চিনে ফেলায় প্রাণ গেল মা-মেয়ের
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ ও তাঁর মেয়ে নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বাদল খান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার রাত ১২টার দিকে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় বাদল খান প্রথম আলো ডটকমকে বলেন, ভাইজোড়া গ্রামের মো. ইয়াহিয়া খানের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে তাঁরা আটজন গিয়েছিলেন। তবে ওই বাড়িতে কেবল তিনিই ঢুকেছিলেন।গ্রামবাসীর ধারণা, বাদল হয়তো আগে ঘরে ঢুকে লুকিয়ে থাকতেন। পরে মধ্যরাতে দরজা খুলে দিয়ে অন্য ডাকাতদের ভেতরে ঢোকাতেন।নিহত মা ও মেয়ের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত নয়টার দিকে ভাইজোড়া গ্রামের মো. ইয়াহিয়া খানের ঘরে ঢোকেন বাদল। ইয়াহিয়ার স্ত্রী নাজমা বেগম (৩৪) তাঁকে দেখে চিত্কার দেন। এ সময় বাদল তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। মাকে রক্ষা করতে এলে মেয়ে তাবাসসুমকেও (৯) কুপিয়ে জখম করেন তিনি। তাদের চিত্কার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে বাদলকে টেঁটাবিদ্ধ করে আটক করে। মা-মেয়েকে তারা মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা-মেয়ের মৃত্যু হয়।ইয়াহিয়া খানের ভাইয়ের ছেলে নিয়াজ খান বলেন, বাদল দেড় মাস আগে ওই বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেছেন। ডাকাতির উদ্দেশ্যে বাদল ঘরে ঢুকলে তাঁকে চিনতে পারায় তিনি মা-মেয়েকে কুপিয়ে জখম করেন।মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জলিল আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ টেঁটাবিদ্ধ অবস্থায় বাদল খানকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি দা ও দুটি ছুরি উদ্ধার করা হয়। বাদলকে বরিশালে পুলিশ হেফাজতে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘এটা একটি হত্যাকাণ্ড। একজন দিয়ে ডাকাতি হয় না।’পিরোজপুরের পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।