে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৬ সালের এসএ রেকর্ডে আছে, এ জমি নদীর সম্পত্তি। পরে ভুয়া কাগজপত্রের মাধ্যমে জায়গাটি দলিল উদ্দিনের নামে করা হয়েছে।এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হারুন-অর রশীদ বলেন, ‘নদীর জমিতে ঘর তৈরির অভিযোগ পেয়ে আমরা নির্মাণকাজ বন্ধ করি। সেই অবস্থায় পড়ে আছে বহু দিন। নদীর জায়গা ব্যক্তিমালিকানায় যাওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো কাগজ দেখিয়ে থাকেন, সেটা সঠিক কাগজ নয়।’একইভাবে চিত্রা নদীর পুরাতন ব্রিজের পূর্ব পাশের বিশাল এলাকা দখল করে কালীমন্দিরের ভোজনখানা নির্মাণের কাজ চলছে। মন্দির কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে তাঁরা জানান, ধর্মীয় প্রতিষ্ঠান হচ্ছে, এ নিয়ে লেখালেখি না করাই ভালো। এদিকে হেলাই ব্রিজের পাশে নদী ভরাট করে একটি নার্সারি প্রতিষ্ঠা করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারের নিচ দিয়ে অসংখ্য পুকুর কাটা হয়েছে। উঁচু পাড় বানিয়ে নদীর পানির গতি রোধ করা হয়েছে। এ ছাড়া কালীগঞ্জ উপজেলার হেলাই, শোয়াইব নগর, শ্রীরামপুর, ফয়লা, শালিখা, ফারাসপুর, মনোহরপুর, ষাটবাড়িয়া ও মোস্তফাপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীর দুই পাড়ে অসংখ্য পুকুর তৈরি করা হয়েছে। এ ছাড়া পুরাতন ব্রিজের কাছে নির্মাণ করা হয়েছে মার্কেট।