চিনি ও ভোজ্যতেলের ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি চালু হওয়ার আর এক মাস বাকি। সরকারের আদেশ অনুযায়ী, আগামী ২১ জুন থেকে তা পরিপূর্ণভাবে শুরু করতে হবে। তবে বাণিজ্য মন্ত্রণালয় আগামী ১ জুন থেকেই পরীক্ষামূলকভাবে তা চালু করার নির্দেশ দিয়েছে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত ‘আগামী রমজানে চিনি ও ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখা’ শীর্ষক বৈঠকে এমন নির্দেশ দেওয়া হয়। সূত্র জানায়, সরবরাহ-পরিস্থিতি নিয়ে বৈঠক অনুষ্ঠানের কথা থাকলেও এটি মূলত রূপ নেয় ডিওর (সরবরাহ আদেশ) পরিবর্তে পরিবেশক পদ্ধতি চালু বিষয়ে। বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিঞা এবং চিনি ও ভোজ্যতেলের শীর্ষ আমদানিকারক ও ব্যবসায়ীরা অংশ নেন। গত ২১ মার্চ ‘অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১’ জারি করেছে সরকার। আদেশ জারির দিন থেকে ৯০ দিনের মধ্যে পরিবেশক নিয়োগ সম্পন্ন করার কথা। এই সময়ের মধ্যে পণ্য বিপণনের উদ্দেশ্যে প্রচলিত ডিও প্রথা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে হবে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের কেউ কেউ পরিবেশক পদ্ধতি চালু করা নিয়ে এখনো গড়িমসি করছেন। কিন্তু সরকার পরিবেশক পদ্ধতি বাস্তবায়ন করতে চায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনাও এমনই।বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, আগামী ১ জুন থেকে ‘ট্রায়াল অ্যান্ড এরর’ ভিত্তিতে পরিবেশক পদ্ধতি চালু করার কথা বলা হয়েছে। কারণ ২১ জুন থেকে এটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সচিব বলেন, ‘রমজানের প্রস্তুতি ভালো। দুই লাখ টন চিনি থাকবে ওই সময়। ভোজ্যতেল এক লাখ টনেরও বেশি মজুদ রয়েছে। আরও এলসি খুলছেন ব্যবসায়ীরা।’যোগাযোগ করলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, রমজানে সরবরাহ ভালো থাকবে। কারণ তাঁরা এলসি খুলছেন। আর সরকার যেহেতু আইন করেছে, সুতরাং পরিবেশক পদ্ধতিও কার্যকর করবেন তাঁরা। ইতোমধ্যেই পত্রিকায় পরিবেশক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।সরকারের জারি করা আদেশ অনুযায়ী, সিটি করপোরেশনের ক্ষেত্রে প্রতি থানায় ও উপজেলায় এক বা একাধিক পরিবেশক নিয়োগ হবে। পণ্য যৌক্তিক মূল্যে ভোক্তা সাধারণের কাছে বিক্রি করতে কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে উপজেলা বা থানাগুলো। অনুসরণ করতে হবে পণ্যের পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি। তবে তরল পণ্য পরিমাপের ক্ষেত্রে লিটার ছাড়া অন্য কোনো একক গ্রহণযোগ্য হবে না।বৈঠক সূত্র জানায়, কোনো কোনো কোম্পানি এ কাজগুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি এখনো। এ বিষয়ে বৈঠকে তাগিদ দেওয়া হয়েছে।বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ এডিবল অয়েলের সাপ্লাই চেইন বিভাগের প্রধান রিয়াজ চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিবেশক পদ্ধতিকে তাঁরা স্বাগত জানান এবং সরকারের নির্দেশ অনুযায়ী সব প্রস্তুতি ইতোমধ্যেই নিয়ে রেখেছেন।পরিবেশক পদ্ধতির যাবতীয় কার্যক্রম তদারক করতে বাণিজ্যসচিবের নেতৃত্বে জাতীয় কমিটি, জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে জেলা কমিটি এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে উপজেলা তদারক কমিটি থাকার কথা। কিন্তু এখন পর্যন্ত অনেক কমিটিই গঠিত হয়নি বলে জানা গেছে।হঠাৎ করে চিনির দর বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা সদুত্তর দিতে পারেননি বলে বৈঠক সূত্র জানায়।বাণিজ্যসচিব গোলাম হোসেন জানান, গত রমজানের মতো আগামী রমজানেও ভোজ্যতেল ও চিনির দর সহনীয় পর্যায়ে থাকবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গতকাল চিনি বিক্রি হয়েছে ৫৮ থেকে ৬২ টাকা কেজি দরে। গত সপ্তাহে তা ছিল ৬০ থেকে ৬২ টাকা। এক মাস আগে ছিল ৫২ থেকে ৫৫ টাকা। এক মাসে চিনির দর বেড়েছে ১২ দশমিক ১৫ শতাংশ।