চিনি ও তেলের দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেছেন, পবিত্র ঈদুল আজহায় চিনি ও ভোজ্যতেলের দাম বাড়বে না। বিশ্ববাজারে চিনির দাম কমেছে। তাই বাংলাদেশেও চিনির দাম কমবে। ঈদ উপলক্ষে চিনি ও তেলের দাম বাড়বে না; বরং কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।আজ মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সম্প্রতি বাণিজ্যমন্ত্রী জার্মানি সফর করেছেন। সাংবাদিকদের সঙ্গে জার্মানি সফরের অভিজ্ঞতা বর্ণনা করার পাশাপাশি তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখেই দেশে দ্রব্যমূল্য আছে। ব্যবসায়ীরা কেউ চালাকি করে বেশি দাম নিতে পারছেন না। তিনি বলেন, সব সময়ই গণমাধ্যমে বলা হয় যে বিশ্ববাজারে দ্রব্যমূল্য বাড়লে দেশে বাড়ে। কিন্তু বিশ্ববাজারে দাম কমলে দেশে আর কমে না। কিন্তু সম্প্রতি এ ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী দাবি করেন, বিশ্ববাজারে চিনির দাম কমেছে দেশেও চিনির দাম কমেছে। ফারুক খান আরও বলেন, দ্রব্যমূল্যের পাশাপাশি ব্যবসায়ীদের দিকটিও ভেবে দেখা দরকার। তবে ব্যবসায়ীরাও মাঝেমধ্যে এমন কাজ করে যেগুলো মেনে নেওয়া যায় না।