চিনি রপ্তানি উন্মুক্ত করল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনি পরিশোধনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন থেকে চিনি রপ্তানি করতে পারবে। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর মধ্য দিয়ে কার্যত চিনি রপ্তানি উন্মুক্ত করা হলো।দেশীয় চিনি পরিশোধনকারী কারখানার মালিকেরা দীর্ঘদিন ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে চিনি রপ্তানির অনুমতি চেয়ে আসছিলেন। মন্ত্রণালয়কে এ বিষয়ে কয়েক দফা চিঠিও দেয় বাংলাদেশ চিনি পরিশোধন কারখানা মালিক সমিতি।এর পরিপ্রেক্ষিতে গত ১১ সেপ্টেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চিনি রপ্তানির অনুমতি দেওয়া হয়। সঙ্গে শর্ত দেওয়া হয়, কোনো পরিশোধনকারী প্রতিষ্ঠান চিনি রপ্তানি করতে চাইলে তাকে আগে দেশীয় চাহিদা পূরণ করতে হবে।গত ২৯ অক্টোবর জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়, ‘আমদানি ও রপ্তানি (নিয়ন্ত্রণ) আইন ১৯৫০-এ প্রদত্ত ক্ষমতাবলে চিনি রপ্তানি নিষেধাজ্ঞাসংক্রান্ত আগের আদেশটি সাময়িক প্রত্যাহার করে সরকার শর্তসাপেক্ষে চিনি রপ্তানির অনুমতি প্রদান করল।’২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি সরকার চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। তখন অবশ্য চিনির বাজার স্বাভাবিক ছিল। কিন্তু তার আগের বছরের রমজানে চিনির মারাত্মক সংকট দেখা দেয়। ২০০৯ সালের আগস্টে প্রতি কেজি চিনি ৪৮ থেকে ৫২ টাকায় বিক্রি হলেও সেপ্টেম্বরে তা লাফিয়ে লাফিয়ে বাড়ে। একপর্যায়ে চিনির কেজি ৭০ টাকায় গিয়ে ঠেকে। তখন কারসাজি করে চিনির দাম বাড়ানোর সঙ্গে যুক্ত সন্দেহভাজন চিনি ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা সংস্থাকেও দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা চিনি উদ্ধারে পুলিশি অভিযান চলে। এরই পরিপ্রেক্ষিতে সে বছরের ফেব্রুয়ারিতে চিনি রপ্তানি বন্ধ ঘোষণা করে সরকার।বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, চিনি পরিশোধন কারখানাগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৩৪ লাখ টন। আর দেশে চিনির চাহিদা বছরে ১৫ থেকে ১৬ লাখ টন। রপ্তানির সুযোগ দেওয়ায় উৎপাদন ক্ষমতার পুরোটা এখন ব্যবহার হবে এবং বছরে ১৮ থেকে ২০ লাখ টন চিনি রপ্তানি করা সম্ভব হবে।২০১০ সালে নিষেধাজ্ঞা জারির আগে চিনি রপ্তানি করত দেশবন্ধু সুগার রিফাইনারি। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও চিনি পরিশোধন কারখানা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এটা সরকারের একটা ভালো সিদ্ধান্ত। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি পথ তৈরি হলো।গোলাম মোস্তফা বলেন, ‘আমরা এরই মধ্যে ৪৯ হাজার টন চিনি রপ্তানির কার্যাদেশ (অর্ডার) পেয়েছি। ইউরোপের কয়েকটি দেশ মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরে এগুলো রপ্তানি হবে। ১০ হাজার টন রপ্তানির আরেকটি এলসি এসেছে। আগামী সপ্তাহে তা চূড়ান্ত করা হবে।’রপ্তানির শর্ত: চিনি রপ্তানির অনুমতি দিলেও এ ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। প্রথমত, প্রতিটি রপ্তানি চালান পাঠানোর আগে মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। দ্বিতীয়ত, রপ্তানি করার আগে আগ্রহী প্রতিষ্ঠানের কাছে কী পরিমাণ চিনি মজুদ আছে, বাংলাদেশ চিনি পরিশোধন কারখানা মালিক সমিতির কাছ থেকে সে বিষয়ে লিখিত প্রত্যয়নপত্র নিয়ে তা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। তৃতীয়ত, দেশে চিনির মজুদ, আমদানির অবস্থা (এলসি তথ্য) ইত্যাদি তথ্য পর্যালোচনা করে বাংলাদেশ ট্যারিফ কমিশন রপ্তানির অনুমতি দেওয়ার পক্ষে সুপারিশ করলেই চিনি রপ্তানি করা যাবে। চতুর্থত. অন্তত ১০ শতাংশ মূল্য সংযোজনের মাধ্যমে চিনি রপ্তানি করা যাবে।