বলিউডের চিরসবুজ অভিনেতা ও ফ্যাশন আইকন দেব আনন্দ আর নেই। গত শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।ভারতের বার্তা সংস্থা দ্য প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) দেব আনন্দের স্বজনদের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। পিটিআইয়ের খবরে বলা হয়, কয়েক দিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন দেব আনন্দ (৮৮)। স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্প্রতি তিনি লন্ডনে যান।দেব আনন্দের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন শাবানা আজমি, অমিতাভ বচ্চন, অনুপম খের, শাহরুখ খানসহ অন্যান্য বলিউড তারকা।দেব আনন্দ ১৯৪৬ সালে হাম এক হ্যায় চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন। এরপর আর ফিরে তাকাননি। এ পর্যন্ত শতাধিক ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন। দেব আনন্দের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: মুনিমজি (১৯৫৫), সিআইডি (১৯৫৬), কালা পানি (১৯৫৮), লাভ ম্যারেজ (১৯৫৯), কালা বাজার (১৯৬০), হাম দোনো (১৯৬১) ও গাইড (১৯৬৬)। হাম দোনো গত বছর রঙিন করে নির্মাণ করে পুনরায় মুক্তি দেওয়া হয়।এই বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন দেব আনন্দ। চলতি বছর তাঁর প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাওয়া চার্জশিট ছবিতেও তিনি অভিনয় করেছেন। ২০০৭ সালে বলিউডহাঙ্গামা ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব আনন্দ বলেন, ‘চলচ্চিত্র ও অভিনয় ছাড়া আমি বাঁচব না। যত দিন বেঁচে থাকব, চলচ্চিত্র তৈরি ও অভিনয়ই হবে আমার প্রথম ও শেষ ভালোবাসা।’ চলচ্চিত্রের প্রতি এই ভালোবাসার স্বীকৃতি হিসেবে ২০০১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ লাভ করেন তিনি। এর পরের বছরই ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কারে ভূষিত করা হয়।দেব আনন্দের মৃত্যুতে শোকাহত অনুপম খের টুইটারে লিখেছেন, ‘দয়ালু, সাহসী, উৎসাহদাতা— সর্বোপরি একজন চমৎকার মানুষ ছিলেন দেব আনন্দ। আমরা তাঁর অভাব বোধ করব।’ লেখক সালমান রুশদি লিখেছেন, ‘আমি তাঁর সিনেমা দেখেই বড় হয়েছি। তাঁকে বিদায় বলতে কষ্ট হচ্ছে।’অবিভক্ত ভারতের পাঞ্জাব (বর্তমানে পাকিস্তানের অন্তর্ভুক্ত) এলাকার গুরুদাসপুরে ১৯২৩ সালের ২৬ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দেব আনন্দ। লাহোরে পড়াশোনা করেন তিনি। পরে চলচ্চিত্রে অভিনয়ের জন্যই মুম্বাই চলে যান। ১৯৫৪ সালে অভিনেত্রী কল্পনা কার্তিককে বিয়ে করেন দেব আনন্দ। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দেব আনন্দের ভাই চেতন আনন্দ ও বিজয় আনন্দ চলচ্চিত্র পরিচালক ছিলেন। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শেখর কাপুরের মা শিল কান্ত কাপুর তাঁর বোন। এএফপি।