চিফ হুইপের ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল রোববার সংসদে সরকারি দলের চিফ হুইপ মো. আব্দুস শহীদের ছোট ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে। প্রথম আলোয় ‘গ্যাস যাবে চিফ হুইপের বাড়ি, খরচ দেবে জালালাবাদ’! শিরোনামে প্রকাশিত এক সংবাদে ক্ষুব্ধ হয়ে ওই বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। নেতা-কর্মীরা প্রথম আলোর কয়েকটি কপিও পোড়ান। প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সূত্রে জানা গেছে, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জের দলীয় কার্যালয়ে গতকাল বেলা ১১টায় একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চিফ হুইপের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোসাদ্দেক আহমদ। আলোচনা সভায় নেতা-কর্মীরা প্রথম আলোর ওই সংবাদের নিন্দা জানান। পরে স্থানীয় ভানুগাছ বাজারে সন্ধ্যা সাতটার দিকে মোসাদ্দেক আহমদের নেতৃত্বে মিছিল ও প্রতিবাদ সভা হয়। একই সময় চিফ হুইপের গ্রামের বাড়ি মুন্সিবাজারে আরেকটি মিছিল ও প্রতিবাদ সভা হয়। এখানে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রথম আলোর কয়েকটি কপিতে আগুন ধরিয়ে দেন। শমশেরনগর বাজারেও মিছিল হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একজন কর্মী জানান, চিফ হুইপের পরিবার থেকে এ ধরনের মিছিল ও প্রতিবাদ সভা করার অনুরোধ জানানো হয়েছে। তাই বাধ্য হয়ে তাঁরা এসব করেছেন। তবে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কমলগঞ্জ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা কোনো কথা বলতে রাজি হননি। গত রাতে চিফ হুইপের আরেক ছোট ভাই বিআরডিবির চেয়ারম্যান ও কমলগঞ্জ ঠিকাদার সমিতির সভাপতি ইমতিয়াজ আহমদ বলেন, ‘আসলে ওই গ্যাস-সংযোগের কাজটি উন্নয়নমূলক কাজ। মুন্সিবাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি সেখানে গ্যাসের সংযোগ। এটি হলে চিফ হুইপের বাড়ির একার উপকার হচ্ছে না, মুন্সিবাজারসহ আশপাশের এলাকার মানুষেরও উপকার হবে।’