চিনির শুল্ক কমল তবে কার্যকর হবে ঈদের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম সহনীয় ও স্থিতিশীল পর্যায়ে রাখতে সরকার চিনির ওপর আমদানি শুল্ক কমিয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তাই রমজান মাসে এর সুবিধা ভোক্তারা পাচ্ছে না।গতকাল বুধবার পরিশোধিত ও অপরিশোধিত—দুই ধরনের চিনির ওপরই আমদানি শুল্ক কমানোর কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে চিনির দাম প্রতি কেজিতে কমপক্ষে চার টাকা কমবে।তথ্য অধিদপ্তর জানিয়েছে, অপরিশোধিত চিনির ওপর নির্ধারিত শুল্ক প্রতি টনে দুই হাজার টাকা এবং পরিশোধিত চিনির ওপর প্রতি টনে চার হাজার টাকা থেকে কমিয়ে দুই হাজার টাকা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত বছরও চিনির ওপর আমদানি শুল্ক কমানো হয়েছিল, কিন্তু ভোক্তারা এর সুবিধা পায়নি। মাঝখান থেকে সরকারের প্রায় শত কোটি টাকা গচ্চা গিয়েছিল। এনবিআর সূত্রে জানা গেছে, চিনির ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করায় এবারও শত কোটি টাকা ছাড় দেওয়া হচ্ছে।সরকারি হিসাবেই দেখা গেছে, কেজিতে এক টাকা করে প্রায় প্রতিদিনই চিনির দাম বাড়ছে। রাজধানীর বাজারগুলোতে গতকাল বুধবার চিনি বিক্রি হয়েছে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে। অথচ সরকারের নির্ধারিত খুচরা দর ৪৭ টাকা।ডিলার, শ্রমিক-কর্মচারী ও আখচাষি মিলিয়ে ৬০ লাখ মানুষ দেশের চিনিশিল্পের সঙ্গে জড়িত। দেশের বার্ষিক মোট চাহিদা ১২ থেকে ১৩ লাখ টন। অথচ গত অর্থবছরে চিনি উৎপাদিত হয়েছে ৫০ হাজার টনের কিছু বেশি।টিসিবি সূত্রে জানা যায়, গত এক বছরে প্রায় আড়াই লাখ টন চিনি আমদানির অনুমোদন দিলেও কেউই তা আমদানি করতে পারেনি। তবে পরিশোধনকারী দুই কারখানা ঈগলু রিফাইনারি ও সিটি সুগার প্রায় ২০ হাজার টন চিনি সরবরাহ করেছে টিসিবিকে।