চিনির দাম কমাতে বাধ্য হলেন মিলমালিকেরা
মিলগেটে চিনির দাম কমাতে বাধ্য হয়েছেন বেসরকারি চিনি পরিশোধন কারখানার মালিকেরা। দাম যেমন নিজেরা বাড়িয়েছিলেন, পরিবেশকদের অনাগ্রহের কারণে নিজেরাই আবার তা কমিয়েছেন।গতকাল বৃহস্পতিবার মিলগেটে প্রতি কেজি চিনি আগের মতো ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে মিলগেটে প্রতি কেজি চিনির দাম ৬৪ টাকা নির্ধারণ করেছিল মিলমালিকদের সমিতি। চিনি পরিশোধনকারী একাধিক মিলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে গতকাল এসব তথ্য জানা যায়। তবে মিলগেটে দাম কমানোর বিষয়ে পরিশোধনকারী সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। পাইকারি বাজারে বর্তমানে চিনির দর ৬১ থেকে ৬২ টাকা কেজি।ট্যারিফ কমিশন সূত্র জানায়, চিনি পরিশোধনকারী সমিতি ১৫ সেপ্টেম্বর ট্যারিফ কমিশনের সঙ্গে বৈঠক করে মিলগেটে প্রতি কেজি চিনির দাম ৬৬ টাকার কিছু বেশি নির্ধারণের প্রস্তাব দেয়। কমিশন প্রস্তাবিত দরের সঙ্গে চিনির আন্তর্জাতিক বাজারদরের পর্যালোচনা করে। কমিশন তিন দিন পর বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে মিলগেটে চিনির কেজি ৬৪ টাকা নির্ধারণের সুপারিশ করে। তবে বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু মিলমালিকেরা ১৯ সেপ্টেম্বর থেকে চিনির মিলগেট দর ৬৪ টাকা নির্ধারণ করেন।পরিবেশক ও রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীদের সূত্র জানায়, মিলগেটে দাম বাড়ানোর পর বেসরকারি মিলের চিনি কিনতে তেমন আগ্রহ দেখাননি পরিবেশকেরা। কারণ পাইকারি বাজারেই ৬১-৬২ টাকা কেজি দরে চিনি বিক্রি হচ্ছে।ব্যবসায়ীরা জানান, ভারত থেকে চিনি আমদানি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় সরবরাহ ভালো। এ কারণে দামও কম। গত এক সপ্তাহে ভারত থেকে পাঁচ থেকে সাত হাজার টন চিনি এসেছে। আসার অপেক্ষায় আছে আরও ১৫ থেকে ২০ হাজার টন চিনি।পরিবেশকেরা জানান, মিলগেটের চেয়ে পাইকারি বাজারে চিনির দাম কম হওয়ায় বেসরকারি মিলের চিনি বিক্রি হচ্ছিল না। একপর্যায়ে দু-একটি মিল দাম দুই টাকা কমিয়ে ৬২ টাকায়ও চিনি বিক্রি করেছে বলে জানা গেছে। গতকাল দাম আবার কমিয়ে ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।জানতে চাইলে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘বাজারদরের সঙ্গে তাল মেলাতে আমরাও চিনির দাম কমিয়েছি। বাজারে যখন দাম পড়তে থাকে, তখন চিনি তো ধরে রাখা যায় না।’ মেঘনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইউনাইটেড সুগার মিল।আবদুল মোনেম সুগার রিফাইনারির ব্যবস্থাপক (বিক্রয়) মনিরুজ্জামান বলেন, ‘বাজারে প্রচুর ভারতীয় চিনি আসায় কম দামে বিক্রি হচ্ছে। আমাদের চিনি কেউ কিনছে না। আমাদের তো চিনি বিক্রি করতে হবে। সে কারণে দাম কমানো হয়েছে।’বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে দাম বাড়াতে পারেন না, এবার তা প্রমাণিত হলো। মিলাররা চেষ্টা করেও দাম বাড়াতে পারলেন না।’ তিনি বলেন, কিছু হলেই ব্যবসায়ীদের দোষ না দিয়ে সরকারকে সমস্যার গোড়ায় যেতে হবে। কী পরিমাণ চিনি বাজারে মজুদ আছে, চাহিদা কত, সঠিক পরিসংখ্যান জোগাড় করাসহ সার্বিক বিষয়ে সরকারের তদারক করা উচিত।এদিকে সরকারি চিনির মিলগেট ও গুদামমূল্য গত সোমবার সাত টাকা বাড়িয়ে ৬০ টাকা করেছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থা।দাম বেড়েছে রসুনের: হঠাৎ করে পাইকারি বাজারে রসুনের দাম বেড়ে গেছে। পাইকারিতে দুই দিনে দেশি রসুনের দাম বেড়েছে কেজিতে আট টাকা। আমদানি করা রসুনের দাম বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা। খুচরা বাজারে এর প্রভাব এখনো পড়েনি। গতকাল আগের মতোই দেশি রসুন ৭০ ও চীনা রসুন ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়।পেঁয়াজ, রসুন, আদার পাইকারি বাজার শ্যামবাজারে গতকাল প্রতি কেজি দেশি রসুন বিক্রি হয় ৪৫ থেকে ৪৬ টাকায়। গত সোমবার এই রসুন বিক্রি হয়েছে ৩৭-৩৮ টাকায়। চীনা রসুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৭ টাকায়। দুই দিন আগে ছিল ৪১-৪২ টাকা।জানতে চাইলে পেঁয়াজ ও রসুন আমদানিকারক শ্যামবাজারের ব্যবসায়ী রতন সাহা প্রথম আলোকে বলেন, কৃষকদের কাছ থেকে কিনে আনতে খরচ বেশি হচ্ছে। সে কারণে রসুনের দামও কিছু বেশি।তবে কয়েকজন ব্যবসায়ী বলেন, বাংলাদেশের চেয়ে ভারতে রসুনের দাম বেশি। তাই এ দেশ থেকে প্রচুর চীনা রসুন ভারতে পাচার হচ্ছে। এ কারণে দেশে সরবরাহ-সংকট তৈরি হওয়ায় দাম বাড়ছে।পেঁয়াজের দাম বাড়েনি: শ্যামবাজারে গতকাল দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩২ এবং ভারতীয় পেঁয়াজ ২৬ থেকে ২৮ টাকায় বিক্রি হয়েছে। কয়েক দিন ধরেই এই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ ৩৮ থেকে ৪০ এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।শ্যামবাজারের ঢাকা বাণিজ্যালয়ের মালিক আবদুর রহিম বলেন, রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর ভারত থেকে প্রচুর পেঁয়াজ আসছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থান থেকেও পেঁয়াজ আসছে। এ কারণে পেঁয়াজের দাম আরও কমতে পারে।আদার দাম কিছু বেড়েছে: বাজারে এক সপ্তাহে আদার দাম কেজিতে এক-দুই টাকা বেড়েছে। এখন শুধু চীন থেকে আমদানি করা আদা পাওয়া যাচ্ছে। এই আদা খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায়। শ্যামবাজারে এই আদা বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪৩ টাকায়।