চিনি তেল আটার বাজার অস্থির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসের জন্য চিনির সর্বোচ্চ খুচরা দর নির্ধারণ করা আছে ৪৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ৮০ টাকা। কিন্তু ঢাকার কোনো বাজারেই এ দরে চিনি বা সয়াবিন তেল পাওয়া যায় না। চিনি ও তেলের সঙ্গে এখন যুক্ত হয়েছে আটা। এই তিনটি পণ্যের বাজারই এখন নিয়ন্ত্রণহীন। চিনি এখন কেজিপ্রতি কোনো কোনো দোকানে ৫২ টাকা দরেও বিক্রি হচ্ছে। আর খুচরা পর্যায়ে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৪ টাকা দরে। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে তেল-চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার-নির্ধারিত দামে এসব পণ্য বিক্রি করতে পারছেন না। পাইকারি বিক্রেতারা আরও জানান, চিনির মিলগুলো সরবরাহ কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে। তবে চিনি সরবরাহকারীরা অভিযোগ অস্বীকার করে বলেছেন, মিলগুলো সরকার-নির্ধারিত দরেই চিনি বিক্রি করছে।গত এক মাসে আটার দামও অনেক বেড়েছে। দুই কেজির যে আটা এক মাস আগেও ৪৫ থেকে ৪৬ টাকায় বিক্রি হতো, সেটি এখন কোথাও ৫৮ কোথাও আবার ৬২ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বলছেন, কোম্পানিগুলো আটার দাম বাড়িয়েছে। বিধি অনুযায়ী ঘোষণা দিয়ে দাম বাড়ানোর নিয়ম থাকলেও কেউ তা অনুসরণ করেননি। নিয়ন্ত্রণহীন চিনির বাজার: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী গত এক মাসে চিনির দাম বেড়েছে ৫ দশমিক ২১ শতাংশ। এক মাস আগেও চিনির সর্বনিম্ন দাম ছিল ৪৬ টাকা, সর্বোচ্চ ৫০ টাকা। এরপর সরকার দর নির্ধারণ করে দেয় ৪৭ টাকা। অথচ এখন তা ৫০ থেকে ৫২ টাকা দরে বেচাকেনা হচ্ছে। কারওয়ান বাজারের আশা জেনারেল স্টোরের বিক্রেতা আবদুস সাত্তার গতকাল মঙ্গলবার চিনির দাম চাইলেন প্রতি কেজি ৫০ টাকা। আবার পলাশী কাঁচাবাজারের মিম স্টোরের বিক্রেতা আবদুর রহমান জানান, ‘৫৩ টাকা কেজি দরে বেচছি। তবে ৫২ টাকা পর্যন্ত রাখা যাবে।’ নির্ধারিত দরের চেয়ে বেশি কেন চাইছেন জানতে চাইলে আবদুর রহমান বলেন, ‘রমজানের শুরুতে পাইকারি বাজার থেকে চিনি কেনা পড়ছে ৪৬ টাকা, আর এখন কেনাই পড়ছে ৪৯ টাকা।’ আবদুস সাত্তার জানান, এক সপ্তাহ আগেও পাইকারি বাজার থেকে ৫০ কেজির এক বস্তা চিনি কিনেছেন দুই হাজার ২৫০ থেকে ২৬০ টাকায়। গত সোমবার একই বস্তা কিনেছেন দুই হাজার ৪৮০ টাকায়। অর্থাৎ দাম পড়েছে ৪৯ টাকা ৬০ পয়সা। তবে চিনি সরবরাহকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা মিলগেটে প্রতি কেজি চিনি ৪৩ টাকায় বিক্রি করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক চিনি মিলের একজন মালিক বলেন, বাজার ব্যবস্থাপনার অভাবে মিলগেট, পাইকারি ও খুচরা বাজারে দামের মিল নেই। এ ক্ষেত্রে তিনি সব ব্যবসায়ীকে ক্রয়ের রসিদ ব্যবহারের অনুরোধ জানিয়ে বলেন, এতে মিলগেট, পাইকারি ও খুচরা দামের পার্থক্য জানা যাবে। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ভোজ্যতেলও: গত ৫ আগস্ট সরকার রমজান মাস উপলক্ষে ভোজ্যতেলের দামও নির্ধারণ করে দেয়। মিলগেটে প্রতি কেজি খোলা সয়াবিন তেল ৭৬ টাকা, পাম সুপার ৭২ ও পামতেল ৬৯ টাকা দরে বিক্রি হবে বলে ঠিক করা হয়। আর খুচরা পর্যায়ে দর ছিল সয়াবিন সর্বোচ্চ ৮০ টাকা, পাম সুপার ৭৬ ও পামতেল ৭৩ টাকা। সরকার এ সময় বাজারদরের তুলনায় দুই টাকা বেশি দাম ঠিক করে দিয়েছিল। কিন্তু এই দামও ঠিক থাকেনি। গতকাল কচুক্ষেত বাজারে প্রতি কেজি সয়াবিন ৮৪ টাকা ও পাম সুপার ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কারওয়ান বাজারে প্রতি কেজি সয়াবিন ছিল ৮২ থেকে ৮৩ টাকা ও পাম সুপার ৮০ টাকা। খুচরা ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।টিসিবির হিসাব অনুযায়ী গত এক মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে ৩ দশমিক ৮৫ শতাংশ, আর পামতেলের বেড়েছে ৬ দশমিক ৯৪ শতাংশ। এ তো গেল খোলা ভোজ্যতেলের কথা। বোতলজাত ভোজ্যতেলের দামেও কোনো নিয়ন্ত্রণ নেই। অবৈধভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় গত মাসে বাংলাদেশ এডিবল অয়েলের (রূপচাঁদা সয়াবিন তেল) ৪৩ হাজার ৯১৯ লিটার সয়াবিন তেল বাজেয়াপ্ত করেছিলেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এর পরও রূপচাঁদা সয়াবিন তেলের দাম কমানো হয়নি। বরং এখন লিটারপ্রতি আরও দুই থেকে তিন টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।ব্যবস্থা নেওয়া হলেও কেন দাম কমাচ্ছে না—এ বিষয়ে জানতে চাইলে বিএসটিআইয়ের একজন কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী তাঁরা ব্যবস্থা নিয়েছেন। এখন বাকিটা বাণিজ্য মন্ত্রণালয় দেখবে।তবে বাংলাদেশ এডিবল অয়েলের সহকারী ব্র্যান্ড ম্যানেজার (মার্কেটিং) ফারজানুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা এই জরিমানার বিষয়টি চ্যালেঞ্জ করে আদালতে গেছেন। আর ওই দিনের পর আর দাম বাড়ানো হয়নি।আটার দামে বিরাট লাফ: টিসিবির হিসাব অনুযায়ী, গত এক মাসে খোলা আটার দাম বেড়েছে ২৫ শতাংশ, আর প্যাকেট করা আটার দাম বেড়েছে ১৭ শতাংশেরও বেশি।হাতিরপুল কাঁচাবাজারের ভাই ভাই জেনারেল স্টোরের বিক্রেতা আজহার দুই কেজির এক প্যাকেট আটার দাম চেয়েছেন ৫৮ টাকা। ‘এত দাম কেন, কয় দিন আগেই না কম দামে বেচতেন’—এ কথার জবাবে তিনি বলেন, ‘প্যাকেটে দাম লেখা আছে। এইটা আগের কেনা, তাই এই দামে পাবেন। এখন তো দাম আরও বেড়ে গেছে।’কারওয়ান বাজারের আশা জেনারেল স্টোরে এ কথার সত্যতা পাওয়া গেল। বিক্রেতা আবদুস সাত্তার দুই কেজি আটার দাম চাইলেন ৬২ টাকা। বললেন, ‘কোম্পানি দাম বাড়াইছে।’ নিত্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান এসিআইয়ের পরিবেশক রনি বণিকের কাছে আটা-ময়দার দাম বাড়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, কোম্পানি দাম বাড়িয়ে দেওয়ায় তাঁদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। বর্তমানে প্রতি কেজি আটা ২৭ টাকা এবং দুই কেজি ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। ফ্রেশ ব্র্যান্ডের পরিবেশক মোয়াজ্জেম হোসেন জানান, তাঁদের প্রতিষ্ঠানের এক কেজি আটার দাম ২৯ টাকা এবং দুই কেজির দাম ৫৭ টাকা। অথচ এক মাস আগেও দুই কেজির আটা ৪৫ থেকে ৪৬ টাকা দরে বিক্রি হতো। দাম বাড়লেও প্রতিষ্ঠানগুলো সরকারকে এ বিষয়ে কিছু জানায়নি। অথচ বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন এবং পরিমাপ (পণ্যসামগ্রী মোড়কজাতকরণ) বিধিমালার ২০ (৪) ধারায় আছে, মোড়কজাত বা বোতলজাত পণ্যের দাম বাড়াতে হলে উৎপাদনকারী বা বাজারজাতকারী প্রতিষ্ঠানকে দুটি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে অবহিত করতে হবে এবং মাননিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআইয়ের মহাপরিচালক বা তার প্রতিনিধিকে নোটিশ করতে হবে।বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদ এ বিষয়ে প্রথম আলোকে বলেন, কোনো কোম্পানির পক্ষ থেকে তাঁরা কোনো ধরনের নোটিশ পাননি। অভিযান কেবল খুচরা বাজারে: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে বিভিন্ন বাজারে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এই অভিযানের মধ্যেও চিনির দাম বেড়ে গেছে কেজিপ্রতি পাঁচ টাকা। এখন পর্যন্ত খুচরা দোকানদারদের বিরুদ্ধেই অভিযান চালানো হচ্ছে। কিন্তু পাইকারি বাজার বা মিল পর্যায়ে কোনো অভিযান চলেনি। পলাশী কাঁচাবাজারের একজন বিক্রেতা বলেন, ‘ভাই বিপদে আছি। মোবাইল কোর্ট আমাদের বলে বেশি দামে কেন বেচি। আমরা বলি, পাইকারি বাজারে দাম বেশি। তার পরও তারা বলে, বেশি দামে বেচি কেন।’ হাতিরপুল কাঁচাবাজারের ভাই ভাই জেনারেল স্টোরের বিক্রেতা বলেন, ‘আমাদের কেনা পড়ে বেশি। অথচ চিনি বিক্রি করতে বলে ৪৮ টাকা করে। এইটা নিয়ে বিপদে আছি।’ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন প্রথম আলোকে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় মিলগেট ও খুচরা বাজারে দাম নির্ধারণ করেছে, কিন্তু পাইকারি বাজারে দাম নির্ধারণ করেনি। এ কারণে তাঁরা পাইকারি বাজারে অভিযান চালাচ্ছেন না।