চিফ হুইপের ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ, পত্রিকায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গ্যাস যাবে চিফ হুইপের বাড়ি খরচ দেবে জালালাবাদ’ শিরোনামে ‘প্রথম আলো’য় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সরকারি দলের চিফ হুইপ মো. আব্দুস শহীদের ছোট ভাইয়ের নেতৃত্বে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। আজ রোববার সন্ধ্যার পর এ বিক্ষোভ হয়।একই সময়ে উপজেলার ভানুগাছ, মুন্সীবাজার ও শমশেরনগরে বিক্ষোভে আওয়ামী লীগ, যুুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল শেষে প্রতিবাদ সভার পর একটি স্থানে ‘প্রথম আলো’র কয়েকটি কপি পোড়ানো হয়।প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্র জানায়, যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার কমলগঞ্জে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিফ হুইপের ভাই মোসাদ্দেক আহমদ মানিক। তিনিসহ দলীয় নেতা-কর্মীরা ‘গ্যাস যাবে চিফ হুইপের বাড়ি, খরচ দেবে জালালাবাদ’ শিরোনামে ‘প্রথম আলো’য় প্রকাশিত সংবাদের নিন্দা জানান। পরে সন্ধ্যা সাতটার দিকে চিফ হুইপের ছোট ভাই মানিকের নেতৃত্বে কমলগঞ্জের ভানুগাছ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। একই সময়ে চিফ হুইপের গ্রামের বাড়ি মুন্সীবাজার বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ‘প্রথম আলো’র কয়েকটি কপিতে আগুন ধরিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শমশেরনগর বাজারে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলে ‘সত্য সংবাদ প্রকাশ করো, মিথ্যা সংবাদ বর্জন করো...চিফ হুইপ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই...’ বলে স্লোগান দেওয়া হয়।মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী জানান, আসলে চিফ হুইপের পরিবার থেকে এ ধরনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার অনুরোধ জানানো হয়। তাই বাধ্য হয়ে তাঁরা এসব করছেন। এ ব্যাপারে কমলগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা কোনো কথা বলতে রাজি হননি।রাতে যোগাযোগ করা হলে প্রকাশিত সংবাদের জন্য ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপের ছোট ভাই কমলগঞ্জ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসলে এটি একটি উন্নয়নমূলক কাজ। মুন্সিবাজার এলাকার মানুষজনের দীর্ঘদিনের দাবি, সেখানে গ্যাস-সংযোগ দেওয়া হোক। গ্যাস-সংযোগ হলে চিফ হুইপের বাড়ির একা উপকার হচ্ছে না। আশপাশের এলাকার উপকার হবে। এভাবে সংবাদ প্রকাশে উন্নয়ন ব্যাহত হতে পারে। এ জন্য মানুষ ক্ষুব্ধ।’