চিরিরবন্দরের ঘটনায় ৬৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় পুলিশের ওপর জামায়াত-শিবিরকর্মীদের হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় জামায়াত ও শিবিরের স্থানীয় ৬৬ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, ৬৬ জন আসামির মধ্যে গ্রেপ্তার হওয়া আবুল মোমেন ও মোজাম্মেল হকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এতে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ পুলিশের ১৭ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আবদুস সবুরের অবস্থা আশঙ্কাজনক। সিপাহি শাহাদাতের আঘাতও গুরুতর।এদিকে গতকালের এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানাসামা) আসনের সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।মন্ত্রী প্রথম আলো ডটকমকে বলেন, জামায়াত-শিবিরের কোনো রাজনৈতিক আদর্শ নেই। এ ধরনের নৈরাজ্য কোনোভাবেই বরদাশত করা হবে না।দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে তিনি জানান।