চিলাহাটি স্থলবন্দর চালু না হলে আন্দোলন
বারবার প্রতিশ্রুতি মিললেও চালু হচ্ছে না চিলাহাটি স্থলবন্দর। অবিলম্বে ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে সৈয়দপুর বণিক সমিতির পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চিলাহাটি সীমান্ত হচ্ছে বাংলাদেশের নীলফামারী ও ভারতের কোচবিহার জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। আগে চিলাহাটি-হলদিবাড়ী রেলপথ দিয়ে ভারতীয় ট্রেন সৈয়দপুর হয়ে কলকাতার শিয়ালদহে পৌঁছাত। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর ওই ট্রানজিট-সুবিধা বন্ধ হয়ে যায়। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর ওই চিলাহাটি দিয়ে দুই দেশের যাত্রী পারাপারের জন্য একটি চেকপোস্ট চালু রাখা হয়। কিন্তু ২০০২ সালের ২৬ এপ্রিল কোনো প্রকার নোটিশ ছাড়াই আবার বন্ধ হয়ে যায় চেকপোস্টটি।চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু মুছা মাহমুদুল হাসান জানান, ‘কেবল চেকপোস্ট নয়, আমরা পূর্ণাঙ্গ স্থলবন্দর বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। জীবন দিয়ে হলেও বন্দর চাই। নয়তো আন্দোলন আরও শক্তিশালী করা হবে।’ তিনি জানান, অতীতে এ পথ দিয়ে অনেক বিদেশি পর্যটক ভারতের দার্জিলিং ও সিকিম এবং ভুটান, নেপাল এমনকি চীনে যাতায়াত করেছেন। সেই চিলাহাটি এখন বিরান ভূমি।সৈয়দপুর বণিক সমিতিও অনুরূপভাবে চিলাহাটি বন্দর বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানান, চিলাহাটি থেকে সৈয়দপুরের দূরত্ব মাত্র ৫৭ কিলোমিটার। এখানকার ব্যবসায়ীরা ভারত, নেপাল ও ভুটান হতে সেনিটারি, টয়লেট্রিজ, কয়লা, চিনি, চাল, ডাল, মসলাসহ বিভিন্ন ফলমুল আমদানি করে থাকে। অনুরূপভাবে সৈয়দপুর থেকে যায় তৈরি পোশাক-সামগ্রী, কাঁচাপাট, নির্মাণসামগ্রী, সাবান, ইলেকট্রনিকস-সামগ্রীসহ অনেক কিছু। চিলাহাটি স্থলবন্দর চালু হলে এসব পণ্য আমদানি-রপ্তানিতে শতকরা ৩৫ ভাগ পরিবহন-ব্যয় কমে যাবে। বর্তমানে এখানকার আমদানি-রপ্তানিকারকেরা দর্শনা, বেনাপোল, রোহনপুর, সোনামসজিদ, বিরল কিংবা বুড়িমারী স্থলবন্দর ব্যবহার করেন। ফলে আমদানি-ব্যয় বেড়ে যায়।ক্ষুদ্র গার্মেন্টস রপ্তানিকারক সমিতির সভাপতি আকতার হোসেন খান জানান, চিলাহাটি বন্দরটি চালু হলে সৈয়দপুর থেকে খুব অল্প সময়ে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া যাবে এখানকার তৈরি পোশাক। সূত্র জানায়, ১০ এপ্রিল সরকারের নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান সৈয়দপুরে এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, স্থলবন্দরটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে কমপক্ষে পাঁচটি নতুন স্থলবন্দর তৈরির কার্যক্রম শুরু করলেও চিলাহাটি স্থলবন্দর কিংবা চেকপোস্ট কোনোটাই চালু হয়নি।সৈয়দপুর পৌর মেয়র আখতার হোসেন জানান, ‘আমরা নৌ-পরিবহনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি।’ শিগগির বন্দরটি চালু হবে বলে তিনি জানান। ব্যবসায়ীদের সংগঠন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী জানান, অতীতের সরকারগুলোও বারবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু চিলাহাটি বন্দরটি চালু হয়নি। আগামী ডিসেম্ব্বর মাসের মধ্যে বন্দরটি চালু না হলে ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছে।