ভোজ্যতেল ও চিনির দর আবারও নির্ধারিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের কথা অনুযায়ী দর ঠিক করে দিয়েছে।নতুন দর অনুযায়ী খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের লিটার ১০৯ টাকার বেশি বিক্রি করা যাবে না। আর পাম তেল বিক্রি করতে হবে ৯৯ টাকা লিটারে। অন্যদিকে চিনির দর নির্ধারণ করা হয়েছে ৬৫ টাকা কেজি।গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এই দর নির্ধারণ করা হয়। কিছুদিন ধরে বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বাড়ছিল। এই দুই পণ্যের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পর দর ঠিক করে দিল বাণিজ্য মন্ত্রণালয়। এর মধ্যে বর্তমান বাজারদরের তুলনায় চিনির দাম খানিকটা কম ঠিক করা হলেও ভোজ্যতেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। জানা গেছে, খুচরা বাজারে ভোজ্যতেল ও চিনির দর যা হওয়া উচিত বলে দাবি করেছেন ব্যবসায়ীরা, বৈঠকে তা-ই মেনে নেওয়া হয়েছে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, ট্যারিফ কমিশনের যুগ্ম প্রধান আবদুল কাইয়ুম, সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা, আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন মোনেম, মেঘনা গ্রুপের উপদেষ্টা মুন্সী মর্তুজা আহমেদ, এস আলম গ্রুপের বিপণন ব্যবস্থাপক কাজী সালাউদ্দিন আহমেদসহ চিনি ও ভোজ্যতেলের পরিশোধন কারখানার অন্য প্রতিনিধি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে মিলগেটের দরও নির্ধারণ করা হয়। নির্ধারিত দরগুলো হচ্ছে: সয়াবিন তেলের খুচরা দর ১০৯ টাকা, মিলগেটের দর ১০২ টাকা। পাম তেলের খুচরা দর ৯৯ টাকা, মিলগেটের দর ৯৫ টাকা। চিনির খুচরা দর ৬৫ টাকা আর মিলগেটের দর ৫৮ টাকা। তবে বোতলজাত ভোজ্যতেলের ক্ষেত্রে কোনো দর নির্ধারণ করা হয়নি গতকাল।টিসিবির তথ্যে দেখা যায়, গতকাল রাজধানীতে সয়াবিন তেল ১০৯ থেকে ১১০ টাকা, পাম তেল ৯৬ থেকে ৯৮ এবং চিনি ৭০ থেকে ৭৪ টাকা দরে বিক্রি হয়েছে।ভোজ্যতেল ও চিনির খুচরা এবং মিলগেটের দরের পার্থক্য আগে এত বেশি ছিল না। বাণিজ্য মন্ত্রণালয় যে কয়বারই খুচরা ও মিলগেটের দর নির্ধারণ করে, তার প্রতিটিতেই খুচরা ও মিলগেটের দরের পার্থক্য ছিল চার থেকে পাঁচ টাকা। প্রথমবারের মতো গতকাল এই পার্থক্য দাঁড়ায় সাত টাকা।যোগাযোগ করলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সরকার কোনো দর নির্ধারণ করেনি, করেছেন ব্যবসায়ীরাই। আমরা শুধু দেখেছি যে তাঁরা যা বলছেন, তা ঠিক আছে কি না।’নির্ধারিত দরে বিক্রি না হলে কী ব্যবস্থা নেওয়া হবে—এ প্রসঙ্গে মজিবুর রহমান বলেন, দর বেশি রাখার আর কোনো সুযোগ নেই। এখন তো ভ্রাম্যমাণ আদালতই আছেন। কেউ অসাধুতা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেক্সটেক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে বলেছেন, ভর্তুকি দিয়ে চিনি ও ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। অযাচিতভাবে কোনো ব্যবসায়ী ভোগ্যপণ্যের দাম বাড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোগ্যপণ্যের মজুদ যথেষ্ট পরিমাণে আছে। পাঁচটি পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করছে টিসিবি। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি, আবহাওয়া ও হরতালের কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। বাজার তদারকি করা হচ্ছে। কয়েক দিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে যাবে।এদিকে, ভোজ্যতেল ও চিনির সর্বোচ্চ মিলগেটের দর, বিতরণ দর, পাইকারি ও খুচরা দর ন্যায়সংগতভাবে নির্ধারণের বাধ্যবাধকতা থাকলেও কেউই তা মানছে না বলে গতকাল সব পরিশোধন কারখানার মালিকদের কাছে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ অনুযায়ী তা মানার কথা উল্লেখ করে ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ভোজ্যতেল ও চিনির প্রকৃত মূল্য কত, জাতীয় তদারক কমিটির কাছে তা স্পষ্ট নয়।