ওষুধ, মিষ্টি, কোমল পানীয় ও চকলেট তৈরির প্রতিষ্ঠানগুলো সরাসরি চিনি কিনতে পারবে না
চিনি-ভোজ্যতেল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা
পরিশোধন কারখানাগুলো পরিবেশক ছাড়া অন্য কারও কাছে ভোজ্যতেল ও চিনি বিক্রি করতে পারবে না। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।ব্যবসায়ীরা বলছেন, এর ফলে সিরাপ তৈরির ওষুধ কারখানা, মিষ্টি, কোমল পানীয়, চকলেটসহ এ ধরনের পণ্য তৈরির কারখানাগুলো বিপাকে পড়বে। কারণ, কোম্পানি থেকে সরাসরি চিনি কিনতে পারলে দাম কম পড়ত। এখন পরিবেশকদের কাছ থেকে কিনতে গেলে যে পরিমাণ দরকার হবে, তা-ও পাওয়া যাবে না।মন্ত্রণালয় সূত্র জানায়, ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে চালান প্রথার (ডিও) পরিবর্তে যে পরিবেশক প্রথা চালু করা হলো, তা বাস্তবায়ন করতেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।বাণিজ্যসচিব গোলাম হোসেন গতকাল সকালে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বলেন, পরিশোধন কারখানাগুলো এ দুটি পণ্য বিক্রি করতে পারবে শুধু পরিবেশকদের কাছে। কোনো করপোরেট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা যাবে না। এ ব্যাপারে অবশ্য বৈঠকে উপস্থিত থাকা পরিশোধন কারখানার মালিকদের কেউ কোনো কথা বলেননি।চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মহিউদ্দিন মোনেম প্রথম আলোকে বলেন, চিনির ব্যাপারে এ সিদ্ধান্তে তিনি একটু অবাক হয়েছেন। তাঁর মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সাত-পাঁচ ভাবার দরকার ছিল। অর্থাৎ এতে কোন কোন খাতে নেতিবাচক প্রভাব পড়বে, তা বিবেচনায় রাখার দরকার ছিল।তবে বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, চিনির বিষয়টি শুধু রমজান মাস পর্যন্ত। এরপর সিদ্ধান্তটি পরিবর্তন করা হবে। আর মন্ত্রণালয়ের কাছে মনে হয়েছে, পরিশোধন কারখানাগুলো বিপুল পরিমাণ চিনি করপোরেট প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করে। এ জন্য চিনির সংকট হচ্ছে।ভোজ্যতেল ও চিনির সার্বিক পরিস্থিতি নিয়ে এ দুই পণ্যের উৎপাদক, পরিশোধনকারী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকটি হয়। আলোচ্যসূচি ছিল বাজারদর, সরবরাহ-পরিস্থিতি ও পরিবেশক নিয়োগ আদেশ বাস্তবায়নের অগ্রগতি। বাণিজ্যসচিব এতে সভাপতিত্ব করেন।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বৈঠকে ছিলেন না। তবে বৈঠকের পর তাঁকে সার-সংক্ষেপ ব্যাখ্যা করেন সচিব। এরপর বাণিজ্যমন্ত্রী তা সাংবাদিকদের কাছে তুলে ধরেন।বৈঠকের কয়েকটি সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী। এগুলো হচ্ছে: মিল গেটে এখন থেকে চিনির দর ৬০ টাকা (আগে ছিল ৫৮ থেকে ৬২ টাকা) নির্ধারণ করা, চিনি ও ভোজ্যতেল বিক্রি করতে হবে শুধু পরিবেশকদের মাধ্যমে, দ্রুততম সময়ের মধ্যে দেশব্যাপী পরিবেশক নিয়োগ সম্পন্ন করতে হবে, চিনি ও ভোজ্যতেলের সঙ্গে অন্য পণ্য গছিয়ে দেওয়া যাবে না এবং দোকানে পণ্যমূল্য বাধ্যতামূলক টাঙিয়ে রাখতে হবে।ভোজ্যতেল পরিশোধন কারখানা মালিক সমিতির সভাপতি এম এ রউফ চৌধুরী, চিনি পরিশোধন মালিক সমিতির সভাপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন, এফবিসিসিআই ও পরিশোধন কারখানাগুলোর প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ের শুরুতে বাণিজ্যমন্ত্রী রউফ চৌধুরীর কাছে সার্বিক বিষয়ে জানতে চান। রউফ চৌধুরী দুই বাক্যে বক্তব্য শেষ করেন। বলেন, ‘অবস্থা তো খুবই সুখকর। বাজারমূল্যও সুখকর। একটাই সমস্যা, তা হলো অভ্যন্তরীণ ব্যবস্থাপনা।’এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ তোলেন ফজলুর রহমান। বলেন, খুচরা দোকানিরা খোলা ভোজ্যতেল বিক্রি করছে ড্রামে ভরে। গরিব মানুষ তারা। অথচ ভ্রাম্যমাণ আদালত যখন-তখন জরিমানা ও মামলা করছেন। এর একটি সুরাহা হওয়া উচিত।জবাবে বাণিজ্যমন্ত্রী বিষয়টি নিয়ে ফজলুর রহমানের সঙ্গে পরে কথা বলবেন বলে জানান। আরও বলেন, ‘আপনারা বোতলজাতের দিকে চলে যান না কেন?’ ফজলুর রহমান ‘যাব, চেষ্টা করছি’ বলার পর বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাহলে বোঝা গেল, ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই।’এর পরই বাণিজ্যমন্ত্রী চিনি বিষয়ে জানতে চান। ফজলুর রহমানকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘হঠাৎ করে কারখানা বন্ধ করে দিলেন কেন?’ ফজলুর রহমান বলেন, ‘বন্ধ করিনি। দু-তিনটি কারখানায় একটু সমস্যা হয়েছে। তিন-চার দিনের মধ্যে শতভাগ ঠিক হয়ে যাবে। আর সিটি গ্রুপের পক্ষ থেকে রমজান মাস জুড়েই সরকার-নির্ধারিত দরে রাজধানীতে ট্রাকে করে চিনি বিক্রি চলছে। দেশবন্ধু সুগার ও আবদুল মোনেম লিমিটেডেরও দুটি করে ট্রাক রয়েছে।’বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাহলে তো চিনিতেও সমস্যা হওয়ার কথা না।’ মন্ত্রী এরপর এক গাদা প্রশ্ন করেন ব্যবসায়ীদের কাছে, ‘এত দিন কি চিনি লুকিয়ে রেখেছিলেন? নইলে অসুবিধা হচ্ছে কেন? ডিও ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন না তো? চিনির সঙ্গে অন্য পণ্যও কিনতে হবে বলে বাধ্য করছেন কেন?’ এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারেননি ব্যবসায়ীরা।পারটেক্স গ্রুপের উদ্দেশে ফারুক খান বলেন, ‘জনগণের পয়সা ব্যয় করে কারখানা করেছেন। অথচ হঠাৎ করে রমজানের আগে কারখানা বন্ধ করে দিলেন, এটা কি উচিত হয়েছে?’আত্মপক্ষ সমর্থন করে পারটেক্স গ্রুপের প্রতিনিধি বলেন, ‘৩১ মে পর্যন্ত চিনি বিক্রি করেছি। তারপর আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আনতে পারিনি।’ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অন্যরা চিনির বুকিং দিতে পেরেছে, আপনারা পারেননি কেন? বুঝতে পারছি। এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন, যাতে রমজানে চিনি না থাকে।’পারটেক্সের প্রতিনিধি বলেন, ‘আমাদের ছোট কারখানা...।’ তাঁর কথা শেষ না হতেই মন্ত্রী বলেন, ‘কারখানা ছোট-বড় ব্যাপার না। চিনির মূল্য তো সমন্বয় করে দেওয়া হয়েছে।’৬৫ টাকায় চিনি বিক্রি সম্ভব: বৈঠকের পর মৌলভীবাজারের পাইকারি চিনি ব্যবসায়ী ও পরিবেশকেরা প্রথম আলোকে বলেন, মিল গেটে ৬০ টাকায় পাওয়া গেলে খুচরা বাজারে ৬৫ টাকায় চিনি বিক্রি করা সম্ভব। দরকার হলো চাহিদা অনুযায়ী সরবরাহ। বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, মিল গেট থেকে ৬০ টাকা করে কিনে পরিবেশকেরা তা সাড়ে ৬১ টাকায় পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন। পাইকারেরা তা ৬৩ টাকায় খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করবেন। এভাবে ৬৫ টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করা সম্ভব। এ ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের অধিক মুনাফা করার আশা থেকে সরে আসতে হবে।তবে আবুল হাশেম বলেন, মিল গেট থেকে চিনি বিক্রির দর যদি সরকার ৫৮ টাকা নির্ধারণ করত, তাহলে ভালো হতো। এ ক্ষেত্রে খুচরা বিক্রেতাদের ভালো মুনাফা থাকত।চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিবও মনে করেন, সরকারের বেঁধে দেওয়া দরে মিল গেট থেকে চিনি পাওয়া গেলে ৬৫ টাকায় চিনি বিক্রি সম্ভব।খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক: দুপুরে রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর সঙ্গে আরেকটি বৈঠক করেন বাণিজ্যসচিব। ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদসহ নিত্যপণ্যের মূল্য ও সরবরাহ-পরিস্থিতি স্বাভাবিক রাখার কৌশল নির্ধারণ এবং পরিবেশক পদ্ধতি বাস্তবায়নের অগ্রগতি জানতে এ বৈঠক ডাকা হয়।শ্যামবাজার কৃষিপণ্য আড়ত মালিক সমিতি, শ্যামবাজার কৃষিপণ্য আড়ত বণিক সমিতি, ঢাকা মহানগর কৃষিপণ্য আমদানিকারক সমিতি, পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতি, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিসহ ফকিরেরপুল, ঠাটারীবাজার, গুলশান, খিলগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মালিবাগ, নিউমার্কেটের বনলতা কাঁচাবাজার এবং কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ সময় উপস্থিত ছিলেন।বাণিজ্যসচিব বলেন, চিনি ৬৫ টাকা, খোলা সয়াবিন ১০৯ টাকা এবং পাম তেল ৯৯ টাকার বেশি বিক্রি করা যাবে না। কেউ বেশি দরে বিক্রি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।