চিনি ও ভোজ্যতেলে পরিবেশক পদ্ধতি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেলের ওপর বিদ্যমান ১০ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহারের চিন্তা করছে সরকার। এর পরিবর্তে সয়াবিন ও পামতেলের ওপর নামমাত্র সুনির্দিষ্ট কর (স্পেসিফিক ডিউটি) বসানো হতে পারে।বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এ বিষয়ে একটি চিঠি পাঠাবে বলে জানা গেছে। চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে এনবিআরের উদ্দেশে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা থাকছে। আগামী আগস্টে শুরু হওয়া রমজান মাস সামনে রেখেই মূসক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা। ভোজ্যতেল পরিশোধন কারখানা সমিতি সূত্র জানায়, মাসে এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টনের মতো ভোজ্যতেলের চাহিদা রয়েছে। রমজানে তা বেড়ে দাঁড়ায় এক লাখ ৬০ হাজার টন। এনবিআর সূত্রে জানা গেছে, মূসক প্রত্যাহার হলে ২০০ কোটিরও বেশি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে সরকার। সুতরাং মূসক প্রত্যাহারের সুফল যাতে ভোক্তারা পান, তা নিশ্চিত করাও জরুরি বলে এনবিআরের একজন কর্মকর্তা আশা করেন। এদিকে, আজ মঙ্গলবার থেকে দেশে চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি চালু হতে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ১ জুন থেকে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুর নির্দেশ দিলেও ব্যবসায়ীদের কেউই তা মানেননি। গত ২১ মার্চ ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১’ জারি করে সরকার। আদেশ জারির দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করার কথা। এ সময়ের মধ্যে পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রচলিত সরবরাহ আদেশ (ডিও) পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাওয়ারও কথা। তবে গত বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৩০ জুন পর্যন্ত ডিও পদ্ধতি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সময়ের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্নেরও সিদ্ধান্ত হয় বৈঠকে। সূত্র জানায়, পরিবেশক নিয়োগে সবচেয়ে এগিয়ে রয়েছে তীর মার্কা ব্র্যান্ডের সিটি গ্রুপ। চিনি ও ভোজ্যতেল মিলিয়ে তারা তিন হাজার ৬০০ পরিবেশক নিয়োগ দিয়েছে। ফ্রেশ ব্র্যান্ডের মেঘনা গ্রুপ নিয়োগ দিয়েছে ৬৬৫ জন। এ ছাড়া রূপচাঁদা ১১৯ জন, আবদুল মোনেম লিমিটেড চিনির জন্য ৩৩৭ জন ও দেশবন্ধু ১৫২ জন পরিবেশক নিয়োগ দিয়েছে। এস আলম গ্রুপ, দাদা ব্র্যান্ডের ইলিয়াস ব্রাদার্স, মুশকান ব্র্যান্ডের এসএ অয়েল, পুষ্টি ব্র্যান্ডের মাল্টিঅয়েল, রুবাইয়া, পারটেক্স গ্রুপ গতকাল সোমবার পর্যন্ত কোনো পরিবেশক নিয়োগ দেয়নি। বাংলাদেশ এডিবল অয়েলের সাপ্লাই চেইন বিভাগের প্রধান রিয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবেশক পদ্ধতিকে তাঁরা স্বাগত জানান। এ জন্য সব প্রস্তুতি নিয়েও রেখেছেন তাঁরা। পরিবেশক পদ্ধতির যাবতীয় কার্যক্রম তদারক করতে বাণিজ্য সচিবের নেতৃত্বে জাতীয় কমিটি, জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে উপজেলা তদারক কমিটি থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত অনেক কমিটিই গঠন করা হয়নি বলে জানা গেছে।যোগাযোগ করলে বাণিজ্য সচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, রমজানের কথা মাথায় রেখে ভোজ্যতেলের শুল্ক প্রত্যাহারের চিন্তা করা হচ্ছে। তবে এ ব্যাপারে ৩০ জুনের আগে কোনো সিদ্ধান্ত হবে না। আর পরিবেশক পদ্ধতির সুফল শিগগিরই জনগণ পাবে বলে আশাবাদী তিনি।