নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চিনি, পেঁয়াজ ও মাঝারি মানের চালের দাম কিছুটা বেড়েছে। অপরিবর্তিত রয়েছে মোটা চাল, আটা, উন্নত মানের চাল, মসুর ডাল, ভোজ্যতেলসহ শাকসবজির দাম। আর কমেছে আলু ও সয়াবিন তেলের দাম।খুচরা বাজারে চিনির দাম বেড়েছে কেজিতে দুই থেকে চার টাকা করে। পাইজাম, লতা ও মোটা চালের দাম বেড়েছে কেজিতে এক টাকা। তবে পেঁয়াজের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এক সপ্তাহের ব্যবধানে আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ছয় টাকা আর দেশি পেঁয়াজ বেড়েছে সাত টাকা। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র পাওয়া গেছে। গত বৃহস্পতিবার খুচরা বাজারে মানভেদে চিনি বিক্রি হয়েছিল ৫৪ থেকে ৫৮ টাকা দরে। ব্যবসায়ীরা জানান, শুক্র ও শনিবার দুই দিন খুচরা বাজারে এই চিনির দর উঠেছে ৫৬ থেকে ৬০ টাকা। আর খুচরা বাজারে দাম বাড়ার কারণ হলো পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়া।তবে এ বৃদ্ধির পেছনে সুনির্দিষ্ট কোনো কারণের কথা জানাননি চিনি পরিশোধনকারী মিল মালিক ও ডিলাররা। খুচরা ব্যবসায়ীরা জানান, এতে তাঁদের কোনো হাত নেই, বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, কয়েক মাস থেকেই চিনির দাম বাড়াতে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের কাছে বলে আসছিলেন চিনি পরিশোধনকারী মিলমালিকেরা। কোনো আলোচনা বা সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় তাঁরা নিজেরাই চিনির দাম বাড়িয়ে দিয়েছেন। এক সপ্তাহ আগে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ২২ থেকে ২৬ টাকা। গতকাল এর দর উঠেছে ২৮ থেকে ৩২ টাকায়। আর দেশি পেঁয়াজ এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ২৫ থেকে ৩০ টাকা। গতকালের দর ছিল ৩২ থেকে ৩৪ টাকা। আর খুচরা বাজারে আলু আগের সপ্তাহে ১৩ থেকে ১৬ টাকার মধ্যে বেচাকেনা হলেও গতকাল কিছুটা কমে দর নেমে এসেছে ১৩ থেকে ১৪ টাকার মধ্যে।খোলা সয়াবিন তেলও আগের সপ্তাহে কেজি ৭৯ থেকে ৮২ টাকা দরে বিক্রি হলেও এক টাকা করে কমে গতকাল বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮১ টাকা। হাতিরপুল বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী জাহিদা রহমান প্রথম আলোকে বলেন, ‘চিনির দরটা কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারল না সরকার। এ ব্যাপারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) কার্যকর করার কথা কেবলই শুনি, কিন্তু কোনো ফল দেখি না।’ তবে টিসিবির চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, ‘দ্রব্যমূল্য সহনশীল রাখতে শিগগির কিছু কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ রকম নির্দেশনা পাওয়া গেছে।’