চিনির সংকট পুরোপুরি কাটেনি
পাইকারি বাজারে এখনো চিনির কিছুটা সংকট রয়ে গেছে। পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো মৌলভীবাজারে চিনি সরবরাহ না করায় চিনির সংকট পুরোপুরি কাটছে না। গত দুই দিন পাইকারি বাজারে চিনি সরবরাহের পরিমাণ ছিল তুলনামূলক কম।ব্যবসায়ীরা বলছেন, পরিশোধন কারখানা থেকে মৌলভীবাজারে নিয়মিত চিনি না এলে সরকার-নির্ধারিত দামে চিনি বিক্রি করা যাবে না। বাজার স্থিতিশীল রাখতে হলে পরিশোধন কারখানাগুলোকে চিনির সরবরাহ বাড়াতে হবে। তাঁরা বলছেন, মৌলভীবাজারে চিনির সরবরাহ ভালো থাকলে রাজধানীর অন্য বাজারগুলোতেও এর প্রভাব পড়ে। এদিকে, খুচরা দোকানে এখনো চিনির দাম স্থিতিশীল রয়েছে। বিক্রি হচ্ছে সরকার-নির্ধারিত ৬৫ টাকায়। পাড়ার কিছু দোকানে এর চেয়ে বেশি দামে চিনি বিক্রি হলেও তা হাতেগোনা।পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে গতকাল শনিবার কথা বলে জানা যায়, মৌলভীবাজারে প্রতিদিন অন্তত ২০০ টন চিনি আসে। এই চিনি সরবরাহ করে ইগলু, সিটি ও মেঘনা গ্রুপ। অল্প পরিমাণে চিনি আসে দেশবন্ধুর কারখানা থেকেও। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর থেকে মৌলভীবাজারে চিনি সরবরাহ বাড়ানো হলেও গত দুদিন তাতে একটু ভাটা পড়েছে।ব্যবসায়ীদের একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, তিন বড় পরিশোধন কারখানার কোনোটিই শুক্রবার মৌলভীবাজারে চিনি দেয়নি। তার আগের দিন চিনি এলেও তা ছিল চাহিদার তুলনায় কম। গত দু-তিন দিন মৌলভীবাজারে চিনি দেওয়া বন্ধ রেখেছে ইগলু।একজন ব্যবসায়ী বলেন, ‘সিটি গ্রুপের মিল সাত ঘণ্টা বন্ধ থাকায় শুক্রবার চিনি সরবরাহ করতে পারেনি। ইগলুও ওই দিন কোনো চিনি সরবরাহ করেনি। আজ (শনিবার) সারা দিন ইগলুর কর্মকর্তাদের ফোন করছি, তারা ফোনও ধরছে না।’বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, মৌলভীবাজারে চিনি সরবরাহের ওপর রাজধানীর অন্য বাজারগুলোর দর ওঠানামা করে। মৌলভীবাজারে চিনি বেশি থাকলে অন্য বাজারে দাম কম, আর চিনির সংকট হলে অন্য বাজারে চিনি বিক্রি হয় চড়া দামে। তাই রাজধানীর চিনির বাজার স্থিতিশীল রাখতে মৌলভীবাজারে প্রতিদিন চাহিদা অনুযায়ী চিনির সরবরাহ থাকা প্রয়োজন। পরিশোধন কারখানা থেকে ঠিকমতো চিনি সরবরাহ করা হলে রোজার সময় দাম বাড়ার আশঙ্কা কম।আবুল হাশেম আরও জানান, ‘শুক্রবার মৌলভীবাজারে কোনো মিল থেকেই চিনি আসেনি। তার আগের দিনও চিনি এসেছে কম। চিনির গাড়ি আসে রাতে। আজ (শনিবার) রাতে যদি চিনি না আসে, তাহলে আবারও চিনির কিছুটা সংকট হতে পারে।’চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব বলেন, ‘আজ চিনি এলে কোনো সংকট হবে না।’ তবে তাঁর দাবি, সার্বিকভাবে চিনির বাজার স্বাভাবিক আছে। পরিশোধন কারখানা থেকে নিরবচ্ছিন্নভাবে চিনি এলে রমজানে চিনির বাজার আর চড়া হবে না।এ বিষয়ে জানতে চিনি পরিশোধনকারী-প্রতিষ্ঠান ইউনাইটেডের (মেঘনা) ঊর্ধ্বতন কর্মকর্তা জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। এরপর দুবার ফোন করলেও তিনি ধরেননি।