চিনির কারসাজিতে জড়িত চার প্রতিষ্ঠান: সংসদীয় কমিটি
চারটি বেসরকারি প্রতিষ্ঠান চিনির মূল্যবৃদ্ধির কারসাজির সঙ্গে জড়িত বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এগুলো হচ্ছে দেশবন্ধু, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ ও এস আলম গ্রুপ।আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকের পর ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। একই সঙ্গে কমিটি চিনি শিল্প করপোরেশনের কারখানাগুলোতে চিনি পরিশোধনব্যবস্থা চালুর সুপারিশ করেছে।ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার চিনি পরিশোধন কাজ বেসরকারি খাতে ছেড়ে দেয়। এর আগে এটি সরকারি কারখানায় করা হতো। এ ছাড়া চিনি আমদানির সুযোগও বেসরকারি খাতে দেওয়া হয়েছিল বিএনপির আমলে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো চিনি নিয়ে কারসাজির সুযোগ পাচ্ছে। এই সুযোগ যাতে আর না পায়, সে জন্যই কমিটি সরকারিভাবে চিনি পরিশোধনের সুপারিশ করেছে।তোফায়েল আহমেদ বলেন, আগের মতো এখন থেকে মন্ত্রণালয় চিনি আমদানি করবে। প্রধানমন্ত্রীও এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আর কারসাজির সঙ্গে জড়িত চারটি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত করছে সরকার।এ ছাড়া বাংলাদেশ ইস্পাত প্রকৌশল করপোরেশন বর্তমানে একটি লাভজনক প্রতিষ্ঠান উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়, ‘এ খাতে গত অর্থবছরে ৭৪ কোটি টাকা নিট লাভ হয়েছে। এর মধ্যে প্রগতি ইন্ডাস্ট্রিজ লাভ করেছে ৩২ কোটি টাকা।’সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।