চির অম্লান থাকবে তাঁর সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির মর্মে মিশে আছে তাঁর সৃষ্টি করা অজয় অক্ষয় সুর। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ একুশের গানের সুরস্রষ্টা মহান মুক্তিযুদ্ধে শহীদ বহুমাত্রিক ব্যক্তিত্ব আলতাফ মাহমুদের ৭৮তম জন্মদিন ছিল গতকাল ২৩ ডিসেম্বর। স্মৃতিচারণা, পদক বিতরণ, তাঁর সুরারোপিত গান ও প্রামাণ্যচিত্র দিয়ে সাজানো অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করেছে তাঁকে। অনুষ্ঠানে আলোচকেরা বলেছেন, বাঙালির স্মৃতিতে অম্লান থাকবে তাঁর সুর।শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে বিকেলের এই অনুষ্ঠান শুরু হয়েছিল আলতাফ মাহমুদের প্রতিকৃতিতে উদীচীর নেতাদের পুষ্পস্তবক নিবেদন ও প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি গোলাম মোহাম্মদ।অনুষ্ঠানের শুরুতে ছিল পদক প্রদান। শহীদ আলতাফ মাহমুদ ফাউন্ডেশন বিশিষ্ট সংগীত পরিচালক ও সুরকার আলম খানকে ‘আলতাফ মাহমুদ পদক’ প্রদান করে। আলম খানের জীবনী পাঠ করেন আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ। পদক পাওয়ার প্রতিক্রিয়ায় আলম খান ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত আলতাফ মাহমুদের সান্নিধ্যে কাজ করার অভিজ্ঞাতার স্মৃতিচারণা করে বলেন, সংগীত পরিচালনার কাজটি তাঁর কাছ থেকেই শিখেছেন। একটি গানের বাণীকে সুরের মাধ্যমে কত তাৎপর্যপূর্ণ করে তোলা যায়, এর আবেদন কত গভীর করে তেলা যায়, একুশের গানটিই তার প্রমাণ।পরে আলোচনা পর্বের সূচনায় আলতাফ মাহমুদের জীবনী পাঠ করেন বেলায়েত হোসেন। উদীচীর সম্পাদক হাবিবুল আলম বলেন, নতুন প্রজন্মের কাছে আলতাফ মাহমুদের অবদান তুলে ধরতে এখন থেকে প্রতিবছর উদীচী তাঁর জন্মদিন পালন করবে।লিনু বিল্লাহ ও খায়রুল আলম বিল্লাহ তাঁদের ভগ্নিপতি আলতাফ মাহমুদের মুক্তিযুদ্ধের সময়ে ভূমিকা, বিশেষ করে পাকিস্তানি সেনারা তাঁদের আটক করে যে নির্যাতন চালিয়েছিল, তার বর্ণনা দেন। আলতাফ মাহমুদ প্রচণ্ড নির্যাতন সহ্য করেও ছিলেন অটল, নির্ভীক। মুক্তিযোদ্ধাদের কোনো তথ্য তিনি দেননি।আখতার হুসেন স্মৃতিচারণা করে বলেন, তিনি ছিলেন দরদি মনের মানুষ। যে কাজ করতেন, তাতে মন-প্রাণ ঢেলে দিয়ে গভীর নিষ্ঠার সঙ্গে করতেন।আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খান (বাদল খান) বলেন, আলতাফ মাহমুদ ছিলেন বহুমাত্রিক ব্যক্তিত্ব—শিল্পী, সুরকার, সংগীত পরিচালক, সংগঠক ও মুক্তিযোদ্ধা। একজন দৃঢ়চেতা মানুষ হিসেবেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন। শোষণ-বঞ্চনার প্রতিবাদ এবং সমাজে সাম্য প্রতিষ্ঠার যে আদর্শ তিনি ধারণ করেছেন, তা ভাবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকবে।মতিউর রহমান বলেন, তিনি ১৯৪৯ থেকে মাঠে-গ্রামে গণসংগীত পরিবেশন করে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেছেন, তা অতুলনীয়। মুসলিম লীগের পতন ও ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে গণসংগীতের যে অবদান, সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সব সময় গণমানুষের সঙ্গে থেকেছেন, সংগ্রামী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। মাত্র কুড়ি বছর বয়সে তিনি একুশের গানে যে সুর করেছেন, তা বিস্ময়কর। তিনি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন। দেশেকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই তাঁর প্রতি যথার্থ সম্মান জানানো হবে।নাসির উদ্দীন ইউসুফ শহীদ আলতাফ মাহমুদকে মাহাকাব্যের নায়কের সঙ্গে তুলনা করে বলেন, বিপুল কর্মকাণ্ডে বর্ণাঢ্য তাঁর জীবন এবং তারপর বীরের মতোই তাঁর মৃত্যু। তাঁর জীবন শেষ হয়েছে, কিন্তু কর্ম ও অর্জনের মধ্য দিয়েই তিনি অমরত্ব লাভ করেছেন।আলফাত মাহমুদকে নিয়ে সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের একটি রচনা পাঠ করেন তামান্না তিথি। শাওন মাহমুদ স্বাধীনতার ৪০ বছর পরে হলেও এই প্রথমবার তাঁর বাবাকে নিয়ে আলতাফ মাহমুদ ফাউন্ডেশনের বাইরের কোনো সংগঠন অনুষ্ঠান আয়োজন করায় উদীচীকে ধন্যবাদ জানান।সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয়েছিল জাতীয় কবি কাজী নজরুল ইসামের বিদ্রোহী কবিতায় আলতাফ মাহমুদের সুরারোপ করা গানের সঙ্গে উদীচীর শিল্পীদের সমবেত নৃত্য দিয়ে। পরে উদীচীর শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘ঘুমের দেশে ঘুম ভাঙাতে ঘুমিয়ে গেল যারা’। চন্দন চৌধুরী পরিবেশন করেন ‘জয় সত্যের জয়’, এম এ মমিন শোনান ‘রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি’। একক কণ্ঠে আরও সংগীত পরিবেশন করেন শিমূল ইউসুফ। শেষে ছিল সেন্টু রায় নির্মিত প্রামাণ্যচিত্র আলতাফ মাহমুদ-এর পরিবেশনা।