চিফ হুইপ জানালেন, সংসদে ফিরছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক কাল রোববার থেকে শুরু হওয়া জাতীয় সংসদের অধিবেশনে না ফেরার ব্যাপারে বিএনপির অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ শনিবার দুপুরে স্পিকার আবদুল হামিদের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।জয়নাল আবদিন বলেন, স্পিকার বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে কিছু নির্দেশনাও দিয়েছেন। এগুলো বিরোধীদলীয় নেতাকে জানানো হবে। তিনি বলেন, তবে বিরোধীদলীয় নেতার বাড়ি নিয়ে নাটকের অবসান না হলে বিএনপি সংসদে ফিরবে না ।স্পিকার আবদুল হামিদ বলেন, ‘বিরোধীদলীয় চিফ হুইপের মাধ্যমে বিরোধীদলীয় নেতাকে সংসদে ফেরার আহ্বান জানিয়েছি।’ একই সঙ্গে এ আহ্বান বিরোধীদলীয় নেতাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি জয়নাল আবদিনকে অনুরোধ করেন। বিরোধী দলকে যেকোনো ইস্যুতে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হবে বলেও স্পিকার চিফ হুইপকে অবহিত করেন।স্পিকার আবদুল হামিদ আরও বলেন, ‘বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনার লক্ষ্যেই সেই দলের চিফ হুইপকে আমন্ত্রণ জানিয়ে বৈঠক করেছি। একই সঙ্গে তাঁর মাধ্যমে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংসদে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছি। আশা করি বিরোধী দল সংসদে ফিরে এসে তাদের দায়িত্ব পালন করবে।’নবম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন কাল রোববার বিকেল চারটায় শুরু হবে। এর আগে বিকেল তিনটায় সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি নির্ধারণ করা হবে। গত ৬ অক্টোবর সংসদের শরত্কালীন অধিবেশন শেষ হয়। ১১ কার্যদিবসের ওই অধিবেশনের পুরো সময় বিএনপি অনুপস্থিত ছিল। বিরোধী দলের সদস্যরা এ পর্যন্ত টানা গড়ে ৪৪ কার্যদিবস সংসদের বাইরে আছেন।