চিনির দাম বাড়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় দায়ী
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য মন্ত্রণালয়ের গাফিলতিকে দায়ী করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি।কমিটি বলেছে, মন্ত্রণালয় আগে থেকে তৎ পর হলে ৬৫ টাকার চিনি ৮০ টাকায় উঠতে পারত না। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের পর চিনিসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল হওয়াই প্রমাণ করে যে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারির অভাব ছিল। সংসদ ভবনে গতকাল রোববার সংসদীয় কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ বি এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান, কমিটির সদস্য আবুল কাশেম, তহুরা আলী ও রুমানা মাহমুদ উপস্থিত ছিলেন।সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে নজরদারিতে রাখা হয়েছে। এঁরাই পরস্পরের যোগসাজশে দাম বাড়িয়েছেন। এসব ব্যবসায়ীদের চিহ্নিত করার পরই পরিস্থিতি পাল্টে যায়।বৈঠক শেষে এ বি এম আবুল কাশেম সাংবাদিকদের বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন। এ কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, মন্ত্রণালয়েরও অনেক সমস্যা আছে। তারা যে ধোয়া তুলসী পাতা, এমন নয়। নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে তাদেরও গাফিলতি একটি বড় কারণ।স্থায়ী কমিটির সভাপতি আরও বলেন, হঠাৎ বেশ কয়েকটি পণ্যের দাম বাড়ার জন্য কিছু ব্যবসায়ী দায়ী। ১০ জন ব্যবসায়ীকে চিহ্নিত করা হলেও শেষ মুহূর্তে সরকারের নির্দেশনা মেনে চলায় তাঁদের গ্রেপ্তার করা হয়নি। ওই ১০ জন ব্যবসায়ী এখনো গোয়েন্দা নজরদারিতে আছেন বলেও তিনি জানান।কমিটির সভাপতি সবশেষে জানান, কাল মঙ্গলবার সংসদীয় কমিটি দ্বিতীয় দফায় বাজার পরিদর্শনে যাবে। ওই দিন কমিটি রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর বাজার ও নিউমার্কেট বাজার পরিদর্শনে যাবে।