চিনি নিয়ে মুনাফার সুযোগ করে দিল মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে চিনির সংকটের সুযোগ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তারা চিনির দাম পুনর্নির্ধারণের আগাম ঘোষণা দেওয়ায় কয়েকটি পরিশোধনকারী মিল পরিবেশকদের চিনি সরবরাহ বন্ধ করে দিয়েছে। দাম বাড়লে অতিরিক্ত মুনাফাই এর লক্ষ্য। এতে বাজারে আবার চিনিসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিবেশকেরা বলছেন, ঈদের পর চাহিদা কম থাকায় বাজারে এর প্রভাব এখনো তেমন পড়েনি। তবে চিনির সরবরাহ কমে যাওয়ায় আগামী সপ্তাহে চিনির সংকট হতে পারে। পরিবেশক ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, পরিশোধনকারী মিল থেকে বলা হচ্ছে যে নতুন দর নির্ধারণ করার পরই চিনি সরবরাহ করা হবে। বাজারের এই অবস্থায় অনেক পাইকারি ও খুচরা ব্যবসায়ীই চিনি বিক্রি করছেন বেশি দামে। খুচরা বিক্রেতারা কেজিপ্রতি চিনির দাম রাখছেন ৬৮ থেকে ৭০ টাকা।পরিবেশকদের সূত্রে জানা যায়, ঈদের পর সিটি গ্রুপ ও দেশবন্ধু পরিবেশকদের চিনি সরবরাহ করলেও পরিমাণে কম; সব পরিবেশককে দেওয়াও হচ্ছে না। ঢাকায় চিনি সরবরাহকারী বড় মিল ইগলু ও মেঘনা গ্রুপ পরিবেশকদের চিনি দেওয়া বন্ধ রেখেছে।পরিবেশকদের অভিযোগ, মিলগুলো চিনি সরবরাহের জন্য তাদের কাছ থেকে অগ্রিম টাকা পর্যন্ত নিচ্ছে না। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে চিনির দামও বেড়ে যায়। কিন্তু সরকার সব দোষ চাপায় পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ওপর। তিনি বলেন, ‘মিল থেকে চিনি সরবরাহ না করলে আমাদের হাতে চিনি থাকে না। বাজারে সংকট দেখা দেয়। মিল-মালিকদের কাছে আমরা আর কত দিন জিম্মি থাকব।’বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘মিলারদের সঙ্গে বোঝাপড়া না করে চিনির বাজার ঠিক করা যাবে না। তাই দাম বাড়ুক-কমুক যা-ই হোক, সরকারের উচিত বিষয়টির দ্রুত নিষ্পত্তি করে ফেলা। ঝুলিয়ে রাখলে পরিবেশক, খুচরা ব্যবসায়ী ও ক্রেতা সবাই ক্ষতিগ্রস্ত হবেন।’যোগাযোগ করা হলে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও দেশবন্ধু সুগার মিলস লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সামঞ্জস্য রেখে যদি চিনির দাম নির্ধারণ করা না হয়, তবে এ দেশ থেকে তা পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। বেশি দামেই বিক্রি: পরিবেশক ও পাইকারি ব্যবসায়ীরা জানান, পাইকারিতে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৩ টাকায়। রমজান মাসের শেষ দিকে ৫০ কেজি ওজনের চিনির বস্তা তিন হাজার ৩৫০ টাকায় বিক্রি হলেও এখন তিন হাজার ১৫০ টাকায় বিক্রি হচ্ছে; অর্থার‌্যা কেজি ৬৩ টাকা। অবশ্য কিছু ব্যবসায়ী এর চেয়েও বেশি দামে চিনি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ৫০ কেজি ওজনের চিনির বস্তা তারা তিন হাজার ২৫০ থেকে তিন হাজার ৩০০ টাকায় কিনছেন। অর্থার‌্যা তাদের চিনি কিনতে হচ্ছে ৬৫ থেকে ৬৬ টাকা কেজি। এই কারণ দেখিয়েই বেশি দামে তারাও চিনি বিক্রি করছেন।পলাশী বাজারে আল্লাহর দান স্টোরের মালিক মিজানুর রহমান বলেন, ঈদের পর তিনি এক বস্তা চিনি কিনেছেন তিন হাজার ৩০০ টাকায়। পরিবেশকেরাই সরকারনির্ধারিত ৬২ টাকার চেয়ে বেশি দামে চিনি বিক্রি করছে। ফলে খুচরা বাজারে দাম বেড়েছে।