চিনি সার পাচার, গন্তব্য মিয়ানমার
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় সরকার-নির্ধারিত দরে চিনি ও সার মিলছে না। অনেক স্থানে মিললেও বিক্রি হচ্ছে বেশি দামে। এই চিনি ও সারের বেশির ভাগ অংশ টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচার হয়ে যাচ্ছে।পাচারকালে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গত সাত মাসে ১১ হাজার ৯৪১ কেজি চিনি ও নয় হাজার ৬২২ কেজি সার আটক করেছেন। তবে পাচারকারীরা থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে। রমজান মাস উপলক্ষে এই পাচার আরও বেড়ে গেছে।অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলার সীমান্তবর্তী জেলা হচ্ছে মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যের মংডু। মংডু শহরে প্রায় ১০ লাখ মুসলমানের বাস। রমজান মাস উপলক্ষে সেখানেও চিনির চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে আরাকানের তিন লাখ একর জমি চাষাবাদের জন্য প্রয়োজন বিপুল পরিমাণ ইউরিয়া সার। কিন্তু রাজ্যে কোনো চিনি ও সার তৈরির কারখানা নেই। দেশটির আকিয়াব বন্দর এলাকা থেকে চিনি ও সার আনতে গেলেও খরচ পড়ে যায় বেশি। অন্যদিকে, বাংলাদেশ থেকে চিনি ও সার রপ্তানিতে নিষেধাজ্ঞা আছে। চোরাই পথে বাংলাদেশ থেকে মিয়ানমারে চিনি ও সার নিলেও তাতে খরচ পড়ে কম। তাই অতি মুনাফার আশায় বাংলাদেশ ও মিয়ানমারের কয়েকজন সংঘবদ্ধ চোরাকারবারি চিনি ও সার পাচার করছেন।চিনি: পুরো টেকনাফ উপজেলায় প্রায় দুই হাজার ছোট-বড় মুদির দোকান রয়েছে। সীমান্ত এলাকার বাড়তি চাহিদা দেখিয়ে দোকান মালিকেরা জেলা ও বিভাগীয় শহর থেকে প্রতিদিন হাজার হাজার মণ চিনি টেকনাফে আনছেন। এসব দোকানের মালিকেরা পাচারকারীদের সঙ্গে যোগসাজশে মিয়ানমারে চিনি পাচার করছেন বলে অনুসন্ধানে জানা গেছে।স্থানীয় কয়েকজন ক্রেতা বলেন, টেকনাফের অধিকাংশ দোকানে চিনি থাকলেও তাঁরা সরকার-নির্ধারিত ৬৫ টাকার পরিবর্তে ৭৭ টাকা কেজি দরে চিনি বিক্রি করছেন। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ স্থলবন্দরের কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, গত ২০ জুলাই সীমান্ত বাণিজ্যের পণ্যসামগ্রী আনতে মিয়ানমারের মংডু শহরের হাটবাজারে গিয়ে দেখা যায়, সেখানে বাংলাদেশের এস আলম ও পারটেক্স সুগার মিলের মনোগ্রামসংবলিত চিনি বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছিল আড়াই হাজার ইয়েটে (বাংলাদেশি ২৫০ টাকা)। দোকানিরা স্বীকার করেন, চিনিগুলো বাংলাদেশ থেকে পাচার করে আনা।৪২ বিজিবি ব্যাটালিয়নের জব্দ তালিকা অনুযায়ী, মিয়ানমারে পাচারকালে গত জানুয়ারি মাসে ৬৫০ কেজি, ফেব্রুয়ারিতে ৫৭৫ কেজি, মার্চে দুই হাজার ৭৮২ কেজি, এপ্রিলে এক হাজার ৯৪৫ কেজি, মে মাসে এক হাজার ৫০০ কেজি, জুনে এক হাজার ৮৩১ কেজি ও জুলাই মাসে দুই হাজার ৬৫৮ কেজি চিনি জব্দ করা হয়।চিনি পাচারকালে আটক ব্যক্তিরা বিভিন্ন সময় বিজিবি ও পুলিশকে জানান, সাগরে বিপৎসংকেত থাকলে পাচারকাজ খুবই সহজ। কারণ, সে সময় সাগরে আইনপ্রয়োগকারী সংস্থার টহল থাকে না। এই চিনি পাচারে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফের কিছু ব্যবসায়ী জড়িত। চট্টগ্রামের চাক্তাই খালে সাম্পান দিয়ে ট্রলারে চিনির বস্তা ভর্তি করা হয়। পরে সুযোগবুঝে ট্রলারের মধ্যে মাছ শিকারের কিছু জাল রেখে মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের কয়েকজন পাচারকারী জানান, উপজেলার অন্তত ১৬টি সীমান্ত দিয়ে প্রতিদিন মিয়ানমারে চিনি পাচার হচ্ছে। এগুলো হলো—টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার; হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উনছি প্রুং, উলুবনিয়া, টেকনাফের নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, মৌলভীপাড়া এবং সাবরাং ইউনিয়নের নয়াপাড়া, জালিয়াপাড়া ও ঘোলাপাড়া।সীমান্তের কিছু চোরাকারবারি দেশে চিনির সংকট তৈরি করতে পাচারকাজে লিপ্ত রয়েছেন বলে মনে করেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক মিয়া। তিনি বলেন, চোরাকারবারিদের চিহ্নিত করে আইনপ্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।এদিকে, জব্দ হওয়া বিপুল পরিমাণ চিনি টেকনাফ কাস্টমসের শুল্ক বিভাগের গুদামে পড়ে নষ্ট হচ্ছে। গুদাম কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘বিজিবি ও নৌবাহিনীর সদস্যরা গত দুই বছরে মিয়ানমারে পাচারের সময় যেসব চিনি জব্দ করেছেন, তা গুদামে পড়ে রয়েছে। দীর্ঘদিন গুদামে থেকে তা নষ্ট হয়ে যাচ্ছে। আদালতে কোনো নির্দেশনা না পাওয়ায় চিনিগুলো নিলামেও দেওয়া যাচ্ছে না।’সার: টেকনাফ উপজেলার সাবরাং ও নয়াপাড়া গ্রামের কৃষক আবদুল হামিদ, ফরিদুল আলম ও আবুল কাশেম বলেন, আমন মৌসুমে উপজেলার কোথাও এক বস্তা ইউরিয়া সার পাওয়া যাচ্ছে না। এক হাজার টাকার এক বস্তা সার দেড় হাজার টাকায় কিনে কয়েকজন চাষি বীজতলা তৈরি করলেও অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফে সার বিক্রি করেন ২৭ জন খুচরা ডিলার। কিন্তু প্রায় সব ডিলারের দোকানে সার থাকে না। টেকনাফ পৌরসভার ডিলার ও মেসার্স কাশেম ইন্টারন্যাশনালের মালিক আবুল কাশেম বলেন, ‘কৃষকের নামে সার কেনার পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা ওই সার মিয়ানমারে পাচার করে দিচ্ছেন বলে খবর পাচ্ছি।’বর্তমানে টেকনাফের হ্নীলা, নাটমোরাপাড়া, চৌধুরীপাড়া, লেদা, জাদিমুরা, দমদমিয়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, হোয়াইক্যং, মিনাবাজার, ঝিমংখালী, লম্বাবিল, উলুবনিয়া, কেরুনতলি, নাইট্যংপাড়া, জালিয়াপাড়া, নাজিরপাড়া, সাবরাং, নয়াপাড়াসহ বিভিন্ন স্থান দিয়ে সার পাচার হচ্ছে।মিয়ানমারে পাচারকালে গত জানুয়ারি মাসে দুই হাজার ৭০ কেজি, ফেব্রুয়ারিতে ৯৮০ কেজি, মার্চে ৮৮২ কেজি, এপ্রিলে ৪৬০ কেজি, মে মাসে এক হাজার ৫০ কেজি, জুনে এক হাজার ৮৩০ কেজি ও জুলাই মাসে দুই হাজার ৩৫০ কেজি সার জব্দ করেন বিজিবির সদস্যরা।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, ‘সারসহ পাচারকারীদের আটক করা হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকেন বলে পাচার বন্ধ করা সম্ভব হচ্ছে না। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সার পাচারকারীদের একটি তালিকা পাঠানো হয়েছে। তালিকা অনুযায়ী পাচারকারীদের ধরার চেষ্টা চলছে। কিন্তু বেশির ভাগ পাচারকারী চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় অবস্থান করায় ধরতে বিলম্ব হচ্ছে।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকা অনুযায়ী, চট্টগ্রামের শিকলবাহার রশিদ মাঝি ও লোহাগাড়ার সিরাজুল ইসলাম, টেকনাফের জাফর চেয়ারম্যান, মো আয়ুব, আবদুর রশিদ, রশিদ আহমদ, আনোয়ার, আবু বক্কর, মোহাম্মদ রশিদ, মোহাম্মদ আমিন, নাজমুল হক, মো. জামাল, কক্সবাজারের মাহমুদুল হক, মফিজুল আলম, মোজাম্মেল ও মিয়ানমারের ফয়েজ, ছৈয়দ করিম, মো ইউনুচ, মো. জোবাইর, ইসমাইলসহ অন্যরা মিয়ানমারে সার পাচার নিয়ন্ত্রণ করছেন। সার বিক্রির টাকায় টেকনাফে পাঠানো হচ্ছে কোটি কোটি টাকার কাঠ, চিংড়ি ও আমদানি-নিষিদ্ধ নেশার বড়ি ইয়াবার চালান।ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বক্তব্য: টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী মাহমুদুল হাসান ও সাইফুল ইসলাম বলেন, স্থলবন্দর দিয়ে সিমেন্ট, রডসহ অন্যান্য মালামাল মিয়ানমারে রপ্তানি হলেও চিনি ও সার রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। মংডুর বাজারে যেসব চিনি ও সার বিক্রি হচ্ছে, সবটাই বাংলাদেশ থেকে পাচার হওয়া। চিনি ও সার পাচারের ব্যাপারে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন টেকনাফের কয়েকটি চিহ্নিত সীমান্ত দিয়ে চিনি ও সার পাচার হচ্ছে। জানুয়ারি থেকে দিন দিন এসব জব্দের পরিমাণও বাড়ছে। টেকনাফ সীমান্ত এলাকার বিভিন্ন বেড়িবাঁধের ভাঙনের ফলে বিজিবির টহল ব্যাহত হলেও বিজিবি সদস্যরা সক্রিয় রয়েছেন। এ ছাড়া সমুদ্রপথে চিনি ও সার পাচার প্রতিরোধ করা বিজিবির পক্ষে সম্ভব নয়। কারণ, সমুদ্র এলাকা বিজিবির আওতাবহির্ভূত।’পাচার রোধে সাগরে কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট মাজারুল ইসলাম। তিনি বলেন, সাগরে মাছ শিকার করা নৌযানের গতিবিধি সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে।অন্যদিকে, কক্সবাজারের পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘স্থল ও সমুদ্রপথে কারা কারা চিনি ও সার পাচার করছে, তা অনুসন্ধান করা হচ্ছে। সে সঙ্গে তালিকাভুক্ত পাচারকারীদেরও ধরার চেষ্টা চলছে।’