চিরচঞ্চল বানর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো চিড়িয়াখানায় গেলে লক্ষ করবেন, যে প্রাণীর খাঁচার সামনে ছেলে-বুড়োর ভিড় সবচেয়ে বেশি, সেটি হচ্ছে বানর। ছোট একটি মানবশিশু আকৃতির লেজওয়ালা চিরচঞ্চল প্রাণীটির লম্ফঝম্ফ, বুদ্ধির প্রয়োগ, স্ফূর্তির মধ্যে যেন মানুষ নিজেকেই খুঁজে পায়। শারীরিক গড়নে মানুষের সঙ্গে যথেষ্ট মিল থাকায় অনেক গবেষণাগারে বানর ব্যবহূত হয়েছে। মহাকাশও ঘুরে এসেছে বানর।বানর বা লাল বান্দর (Macaca mulatta) নামের প্রাণীটি দেশের প্রায় সব ধরনের বনভূমি, গ্রামীণ বন ও কিছু কিছু শহর-বন্দর এলাকায় বিস্তৃত ছিল। কিন্তু বন ধ্বংস এবং গত শতাব্দীর ষাটের দশকে বিপুলসংখ্যক বানর বিদেশে বৈজ্ঞানিক গবেষণার জন্য রপ্তানি করায় এর সংখ্যা ভয়ানকভাবে কমে যায়। বর্তমানে বাংলাদেশের সুন্দরবন, মধুপুর গড়, জামালপুর ও ভাওয়াল গড়ের রাজেন্দ্রপুর, সিলেটের মিশ্র চিরসবুজ বন, চা-বাগান ও খণ্ড বন, পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনে বানর দেখতে পাওয়া যায়। এ ছাড়া পুরান ঢাকা, মাদারীপুরের কুলপুদ্দি, শ্রীপুরের বরমী বন্দরেও বানরের কয়েকটি দল আছে।মাঝারি আকারের এই বানর আঁটসাঁট গড়নের, হাত-পায়ের দৈর্ঘ্য সমান। মাথা ও দেহের মাপ ৪৫ সেন্টিমিটার। লোমশ লেজ ২১ সেন্টিমিটার। ওজন পাঁচ থেকে আট কেজি। স্ত্রী-বানর অপেক্ষাকৃত হালকা-পাতলা, ওজন চার থেকে পাঁচ কেজি।দেহের লোমের সাধারণ রং বাদামি, পিঠের ও সামনের দিককার রং ধূসর বাদামি, পেছনের দিকটা লালচে, বুকের রং ময়লা-সাদা। লোমহীন মুখের রং ফ্যাকাশে লাল। তবে মিলনঋতুতে লালচে হয়ে যায়। মিলনঋতুতে স্ত্রী-বানরের প্রজনন এলাকা লাল হয়ে ফুলে ওঠে। এদের বুড়ো আঙুল তর্জনীর উল্টো দিকে হওয়ায় এরা মানুষের মতো হাতের ব্যবহার করতে পারে। এদের নখও মানুষের নখের মতো।বানর দলগত প্রাণী। বহুপুরুষশাসিত দলে এরা জীবন যাপন করে। তবে দলনেতা একজন হোঁতকা পুরুষ-বানর। আপনি একটি বানরের দল দেখলে সহজেই বুঝতে পারবেন, পালের গোদা কে। যে বানরটি লেজ খাড়া করে উঁচিয়ে চলাফেরা করে, সে-ই দলপতি। বন্য অবস্থায় বানরের দল ছোট হয়। ৫ থেকে ১৫টি বানর মিলে দল গড়ে। তবে শহর বা গ্রামীণ বনে ২০-৩০টি মিলে দল গড়ে। বানরের দলনেতা একেবারে স্বৈরাচারী। প্রাকৃতিক অবস্থায়ই হোক অথবা চিড়িয়াখানায়, খাবার আবিষ্কার করা হলে সে-ই সবার আগে খাবে, অন্যরা অপেক্ষা করবে। নেতার খাওয়া শেষ হলে সে কিছুটা খাবার গলার থলিতে পুরে নিয়ে নিরিবিলিতে গিয়ে বসবে এবং পরে বের করে খাবে। প্রাকৃতিক শত্রুর কারণে বানরকে খাবার সংগ্রহ বা চুরি করতে হয় অত্যন্ত দ্রুত। গলার থলিতে এ জন্যই খাবার রাখার ব্যবস্থা আছে।দু-তিন বছরের বেশি কোনো বানর দলনেতা থাকতে পারে না। কারণ তত দিনে দ্বিতীয় শক্তিধর সোমত্ত পুরুষ-বানর দলপতিকে হারিয়ে দিয়ে তাকে দল থেকে তাড়িয়ে নিজেই দলপতি হয়। পরাজিত দলপতির প্রতি কারও সহানুভূতি থাকে না। সে একাকী জীবন যাপন করে।হনুমানের মতো বানরের নতুন দলপতি স্ত্রী-বানরকে ঋতুমতী করার জন্য বাচ্চা মেরে ফেলে কি না, সেটা নিশ্চিত বলা যায় না। সুন্দরবনে একবার একটি খলসে গাছে পরিত্যক্ত একটি বানরছানা দেখেছিলাম। জলপাইগুড়ির গরুমারা বনে মাটিতে উপুড় হয়ে পড়ে থাকা আধমরা একটি শিশুবানর দেখারও দুর্ভাগ্য হয়েছে। সাধারণত বানরমাতা শিশুর ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর। কোনো ভয়াবহ ঘটনা না ঘটলে বানরমাতা শিশুদের ছেড়ে যাবে না।শহরে খাবার কম পাওয়া যায় বলে শহুরে বানরেরা খাবার আয়ত্তে আনার সময় প্রায়ই মারামারি করে। সাধারণত দাঁত খিঁচিয়ে ভয় দেখানোর মধ্যেই এটা সীমিত থাকে। তবে পূর্বশত্রুতাবশত কামড়াকামড়ি করতে পারে। প্রাকৃতিক পরিবেশে খাবার নিয়ে ঝগড়া তেমন হয় না। শীতের শুরুতে এদের মিলনঋতু শুরু হলে ঋতুমতী স্ত্রী-বানরের কর্তৃত্ব নিয়ে ভয়ানক মারামারি বেধে যায়। সুন্দরবনে নভেম্বর মাসে বানরের এ ধরনের মারামারি কয়েকবার দেখেছি।বানর দিবাচারী প্রাণী। এদের ঘ্রাণক্ষমতা সাধারণ হলেও দৃষ্টি ও শ্রবণশক্তি অত্যন্ত তীক্ষ। সকাল, বিকেল বা দিনের অন্য সময় মেঘলা দিন হলে বানরের দল খাবারের সন্ধানে ও সংগ্রহে ব্যয় করে। অন্য সময় গাছের ডালে বসে পরস্পরের চামড়া খুঁটে দেয়। বানর খাদ্য খোঁজার বড় একটা সময় মাটিতে কাটায়।মারাত্মক বিপদ দেখলেই গোদা বানর চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। অন্যরাও তাকে অনুসরণ করে। তবে বিপদের মাত্রা কম হলে আর বিশ্রামরত থাকলে প্রহরী বানর খুক্ খুক্ শব্দ করে সতর্কবার্তা পৌঁছে দেয়। বিশ্রামরত অবস্থায় অনেক সময় উ-উ সুর তুলে গানের মতো শব্দ করে।জংলি বানর অত্যন্ত লাজুক হলেও শহুরে বানর বেশ আক্রমণাত্মক। মধুপুরের বনে লালচে হনুমানকেও দেখেছি বানরের উৎপাতে ভেগে যেতে।বানর ৮০-৯০ শতাংশ উদ্ভিদভোজী। বাকি খাবার কীটপতঙ্গ, পাখির ডিম, ছানা, কাঁকড়া, মেনোমাছি, কাকলাশ ইত্যাদি। বানরের ঋতুচক্র ২৮ দিনের। গর্ভধারণকাল ১৬৪-১৮০ দিন। পুরুষ-বানর সোমত্ত হয় চার-পাঁচ বছরে, মেয়েরা তিন-সাড়ে তিন বছরে। প্রকৃতিতে বাঁচে ২০ বছর। মানুষের মতো বানরের দাঁতও ৩২টি।