চিনি উধাও, তেলের বাজার নিয়ন্ত্রণহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সিদ্ধান্তের কারণে বাজার থেকে উধাও হয়ে গেছে চিনি। দর বেঁধে দেওয়ার পরদিন থেকেই বাজারে চিনি মিলছে না। সরকার-নির্ধারিত দরে ভোজ্যতেল বিক্রি হচ্ছে না কোথাও। চট্টগ্রামে ঠিক করা হয়েছিল ছোলার দাম। সেখানেও লাগামহীন বাজার।বাজার থেকে কার্যত উধাও হয়ে গেছে নিয়ন্ত্রণ। ব্যবসায়ীরা ইচ্ছেমতো দরে পণ্য বিক্রি করছেন অথবা বিক্রিই বন্ধ করে দিয়েছেন। সরকার দর নির্ধারণ করে দিয়ে নিজেও বাজার থেকে উধাও হয়ে গেছে। তদারক করার কেউ নেই। ফলে বাজার চলছে ইচ্ছেমতো।সরকারি হিসাবে বাজারে চিনির কোনো ঘাটতি নেই। ট্যারিফ কমিশনের হিসাবে, বাজারে এখন এক লাখ এক হাজার ৫৫ মেট্রিক টন চিনি রয়েছে। গত এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৫৮৭ মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। কিন্তু দোকানে গেলে একটিই কথা, ‘চিনি নেই’।রমজান মাস সামনে রেখে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয় চিনি, সয়াবিন ও পাম তেলের দর নির্ধারণ করে দেয়। সরকার-নির্ধারিত দর অনুযায়ী, খুচরা ব্যবসায়ীদের খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১০৯, পাম তেল ৯৯ ও চিনি ৬৫ টাকায় বিক্রি করতে হবে। সরকারের এই সিদ্ধান্তের পরই চরম অস্থির হয়ে উঠেছে বাজার।চিনির মূল্যবৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ীরা দোষ দিচ্ছেন পাইকারি ব্যবসায়ীদের। বলছেন, পাইকারেরা বেশি দামে চিনি বিক্রি করলে তাঁদের পক্ষে কম দামে ক্রেতাদের চিনি দেওয়া সম্ভব নয়। আর পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বড় কয়েকটি পরিশোধন কারখানা বন্ধের কারণে বাজারে চিনির সরবরাহ কম।চিনিশূন্য খোলাবাজার: রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে গতকাল শুক্রবার খুচরা দোকানগুলোতে খুব একটা চিনির সন্ধান পাওয়া যায়নি। বেশির ভাগ খুচরা ব্যবসায়ী বলছেন, তাঁরা আর চিনি বিক্রি করছেন না।পলাশী বাজারে সব মিলিয়ে দোকান আছে ২৫টির মতো। গতকাল সকালে ওই বাজার ঘুরে কেবল একটি দোকানে চিনি বিক্রি করতে দেখা গেছে, তা-ও ৭২ টাকায়। দোকানি জানান, দোকানের বর্তমান মজুদ শেষ হলে নতুন করে আর চিনি আনবেন না।একই বাজারের ওবায়েদ স্টোরের মো. আবদুস সাত্তার বলেন, ‘রাগ কইরা চিনি আনা বন্ধ কইরা দিণি। মৌলভীবাজারে চিনি পাওয়া যাইতাছে না। যা পাওয়া যায়, সেটা বেশি দামে কিনতে হয়। লস দিয়া চিনি বেচমু নাকি!’পলাশী বাজারের আমিন স্টোরের মালিক মো. নুরুল আমিন গতকাল পাইকারি বাজার থেকে চিনিই আনেননি। তাঁর অভিযোগ, মৌলভীবাজার থেকে চিনি বিক্রি করছে রসিদ ছাড়া। যেন কত দামে বিক্রি করছে, সেটা সবাই জানতে না পারে। বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত কয়েকজন পাইকারি ব্যবসায়ীকে জরিমানা করার পর তাঁরা এ কাজ করছেন।বকশিবাজার মোড়ে শিক্ষা বোর্ডের সামনে দুটি দোকানে খোঁজ করেও চিনির দেখা মেলেনি। শ্যামলী সিনেমা হলের বিপরীত দিকে থাকা দোকানে খোঁজ করেও খোলা চিনি পাওয়া যায়নি। এর বদলে সেখানে বিক্রি হচ্ছে ৭০ টাকায় প্যাকেটজাত চিনি।হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকের দোকানগুলোতে খোঁজ করেও চিনি পাওয়া যায়নি। একজন দোকানি বলেন, ‘চিনি বেচা বন্ধ করে দিয়েছি।’কারওয়ান বাজার কিচেন মার্কেটের ভেতরে গোটা চল্লিশেক দোকান রয়েছে। বেলা পৌনে তিনটার দিকে ওই দোকানগুলো ঘুরে মাত্র একটিতে চিনি পাওয়া গেছে। সেখানে চিনি আছে সাকল্যে দেড়-দুই কেজি। ওই দোকানি বলেন, ‘নতুন করে চিনি আনার সাহস করছি না। এগুলো বেচতে পারলেই বাঁচি।’মৌলভীবাজারের খুচরা দোকানেই গতকাল চিনি বিক্রি হয় ৭২ টাকা কেজি। একজন দোকানি মো. নাদিমের কাছে জানতে চাইলাম, ‘আপনার তো কোনো যাতায়াত খরচ নেই। তার পরও এত বেশি দাম রাখছেন কেন?’ তাঁর উত্তর, ‘চিনি কিনছিই তো ৭০ টাকায়। দুই টাকা কি লাভ করমু না!’ এর সঙ্গে যোগ করে বলেন, ‘মোবাইল কোর্ট পাইকারগো জরিমানা করছে। ওই ঝালটা তো আমাগো ওপর দিয়াই যাইব।’তোপখানা রোডের রাতুল স্টোরে বড় ভাইয়ের সঙ্গে বসেন মো. সোহাগ। দুপুর ১২টার দিকে মৌলভীবাজারে এসেছিলেন এক বস্তা চিনি কিনতে। তখন মৌলভীবাজারেই তাঁর সঙ্গে কথা হয়। তিনি বললেন, বেশির ভাগ পাইকারি দোকানই বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। দু-একটি খোলা থাকলেও তাঁরা ৫০ কেজির বস্তার দাম হাঁকছেন সাড়ে তিন হাজার টাকা।চিনির হলো কী: পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় চিনির দাম চড়া। তাঁদের ভাষ্য, প্রতিদিন দেশে চিনির চাহিদা প্রায় পাঁচ হাজার টন। বাজারে এখন সরবরাহ আছে মাত্র দুই হাজার টন। এ কারণে পাইকারি বাজারেই চিনির দাম বেশি।৯ জুলাই মিলমালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যসচিব গোলাম হোসেন বলেছিলেন, বর্তমানে চিনির মজুদ আছে ৯৭ হাজার টন। ইতিমধ্যে দুই লাখ ১৭ হাজার টনের ঋণপত্র খোলা হয়েছে। এ ছাড়া চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের কাছে রয়েছে ৫৩ হাজার টন। ঈদ পর্যন্ত তিন লাখ টন চিনির চাহিদা থাকলে আরও এক লাখ টন অতিরিক্ত থেকে যায়। ওই বৈঠকে ব্যবসায়ীরা জানিয়েছিলেন, চিনির বর্তমান মজুদ ৭৫ হাজার মেট্রিক টন।এদিকে চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন বলছে, বাজারে এখন এক লাখ এক হাজার ৫৫ মেট্রিক টন চিনি রয়েছে। আর এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত চার লাখ ১২ হাজার ৫৮৭ মেট্রিক টন অপরিশোধিত চিনি আমদানির জন্য ঋণপত্র খোলা হয়েছে। এই চিনি ঠিকমতো পরিশোধন করলে তা থেকে পরিশোধিত চিনির পরিমাণ হবে তিন লাখ ৮২ হাজার ২৫ মেট্রিক টন। এই পরিসংখ্যান দেখিয়ে জুলাইয়ের শুরুতে ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ হচ্ছে, বাজারে চিনির ঘাটতি থাকবে না।বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘চারটি পরিশোধনকারী কারখানা বন্ধ থাকায় আমরা চিনি পাচ্ছি না। বেঁধে দেওয়া দরে যদি মিল থেকে চিনি না আসে, তবে কম দামে তা বিক্রি করা সম্ভব না।’বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশনের সভাপতি ও দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম বন্দর ও এর আশপাশে ৮০ হাজার টন চিনি রয়েছে। আরও সাড়ে তিন লাখ টন চিনি আসছে। শিগগিরই চিনির সংকট কেটে যাবে।খোলা সয়াবিন তেলও নেই: রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও খুচরা দোকানে খোলা সয়াবিন তেলেরও দেখা মিলছে না। খোলা তেল চাইলে বেশির ভাগ দোকানিই বোতল ও প্যাকেটজাত সয়াবিন তেল দেখিয়ে দিচ্ছেন ক্রেতাদের। আর যেসব দোকানে খোলা তেল বিক্রি হচ্ছে, তাতে সরকার-নির্ধারিত দামের চেয়ে চার-পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে।মিরপুরের বিভিন্ন স্থানে গতকাল খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ১১৫ টাকা লিটার। একজন ক্রেতার অভিযোগ, ‘সরকার দাম ঠিক করেছে ১০৯ টাকা। কিন্তু কিনতে এসে এর কোনো লক্ষণ দেখলাম না। তেল কিনেছি ১১৫ টাকায়।’হাতিরপুল কাঁচাবাজারের উল্টো দিকের দোকানগুলোতেও খোলা তেলের দেখা মেলেনি। সবাই বোতল ও প্যাকেটজাত তেল বিক্রি করছেন। তবে বাজারের ভেতরে খোলা সয়াবিন বিক্রি হয় ১১২ থেকে ১১৪ টাকা লিটার। কারওয়ান বাজারেও একই দামে খোলা তেল বিক্রি হয়েছে।সরকারি কার্যক্রম সচিবালয়ে: ছুটির দিনেও গতকাল সচিবালয়ে উপস্থিত ছিলেন বণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ঈদের আগ পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার অফিস করবেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে বাজার তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪টি ভ্রাম্যমাণ আদালত বাজার পর্যবেক্ষণ করে গতকাল অতিরিক্ত সচিব এম মুর্তজা রেজা চৌধুরীর সঙ্গে দেখা করেছেন। আদালতগুলো তাঁদের পর্যবেক্ষণে বলেছেন, আমদানিকারকেরাই বাজারে চিনির সংকটের জন্য দায়ী। তাঁরা সময়মতো চিনি আমদানি করেননি। আদালতের আরেকটি পর্যবেক্ষণ হচ্ছে, দর নির্ধারণের আগে থেকেই বেশি দামে চিনি বিক্রি হচ্ছিল। সে সময় যেসব ব্যবসায়ী চিনি কিনেছিলেন, তাঁরা বেশি বিপাকে পড়েছেন। এ কারণে দাম বেশি।রমজানের আগে চিনি আমদানি না করা এবং পরিশোধন কারখানা বন্ধ রাখার কারণ জানতে চেয়ে বৃহস্পতিবার চারটি চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়েছিল মন্ত্রণালয়। সূত্র জানায়, চিঠি পাওয়ার দিনই দেশবন্ধু সুগার মিলস টেলিফোনে মন্ত্রণালয়কে জানায়, তিন-চার দিনের মধ্যে তাদের ৫২ হাজার মেট্রিক টন চিনি দেশে এসে পৌঁছাবে। আর মেঘনা গ্রুপ বলেছে, এক সপ্তাহের মধ্যে তাদের ৭৫ হাজার টন চিনি এসে পৌঁছাবে। বাকি দুটি কোম্পানি মন্ত্রণালয়কে এখনো কিছু জানায়নি।