চিফ হুইপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে পেটালেও কিছু হয় না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছে পুলিশ। আজ রোববার বেলা একটার দিকে সিলেট শহরের চৌহাট্টা পয়েন্টের যাত্রীছাউনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।মারধরের শিকার শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ বেলা একটার দিকে সিলেটের চৌহাট্টা পয়েন্টের যাত্রীছাউনির সামনে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। এ সময় ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলম ও গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী গোলাম রাব্বানী যাত্রীছাউনিতে বসতে গেলে পুলিশের কয়েকজন সদস্য তাতে বাধা দেন। ওই দুই শিক্ষার্থী যাত্রীছাউনিতে কেন বসতে পারবেন না জানতে চাইলে তাঁরা বলেন, ‘সারা দেশের সব যাত্রীছাউনি পুলিশের জন্য, এখানে তোরা বসতে পারবি না...।’ কথাকাটাকাটির একপর্যায়ে তাঁরা ওই দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন। মারধরের পর কয়েকজন পুলিশ দম্ভোক্তি করে বলেন, ‘আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম এবং বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিনকে পিটিয়েছি। কিছু হয়েছে? পুলিশ কাউকে পেটালে কিছু হয় না...।’মারধরে গোলাম রব্বানীর নাক দিয়ে রক্ত বের হয়। আর জাহাঙ্গীর আলম কপালে জখম হয়। এ ঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর চিঠি দিয়েছেন ওই দুই শিক্ষার্থী। আহত দুজন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে চিকিত্সা নিয়েছেন।এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) এজাজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি একটু আগে জেনেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আক্তারুজ্জামান শিক্ষার্থীদের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি উপাচার্য মহোদয়কে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ঘটনার বিচার চেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে।’সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান দুই কনস্টেবলের সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।