চির-নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ
‘রাত্রি হল ভোর।/ আজি মোর/ জন্মের স্মরণপূর্ণ বাণী,/ প্রভাতের রৌদ্রে-লেখা লিপিখানি/ হাতে করে আনি/ দ্বারে আসি দিল ডাক.../ উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে।/ মোর চিত্ত-মাঝে/ চির-নূতনেরে দিল ডাক/ পঁচিশে বৈশাখ।’আজ ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সালের ৭ মে) তিনি জন্মগ্রহণ করেন। ১৫০ বছর হতে চলল তাঁর জন্মের, লোকান্তরিত হয়েছেন সেও প্রায় ৭০ বছর হতে চলল; কিন্তু বাঙালির জীবন ও মানসে তাঁর উপস্থিতি প্রতি মুহূর্তে এতই দেদীপ্যমান যে মনেই হয় না তিনি নেই। তাঁর জন্মদিন বাঙালির কাছে পরিণত হয়েছে আনন্দ উৎসবের দিনে। আজ শনিবার সেই উৎসব পালিত হবে সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আনন্দঘন পরিবেশে। ১৫০ বছর হতে চলেছে বলে এবারের আয়োজনের ব্যাপকতা অনেক।রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই তাঁর জন্মদিনের কবিতায় লিখেছিলেন, ‘ছোট ছোট জন্মমৃত্যুর সীমানায়/ নানা রবীন্দ্রনাথের একখানা মালা’ গাঁথার কথা। প্রকৃতই বহু ফুলের সুনিপুণ সংযোজনে যেমন মালা গাঁথা হয়, তেমনি শিল্প-সাহিত্যের বিভিন্ন শাখায় অতুলনীয় প্রতিভা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে তিনি এমন এক মালা গেঁথে রেখে গেছেন, যা যুগ যুগ ধরে বাঙালিকে একাধারে বিমুগ্ধ ও বিস্মিত করে রেখেছে। মুগ্ধ তাঁর সৃষ্টির সঙ্গে পরিচিত বিদেশিরাও।রবীন্দ্রনাথ বাংলা ভাষায় সাহিত্য রচনা করে একে বিশ্বমর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আধুনিক বাঙালির রুচি ও মানস গঠিত হয়েছে তাঁর হাতেই। কবিতা, সংগীত, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, চিত্রকলা, চিঠিপত্র থেকে শিশুতোষ রচনা, অভিভাষণ মিলিয়ে তাঁর বিপুল বৈচিত্র্যময় রচনাসম্ভার কেবল বাঙালির অমূল্য সম্পদই নয়, বিশ্বসাহিত্যেরও গৌরবময় ঐশ্বর্য। শিক্ষা বা পল্লি উন্নয়নের মতো বিষয় নিয়ে তাঁর সাংগঠনিক কর্মকাণ্ডও স্বকীয়তায় বিশিষ্ট। সবকিছু ছাপিয়ে আছে তাঁর শান্তি, মানবকল্যাণ ও শ্রেয়বোধের প্রতি সুগভীর প্রত্যয় ও নিরন্তর কামনা। একেই তিনি নানা রূপে ছড়িয়ে দিয়েছেন তাঁর বহুমাত্রিক সৃজনকর্মে। ১৯১৩ সালে তাঁর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। যে গীতাঞ্জলির জন্য তাঁর এই নোবেল পুরস্কার অর্জন, সেই গীতাঞ্জলি এবং আরও অনেক বিখ্যাত রচনা বর্তমান বাংলাদেশের মাটিতেই। পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতীর স্রোতধারা, পূর্ব বাংলার নিসর্গ, গ্রামীণ জনসাধারণের জীবনাচার তাঁর কবিমানস গঠনে রেখেছিল সুদূরপ্রসারী ভূমিকা। সে কারণেই বাংলার তো বটেই, রবীন্দ্রনাথ একইভাবে বাংলাদেশেরও। তাঁর মৃত্যুর বহু পরে জন্ম নেওয়া বাংলাদেশের জাতীয় সংগীত তাঁরই লেখা। কবিগুরু নিজেও বলেছেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক,/ আমি তোমাদেরই লোক,/ আর কিছু নয়—/ এই হোক শেষ পরিচয়।’যাবতীয় মানবিক আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা, অভিব্যক্তির অতুলনীয় প্রকাশ ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায়। বাঙালির সব আন্দোলন সংগ্রামে, সমস্যা সংকট, বিশেষত মুক্তিযুদ্ধে তাঁর গান, কবিতা জুগিয়েছে সাহস ও প্রেরণা।বাণী: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। তাঁরা বাণীতে কবির অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, ‘আমাদের চিন্তা ও চেতনার সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তাঁর জীবনাদর্শ ও জনকল্যাণমুখী কর্মকাণ্ড জনমানুষের সামনে তুলে ধরা জাতীয় কর্তব্যের অংশ। আমাদের মননে তাঁর ব্যঞ্জনাময় উপস্থিতি মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরতন্ত্র প্রতিরোধে বাঙালির জয়রথকে চিরকাল অগ্রসরমাণ রাখবে।’কর্মসূচি: বরাবরের মতো এবারও জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী পালিত হবে। ঢাকা ছাড়াও রবীন্দ্র স্মৃতিধন্য কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওগাঁর পতিসর ও খুলনার দক্ষিণ ডিহিতে হবে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। ঢাকায় আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শিল্পকলা একাডেমী: এ ছাড়া জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার অংশ হিসেবে শিল্পকলা একাডেমীর আয়োজনে জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যায় শুরু হবে তিন দিনের অনুষ্ঠানমালা। আজ থাকবে সংগীত, আবৃত্তি ও নৃত্যনাট্য চিত্রাঙ্গদা পরিবেশনা। শনি ও রোববারও এখানে থাকবে সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান।বাংলা একাডেমী: বাংলা একাডেমীতে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ বিকেল সাড়ে চারটায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিল্পী কলিম শরাফী ও অধ্যাপক সনিজদা খাতুনকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হবে। মূল প্রবন্ধ পড়বেন মনজুরে মওলা। সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।চ্যানেল আই: চ্যানেল আই তাদের তেজগাঁওয়ের কার্যালয়ে সকাল থেকে দিনভর ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’র আয়োজন করেছে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বেলা ১১টায় রমনা উদ্যানের স্টারগেট (মৎস্য ভবনসংলগ্ন) থেকে শোভাযাত্রা বের করবে। জাতীয় গণতান্ত্রিক লীগ ও সাধনা সংসদ পুরানা পল্টনের মুক্তি ভবনে বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করেছে।