চিনিকলে বিচার করতেন আলীম
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আবদুস সামাদ মণ্ডল।আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত।জবানবন্দিতে রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী বলেন, একাত্তরে তাঁদের জয়পুরহাট চিনিকলের অফিসার্স কোয়ার্টারে আটকে রাখা হয়। সেখানে প্রতিদিন দুপুরের পর একজন পাকিস্তানি কর্নেলসহ আবদুল আলীম চিনিকলের ক্লাব ঘরে আটক ব্যক্তিদের বিচার করতেন। বিচার-প্রক্রিয়ার বিভিন্ন বিষয় লিখে রাখতেন ৫৫-৬০ বছর বয়সী একজন লোক। বিচারের রায় অনুযায়ী প্রতি রাতে দুই-তিনজনকে কক্ষ থেকে বের করে ৮-১০ হাত দূরে একটি পাকুড়গাছের নিচে নিয়ে যাওয়া হতো। এরপর প্রথমে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করা হতো। এভাবে আট রাতে ২৩ জনকে মেরে ফেলা হয়। আবদুস সামাদ মণ্ডল ও তাঁর চাচাকে আটকের নবম দিনে শুক্রবার জুমার নামাজের পর তাঁদের বিচারস্থলে হাজির করা হয়। সেখানে আলীম তাঁদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কর্নেল যেহেতু বাংলা বুঝতেন না, তাই আলীম তাঁকে উর্দুতে তা অনুবাদ করে শোনাতেন। একপর্যায়ে আলীম উর্দুতে কর্নেলকে বলেন, ‘এরা দুষ্কৃতকারী, সন্ত্রাসী। এদের ছেড়ে দিলে আমাদের ক্ষতি হতে পারে।’ জবানবন্দিতে আবদুস সামাদ মণ্ডল বলেন, ‘একপর্যায়ে তিনি আমাদের মেরে ফেলতে বলেন।’ সাক্ষী বলেন, তাঁরা শুনেছিলেন যে ওই কর্নেল ওয়ালী খানের এলাকার লোক। তিনি ও তাঁর চাচা করজোড়ে কর্নেলের কাছে অনুরোধ করেন, তাঁরা ওয়ালী খানের ন্যাপের মতিয়া গ্রুপের ছাত্রসংগঠনের সদস্য। এসব কথা শুনে আলীমের মতের কোনো পরিবর্তন হয় না। কিন্তু কর্নেল সব শুনে তাঁদের ‘আজাদ’ বলে মুক্ত করে দেন।এরপর আবদুস সামাদ মণ্ডল ও তাঁরা চাচা সেখান থেকে প্রথমে বাড়িতে ও পরে ভারতে চলে যান। দেশ স্বাধীন হওয়ার আগপর্যন্ত তাঁরা সেখানেই অবস্থান করেন।শারীরিক অসুস্থতার কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন।