চিরনূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাঙালির সৃজন ও মননের জ্যোতির্ময় প্রতীক; রুচি ও মানসের প্রধান নির্মাতা। প্রায় একক চেষ্টায় বাংলা সাহিত্যকে তিনি আধুনিকতায় উজ্জ্বল করে তুলেছেন; প্রতিষ্ঠা দিয়ে গেছেন বিশ্বসাহিত্যের সারিতে। তিনি বাঙালির প্রাণের মানুষ। প্রবল অনুরাগ ও অকুণ্ঠ শ্রদ্ধার আসনে বাঙালির প্রাণে তাঁর অধিষ্ঠান। সুখে ও সংগ্রামে, বেদনা ও উদ্যাপনে কোথায় তিনি নেই! গগন আলো করা রবির মতোই সবখানে তিনি দীপ্যমান। তাঁর চোখ দিয়ে বাঙালির স্বদেশ ও সংস্কৃতির স্বরূপ-দর্শন; তাঁর দৃষ্টি দিয়েই বাঙালির বিশ্ববীক্ষা। আজ পঁচিশে বৈশাখ, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এবার তাঁর সার্ধশততম জন্মবর্ষ।বহু দিন থেকেই রবীন্দ্রনাথের জন্মদিন বাঙালির জীবনে এক আনন্দঘন উৎসবের উপলক্ষ। এবার সে উৎসবে যুক্ত হয়েছে বিশেষ মাত্রা। বিপুল উদ্দীপনায় বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ উদ্যোগে এবারই প্রথম পালিত হচ্ছে কবির জন্মতিথি। গত শুক্রবার বাংলাদেশে রবীন্দ্রজয়ন্তীর সরকারি কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সম্মানিত অতিথি হয়ে এসেছিলেন ভারতের উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি। অতিথি হয়ে আরও এসেছেন ভারতের প্রথিতযশা সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক। একইভাবে কাল দিল্লিতে শুরু হয়েছে ভারতের কর্মসূচি। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নেতৃত্বে সেখানে গেছে বাংলাদেশের প্রতিনিধিদল। রাজধানীসহ সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে সরকারি উদ্যোগে পালিত হচ্ছে কবিকে নিয়ে বিস্তারিত কর্মসূচি। কবির স্মৃতিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, খুলনার দক্ষিণডিহি ও নওগাঁর পতিসরে চলছে জাতীয় পর্যায়ের অনুষ্ঠান।রবীন্দ্রনাথের আদি বাড়ি ছিল খুলনায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে সম্প্রতি সেই আদি বাড়ির সন্ধান পেয়েছে। সেখানে প্রত্নখনন চলছে। পিঠাভোগেও এবার হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান।রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১২৬৮ বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ। কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুর পরিবার তখন মান-মর্যাদায় এবং বুদ্ধি ও কলাচর্চায় খ্যাতির মধ্যগগনে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর-সারদা দেবী দম্পতির চতুর্দশ সন্তান তিনি। আভিজাত্যের সঙ্গে উদারতা মিলেছিল তাঁদের পারিবারিক ঐতিহ্যে। এই পরিবেশ শৈশবেই মুক্ত করে দিয়েছিল তাঁর মন। পরে বিশেষত বাংলায় পদ্মা, মেঘনা, যমুনা, ইছামতীতে নৌকাভ্রমণের মধ্য দিয়ে বাংলার নিসর্গ ও নদীবর্তী সাধারণ মানুষের জীবনযাত্রার প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর ভেতরে জাগিয়ে তুলেছিল প্রকৃতি ও মানুষের প্রতি অপার ভালোবাসা। বিচিত্র দেশ ভ্রমণ, সমকালীন ঘটনাবলির তীক্ষ পর্যবেক্ষণ এবং বিজ্ঞান, দর্শন, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের অগ্রগণ্য ব্যক্তিত্বদের সংস্পর্শ তাঁর চিন্তা-চেতনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে এক সর্বমানবিকতার পথে নিয়ে গিয়েছিল। রোমান ক্যাথলিক সন্ন্যাসী ব্রহ্মবান্ধব উপাধ্যায় ‘বিশ্বকবি’ উপাধিতে তাঁকে যথার্থ মর্যাদায় ভূষিত করেছিলেন।১২৮১ সনে (মতান্তর আছে) তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত ‘অভিলাষ’ তাঁর প্রথম মুদ্রিত কবিতা। এরপর একদিন ঘটল নির্ঝরের স্বপ্নভঙ্গ। ‘জাগিয়া উঠিল প্রাণ’। সেই প্রাণের স্পর্শে পরশপাথরের মতো সোনালি হয়ে উঠল বাংলা সাহিত্য। তিনি যেখানে হাত দিয়েছেন, সেখানেই ফলেছে সোনা—কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সংগীত, ভ্রমণকাহিনি, চিঠিপত্র, সমালোচনা, চিত্রকলা। কী ছিল তাঁর সাধনার লক্ষ্য? জীবনের অন্তিমে উত্তর দিয়েছিলেন, ‘আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন-/ সত্যের দারুণ মূল্য লাভ করিবারে’।বিপুল তাঁর রচনা, বিচিত্র তাঁর বিষয়। যেমন সাংগঠনিক কর্ম, তেমনই সামাজিক উদ্যোগেও তিনি ছিলেন অগ্রণী। কৃষক ও পল্লি উন্নয়নের কথা ভেবে চালু করেছিলেন কৃষিঋণ-ব্যবস্থা। ভেবেছেন শিক্ষা নিয়ে। প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতী। জালিয়ানওয়ালাবাগে দেশবাসীর ওপর চালানো ব্রিটিশ সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে ত্যাগ করেছিলেন নাইটহুড খেতাব। ঔপনিবেশিক বাংলা তথা ভারতে তাঁর মতো মহীরুহের জন্ম রীতিমতো বিস্ময় জাগায়।১৯১৩ সালে তাঁর নোবেল পুরস্কার প্রাপ্তিতে বিশ্বসাহিত্যে বাংলা ভাষা পায় গৌরবময় সম্মান। ঔপনিবেশিক পাকিস্তানি সরকার যখন সেই রবীন্দ্রনাথকেই নিষিদ্ধ করার ফরমান জারি করল, বাঙালিরা তা মানতে পারেনি। কবির শততম জন্মজয়ন্তীতে এ দেশের মানুষ ফেটে পড়েছেন প্রতিবাদে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির স্বাধিকারের লড়াই থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন আমাদের চেতনার ভিত্তি, প্রেরণার বাতিঘর। জাতীয় মুক্তির লড়াইয়ের মধ্যে রবীন্দ্রনাথ আমাদের আপন হয়ে উঠেছেন। তাঁর গান আজ আমাদের জাতীয় সংগীত। তাঁর প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা তীব্র ও গভীর।কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণী দিয়েছেন। তাঁরা কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রবীন্দ্র জন্মজয়ন্তীর সব কর্মসূচির সাফল্য কামনা করেছেন।এ উপলক্ষে সংবাদপত্রগুলো প্রকাশ করছে বিশেষ সংখ্যা। বেতার এবং সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলো সম্প্রচার করছে বিশেষ অনুষ্ঠানমালা।